Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ ইন্টার মিয়ামির জার্সিতে নিজের নামে স্ট্যান্ড হওয়া নতুন স্টেডিয়ামে গোল করতে লিওনেল মেসির সময় লেগেছে মাত্র ১০ মিনিট। তবে আমেরিকায় এই নু স্টেডিয়ামে প্রথম গোল করার কৃতিত্বটা মেসির নামের পাশে বসেনি। মিয়ামির বিরুদ্ধে সেই গোলটি করেন ম্যাচের ৬ মিনিটে অস্টিন এফসির ডিফেন্ডার গিলেরমো বিরো। তার ঠিক চার মিনিট বাদে দর্শনীয় হেডের গোলে সমতা ফিরিয়ে মিয়ামির সমর্থকদের মন কেড়ে নেন মেসি। গোটা ম্যাচ চলাকালীন মেসির নামে তাঁরা জয়ধ্বনি দিয়ে যান। অবশ্য মেসি গোল করলেও মিয়ামি ম্যাচ জিততে ব্যর্থ হয়। শেষপর্যন্ত সুয়ারেজের গোলে অস্টিন এফসির সঙ্গে ২-‌২ ড্র করেই সন্তুষ্ট থাকতে হয় মেসির মিয়ামিকে।

২৭ হাজার আসন বিশিষ্ঠ নু স্টেডিয়ামে লিও মেসি স্ট্যান্ডে বসা মিয়ামি সমর্থকদের মেসির থেকে আরও একটা গোল দেখতেই পারতেন। তাতে আরও পয়সা উসুল হয়ে যেত। ম্যাচের শেষদিকে, মেসির ট্রেডমার্ক ফ্রিকিক পোস্টে লেগে ফিরে আসায় মিয়ামির জয়টা হাতছাড়া হয়।

গত মরশুমে এমএলএস কাপ জেতার পর ইন্টার মিয়ামির এটাই ছিল মিয়ামির নতুন স্টেডিয়ামে প্রথম হোম ম্যাচ। ম্যাচ শেষে মিয়ামি কোচ জেভিয়ার মাসচেরানো বলেন, ‘‌ এই নতুন স্টেডিয়াম এককথায় অনবদ্য। বিশ্বমানের। দর্শকরাও দুর্দান্ত। পুরো ভরা ছিল গ্যালারি। এমন পরিবেশে খেলার মজাই আলাদা।’‌

মিয়ামির ক্লাবের অংশীদার ডেভিড বেকহ্যামের কাছেও দিনটা ছিল স্মরণীয়। ২০১৩ সালে বেকহ্যাম তাঁর ক্লাবের জন্য মিয়ামিকে বেছেছিলেন। সেটা মনে রেখে বেকহ্যামের প্রতিক্রিয়া, ‘‌ আমি যখন আমেরিকা এসেছিলাম এমএলএসে ২০ বছর আগে, তখন আমার মাথায় একটাই ভাবনা ছিল চ্যাম্পিয়নশিপ জিততে হবে। খেলার মান বাড়াতে হবে। নিজের একটা দল গড়তে হবে, যারা ফুটবলকে এক অন্যমাত্রায় নিয়ে যাবে। ১৩ বছর আগে বলেছিলাম, মিয়ামিই আমার পছন্দ। আমাদের তখন কেউ চিনত না। বড় কোনও নামের ফুটবলার ছিল না। কোনও সমর্থক ছিল না। কোনও নিজস্ব স্টেডিয়াম ছিল না। আর এখন আমি নিজের স্টেডিয়ামে দাঁড়িয়ে আছি। আমরা এমএলএসের চ্যাম্পিয়ন দল। বিশ্বের সবচেয়ে নামী ফুটবলার মিয়ামির দলে। সত্যিকারের স্বপ্নপূরণ বলতে যা বোঝায়, এটা তাই।’‌

নু স্টেডিয়ামে প্রথমবার মেসি পা রাখার আগে থেকে স্টেডিয়ামের একটা আসনও ফাঁকা ছিল না। ডেভিড বেকহ্যাম সহ ইন্টার মিয়ামির বাকি অংশদীররা মাঠে নেমে দর্শকদের উল্লাসের মাঝে হাত নেড়ে মাঠ প্রদক্ষিণ করেন। বাছাই করা সমর্থকদের সঙ্গে গোলের পিছনে ও স্ট্যান্ডে গিয়ে হাত মেলান তাঁরা। ঘুরে আসেন লিও মেসি স্ট্যান্ডে। ম্যাচ দেখতে গ্যালারিতে হাজির ছিলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের তারকা ফুটবলার রোনান্ডো। রিয়েল মাদ্রিদে বেকহ্যামের সতীর্থ ছিলেন তিনি। মিয়ামি ফ্রিডম পার্কের ফিতে কেটে উদ্বোধন করেন এমএলএস কমিশনার ডন গারবেজ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *