Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ বিশ্বজুড়ে একটা জোরালো দাবি উঠেছে ফিফার দরবারে। ১৭০ দেশের ২ কোটি ৩০ লাখ ফুটবল ভক্ত এক অনলাইন পিটিশনে সাক্ষর করে ফিফার কাছে দাবি জানিয়েছে, আর্জেন্টিনাকে আর যেন বিশ্বকাপে খেলতে দেওয়া না হয়। এই পিটিশনে ফুটবল ভক্তদের সইয়ের সংখ্যা বিশ্বে আগের সব পিটিশনের নিরিখে দ্বিতীয় সর্বাধিক। আসলে ফিফা ২০২৬ বিশ্বকাপে স্পেনের কাছে নিউ জার্সির মাঠে আর্জেন্টিনা ফাইনালে হারলেও,আর্জেন্টনাকে ঘিরে বিতর্ক থামছে না। পরোক্ষভাবে ফিফার দিকে আঙুল উঠেছে টুর্নামেন্ট পরিচালনায় স্বচ্ছতা নিয়ে। বিশ্বের অধিকাংশ ফুটবলপ্রেমী মানুষ মনে করেন, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পথে ফিফার ফেভার পেয়েছে। একইসঙ্গে ফাইনালে হারের পর স্পেনের ফুটবলারদের ওপর আর্জেন্টিনার ফুটবলারদের বিশ্রিভাবে চড়াও হওয়ার ঘটনায় সেই ফুটবলপ্রেমীর দল আরও বেশি করে চটেছেন। আর তাতেই দাবি রেখেছেন আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে চিরতরে নির্বাসন দেওয়ার।

পিটিশনের হেডলাইনে লেখা হয়েছে, ‘‌ আর্জেন্টিনা আউট’‌। অর্থাৎ আর্জেন্টিনাকে ছেঁটে ফেলা হোক। ফিফা ও ম্যাচ অফিসিয়ালদের সরাসরি অভিযুক্ত করা হয়েছে ওই পিটিশনে আর্জেন্টিনা ও লিওনেল মেসিকে গোটা বিশ্বকাপে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। মোদ্দা বক্তব্য, আর্জেন্টিনা ও মেসির পক্ষে ফল আগে থেকে ঠিক করাই ছিল। সেক্ষেত্রে অন্য দলগুলোর তো বিশ্বকাপে অংশগ্রহণের কোনও অর্থই থাকে না।

পিটিশনে লেখা হয়েছে, ‘‌ এটা বুঝতে কারও বাকি নেই, ফিফা ও ম্যাচের রেফারিরা লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে বিশ্বকাপে টেনে খেলিয়েছেন। তাহলে বাকি দলগুলোর খেলে কী লাভ, যখন চ্যাম্পিয়ন কে হবে তা যদি আগেই ঠিক করে রাখা থাকে?‌ আর্জেন্টিনাকে বের করে দেওয়া হোক বিশ্বকাপ থেকে, যাতে বাকি দলগুলো চ্যাম্পিয়ন হওয়ার স্বচ্ছ সুযোগ পায়।’‌

পিটিশনে সাক্ষর করা ফুটবল ভক্তদের রাগের কারণ কোনও একটি বিতর্কিত সিদ্ধান্তের কারণে নয়। বরং গোটা বিশ্বকাপ জুড়ে আর্জেন্টিনার ম্যাচে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের নমুনা দেখে পিটিশনকারীদের মনে এই ক্ষোভের বিষ্ফোরণ ঘটেছে। সোসাল মিডিয়া আর্জেন্টিনার ম্যাচে বিতর্কিত ফাউল, গোল বাতিল, পেনাল্টির সিদ্ধান্ত দেওয়া নিয়ে রেফারিদের কাঠগড়ায় তুলেছে। এতে একটা ধারনা তৈরি হয়েছে, আর্জেন্টিনা বুঝি সত্যি সত্যি ফিফার ফেভার পেয়েছে। তবে ফিফা সাফ জানিয়েছে, এসব অভিযোগ ভিত্তিহীন। বিশ্বকাপে আর্জেন্টিনা কেন, কোনও দলকেই বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার প্রশ্ন ওঠে না।

তবে স্পেনের কাছে ফাইনালে হারের পর আর্জেন্টিনার ফুটবলারদের অভব্য ও মারমুখী আচরণ গোটা বিশ্ব দেখেছে। আর তা নিয়ে বিশ্বের মানুষ আর্জেন্টিনা দল ও ফুটবলারদের কড়া শাস্তির দাবি জানিয়েছে। এর মধ্যে অনেকেই আবার আর্জেন্টিনার দেশের ইতিহাসে বর্ণবৈষম্যমূলক আচরণের চারিত্রিক দিকটা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন।

স্পেনের বিশ্বকাপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে প্রকাশ্যেই আর্জেন্টিনার একাধিক ফুটবলারের আচরণের তীব্র সমালোচনা ও নিন্দা করেছেন ম্যাচ শেষে স্পেনের ফুটবলারদের ওপর চড়াও হওয়ার কারণে। তাঁর বক্তব্য, এটা মেনে নেওয়া যায় না। ফিফার উচিত উপযুক্ত তদন্ত করে কড়া ব্যবস্থা নেওয়া।

ফাইনালের আচরণ নিয়ে দোষী আর্জেন্টিনার ফুটবলারদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া নিয়ে তদন্ত ফিফা শৃঙ্খলারক্ষাকারী শুরু করলেও, ফুটবলভক্তদের পিটিশনকে কোনও গুরুত্ব দিচ্ছে না। কারণ এর কোনও আইনি মূল্য না থাকায়, বা কোনও বিশেষ ক্রীড়া সংগঠনের তরফে না আসায়। ফিফা এসব অনলাইন পিটিশনকে গুরুত্ব দিচ্ছে না, সংখ্যাটা যতই বেশি হোক। বিশেষ করে আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন ট্রফি জেতার পর এই পিটিশনের কোনও মানে আছে বলে মনেই করে না ফিফা।

বিতর্ক অবশ্য এখানেই থেমে থাকেনি। একটা পাল্টা পিটিশন দাখিল করা হয়েছে আর্জেন্টিনা সমর্থকদের তরফেও। আর্জেন্টিনার ১ লাখ ৬ হাজার সমর্থক পিটিশনে সাক্ষর করে বলেছেম, স্পেনের বিরুদ্ধে আর্জেন্টিনার ফাইনাল আবার করা হোক। কারণ রেফারি স্পেনকে বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন পক্ষপাতমূলক সিদ্ধান্ত চাপিয়ে দিয়ে। তবে বিশ্বের বাকি দলের ফুটবল ভক্তদের দেওয়া পিটিশনের মতো আর্জেন্টিনার এই পিটিশনকেও গুরুত্ব দিচ্ছে না ফিফা। তবে এই দুটো পিটিশন থেকে একটা ব্যাপার উঠে এসেছে, সেটা হল এর আগে বিশ্বকাপে রেফারির ভুল বা বিতর্কিত সিদ্ধান্তে দলের জয় পরাজয়ে প্রভাব পড়েনি এমন নয়, কিন্তু টুর্নামেন্টে চ্যাম্পিয়নের নাম আগে থেকেই ঠিক করে রেখেছিল ফিফা, এমন অভিযোগ কখনও সামনে আসেনি, যেটা এবার ফিফা ২০২৬ বিশ্বকাপে হয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *