Cart Total Items (0)

Cart

All Sports India
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক: গত মাসেই ইন্টার মিয়ামিতে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি । দলে যোগ দেওয়ার পর থেকেই খোশ মেজাজে দেখা গেছে আর্জেন্তাইন তারকাকে। একের পর এক গোল করে দলকে লিগ কাপের ট্রফিও তুলে দিয়েছেন তিনি। গত শনিবার নাশভিলের বিরুদ্ধে ইন্টার মিয়ামির জয়ের পর, আবার দ্বিতীয়বার ট্রফি জেতার থেকে মাত্র এক ধাপ দুরে মেসির দল। যদিও এই প্রথমবার দলের হয়ে কোনও গোল করতে পারলেন না তিনি। ইউএস ওপেন কাপের সেমিফাইনাল অতিরিক্ত সময়ে শেষ হয়েছিল ৩-৩ ব্যগোলে। এরপর টাইব্রেকারে ৫-৪ প্রতিপক্ষ সিনসিনাটিকে হারিয়ে ইন্টার মিয়ামি ফাইনালে পৌঁছে গেল। ইউএস ওপেন কাপ হল আমেরিকান সকারের সবচেয়ে গুরুত্বপূর্ন ও প্রাচীন নকআউট প্রতিযোগিতা।

২৭ সেপ্টেম্বর ফাইনালে মিয়ামি মাঠে নামবে সেমিফাইনালের অন্য বিজয়ী দল হিউস্টন ডায়নামোর বিরুদ্ধে। একমাস আগেও মেজর লিগ সকারের শীর্ষে ছিল সিনসিনাটি আর ইন্টার সবার নিচে। মেসি যোগ দেওয়ার আগে পর্যন্ত লিগের ১১টি ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ইন্টার মিয়ামিকে। সেকারণেই চলতি ইউএস ওপেনে সবার নজর সিনসিনাটির ওপর থাকলেও পেনাল্টিতে জয় ছিনিয়ে নেয় ফ্লোরিডার দলটি। মিয়ামির হয়ে খেলতে এসে এই প্রথম এতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে খেললেন মেসি।

লুসিয়ানো আকোস্তার গোলে ১৮ মিনিটে এগিয়ে যায় সিনসিনাটি। দ্বিতীয়ার্ধে ব্রেন্ডন ভাজকুয়েজ ২-০ করেন। মেসি ততক্ষণে একটিও গোলে শট মারতে পারেননি। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে তাঁর আসল খেলা বেরিয়ে আসে। ৬৮ মিনিটে তিনি ফ্রিকিক থেকে ক্রস করেন লিয়োনার্দো কাম্পানার উদ্দেশে। গোল করেন কাম্পানা। তারপর আবার মেসির জাদু। এ বার তাঁর নিখুঁত পাস থেকে কাম্পানার গোলে সমতা ফেরায় মিয়ামি। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।

৯৩ মিনিটে জোসেফ মার্তিনেসের গোলে এগিয়ে যায় মায়ামি। তবে ১১৪ মিনিটে সেই গোল শোধ করে দেয় সিনসিনাটি। ম্যাচ গড়ায় টাইব্রেকারে। মেসি টাইব্রেকারের প্রথম শটে গোল করেন। দুই দলই প্রথম চারটি শটে গোল করে। অবশেষে পঞ্চম শটে মিয়ামির গোলকিপার ড্রেক ক্যালেন্ডার আটকে দেন সিনসিনাটির শট। এর পর মায়ামির বেঞ্জামিন ক্রেমাশি গোল করে দলের জয় নিশ্চিত করেন। মেসি যোগ দেওয়ার পর থেকে এখনও কোনও ম্যাচে হারেনি মিয়ামি।

মিয়ামির ১৮ বছরের ক্রেমাশিকে তাঁর ম্যাচ জয়ী স্পট কিকের পর অভিনন্দন জানিয়েছেন মেসি। একটি সংবাদ মাধ্যমে ক্রেমাশি বলেছেন, ‘‘আমি যেন স্বপ্নের মধ্যে বেঁচে আছি। অনেক সময় আমি বসে ভাবি আমি কোনও দিন কল্পনাও করতে পারিনি যে জায়গায় আজ আমি আছি সেই জায়গায় থাকতে পারবো।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *