Cart Total Items (0)

Cart

All Sports India
লিওনেল মেসি

অলস্পোর্ট ডেস্ক:‌ ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে প্রতিযোগিতামূলক শেষ ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। ভেনেজুয়েলার বিরুদ্ধে বৃহস্পতিবার প্রিওয়ার্ল্ড কাপের ম্যাচে আর্জেন্টিনার ৩-‌০ গোলের জয়ে মেসি করেন ২ গোল। অন্য গোলটি লওতারো মার্টিনেজ। বুয়েনস এয়ারসের এস্তাদিও মোনুমেন্টালে ঘরের মাঠে ৬০ হাজার দর্শকের প্রবল হাততালির মাঝে শেষ সরকারি আন্তর্জাতিক খেলার আগে ও পরে আবেগতাড়িত মেসির চোখে ছিল জলে ভরা। পরিবারের সকল সদস্যরা মাঠে হাজির ছিলেন। ম্যাচ শুরুর আগে লাইনআপে মেসির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে গাল বেয়ে। ম্যাচ শেষে পরিবারের সবাইকে জড়িয়ে ধরেন মেসি আবেগে চোখে জল নিয়েই। সতীর্থরাও মেসিকে জড়িয়ে ধরেন। পরে মেসি বলেন, ‘‌এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখে এসেছি চিরকাল। সেটা পূরণ হল।’‌

এখন সকলের মনেই ঘুরপাক খাচ্ছে প্রশ্নটা। ২০২৬ আমেরিকা, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজিত বিশ্বকাপে মেসিকে কি আর্জেন্টিনার জার্সি গায়ে খেলতে দেখা যাবে?‌ মেসির প্রতিক্রিয়া,‘‌ দেখা যাক। খেলার মাঠে অনেক আনন্দের ও বেদনার স্মৃতি জড়িয়ে আছে। অনেক আবেগঘন মুহূর্ত। আর্জেন্টিনার ঘরের সমর্থকদের সামনে , সতীর্থ ফুটবলারদের সাথে ম্যাচ খেলার অনুভূতিই আলাদা। ম্যাচের পর ম্যাচ খেলা উপভোগ করেছি। তাই এভাবে ঘরের মাঠে খেলা শেষ করতে পেরে খুব ভাল লাগছে। এমনটাই চেয়েছিলাম।’‌

মেসি বলেন, ‘‌ অনেকবছর ধরে বার্সিলোনার প্রতি আমার একটা আলাদা আবেগ ও ভালবাসা ছিল। একইসঙ্গে ঘরের মানুষের সামনে নিজেকে এভাবে মেলে ধরার ইচ্ছাটাও প্রবল ভাবে ছিল। অনেক কথা বলা হয়েছে আমার সম্পর্কে, তবে সেগুলো আর মনে রাখতে চাই না, শুধু ভালগুলো ছাড়া। বিশ্বকাপ জেতার চেষ্টা শুরু থেকেই করে গিয়েছি বিভিন্ন গ্রুপের সঙ্গে। সাফল্য আসতে সময় লেগেছে। অবশেষে এসেছে আমাদের মিলিত চেষ্টায়। ভবিষ্যতেও আসবে।’‌

বৃহস্পতিবার ভেনেজুয়েলা ম্যাচের পর কনমেবল গ্রুপ পর্যায়ে ১৬ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে ২০২৬ বিশ্বকাপে ইতিমধ্যেই যোগ্যতার্জন করেছেন মেসিরা। তবে মেসি কি খেলবেন সেই বিশ্বকাপে?‌ মেসি জানালেন, ‘‌ বিশ্বকাপে খেলার ইচ্ছা সকলের মতো আমারও আছে। কিন্তু দেখতে হবে মন চাইলেও শরীর দিচ্ছে কিনা। আগে যেমন বলেছিলাম, তেমনই বলছি, আর একটা বিশ্বকাপ খেলা মনে হয় সম্ভব হবে না। বয়সের কারণে। সত্যি বলতে কী শরীর সাথ দেবে না বিশ্বকাপের মতো কম্পটিটিভ টুর্নামেন্ট খেলতে। তবে আমরা বিশ্বকাপের দোরগোড়ায় পৌঁছে গেছি। তাই বিশ্বকাপ খেলার একটা ইচ্ছা ও উত্তেজনা জাগছে। তবে যেমন আগেও বলেছি, কীরকম অনুভব করি শেষপর্যন্ত, সেটা একটা একটা করে দিন গেলে বুঝতে পারব। আমি নিজের ও দলের প্রতি সৎ থাকতে চাই। আমি আগে ইন্টার মায়ামির হয়ে মরশুমটা ভাবভাবে শেষ করতে চাই। তারপর প্রিসিজন প্র‌্যাকটিস করব। বিশ্বকাপের আরও ৬ মাস দেরি থাকবে। ২০২৬য়ের এমএলএস সিজন শেষ করে যদি দেখি শরীর দিচ্ছে না, ফর্ম ঠিক নেই,তাহলে বিশ্বকাপে আর না খেলাই ভাল। তবে এখনও কোনও চুড়ান্ত সিদ্ধান্ত নিইনি।’‌

আর্জেন্টিনা প্রিওয়ার্ল্ড কাপের শেষ ম্যাচ খেলবে ইকুয়েডারের বিরুদ্ধে গুয়াকুইলের মাঠে। ওই ম্যাচে খেলবেন না মেসি। তবে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ স্কালোনি চান মেসির জন্য ঘরের মাঠে আর একটা বিশেষ ম্যাচের আয়োজন করতে, যেখানে ফুটবলের রাজপুত্রের বিদায় হবে রাজকীয়ভাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *