অলস্পোর্ট ডেস্ক: প্রশ্নটা সকলের মুখেই ঘুরপাক খাচ্ছে। ফিফা ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খেতাব ধরে রাখতে মাঠে নামবেন কি লিওনেল মেসি? বিশ্বকাপের খেলা শুরু হতে ৬ মাসও দেরি নেই। তবু নিজের খেলার ব্যাপারটা নিয়ে একটা ধোঁয়াশা রেখে দিয়েছেন ফুটবলের রাজপুত্র মেসি।
ফুটবল থেকে কবে পাকাপাকিভাবে অবসর নেবেন ৩৮ বছয় বয়সী মেসি, সেটা একমাত্র তিনিই জানেন। ইন্টার মিয়ামির জার্সিতে ২০২৫ সালটা দারুন কেটেছে তাঁরা। এমএলএস চ্যাম্পিয়নশিপ জেতার পাশাপাশি ২৮ ম্যাচে ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্টের কারণে সর্বোচ্চ গোলদাতা হয়ে গোল্ডেন বুট খেতাব লাভ করেছেন। এমএলএস ফাইনালে অবদানের জন্য তিনি এমএলএস কাপ মোস্ট ভ্যালুয়েবল কাপের স্বীকৃতি পান। মেসি একমাত্র ফুটবলার, যিনি পরপর দুবার এমএলএসে মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের খেতাব লাভ করেছেন। একইসঙ্গে মেসির দুরন্ত ফর্ম দেখে ইন্টার মিয়ামি মেসির সঙ্গে তাদের চুক্তি ২০২৮ পর্যন্ত বাড়িয়ে নিয়েছেন। সেসময় তাঁর বয়স হবে ৪১।
মেসি কি তখনও ক্লাব ফুটবল থেকে খেলা ছাড়বেন? নাকি সৌদি আরবের আল হিলাল বা আল ইত্তিহাদের ব্ল্যাঙ্ক চেকের অফার গ্রহণ করপে সৌদি প্রো লিগে খেলবেন? তার জন্য অপেক্ষায় থাকতে হবে মেসি ভক্তদের। কিন্তু খেলা ছাড়ার পর মেসি কী করবেন, তা নিয়ে অবশ্য কোনও লুকোছাপা নেই কিংবদন্তী ফুটবলারের কথায়। সম্প্রতি এক সাক্ষাতকারে মেসির অকপট স্বীকারোক্তি, ‘ খেলা ছাড়া পর আর যাই করি না কেন, কোচিং করব না। ম্যানেজার ব্যাপারটা খারাপ নয়, তবু কোচিং করার থেকে কোনও ক্লাবের মালিক হওয়া অনেক ভাল। আমি একটা ক্লাবের মালিক হতে চাই। একেবারে গোড়া থেকে ক্লাবের উন্নতিতে কাজ করতে চাই। প্রতিভা তুলে আনাটাই হবে মূল লক্ষ্য। বাচ্চাদের খুঁজে বের করে, তাদের প্রতিষ্ঠিত করে তোলার মজাই আলাদা। সেটা আমি পেতে চাই।’
মেসি অবশ্য সেই ভাবনার বাস্তব রূপ দেওয়ার কাজে হাত লাগিয়েছেন ইতিমধ্যেই। ইন্টার মিয়ামি ক্লাবের সামান্য হলেও অংশীদারিত্ব নিয়েছেন। এছাড়া উরুগুয়ের তারকা লুই সুয়ারেজের তৈরি চতুর্থ ডিভিশনের নতুন ক্লাব ডিপোর্টিভো এলএসএমকে সাহায্য করেন মেসি। তাঁকে পাশে নিয়ে সুয়ারেজের প্রতিক্রিয়া, ‘ ডিপোর্টিভো এলএস আমার কাছে একটা পরিবারের মতো। যাকে ঘিরে স্বপ্ন দেখা শুরু ২০১৮ থেকে। সেদিন শুরু করে আজ সদস্য সংখ্যা ৩০০০য়ে পৌঁছেছে। আমি উরুগুয়ের ফুটবলার হিসেবে দেশের ফুটবলকে কিছু দিতে চাই। যতবেশি ফুটবলার উঠবে, তত ভাল। আমার উদ্দেশ্য পূরণ হবে উরুগুয়েকে আন্তর্জাতিক মানচিত্রে আরও শক্তিশালী করতে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
