অলস্পোর্ট ডেস্ক: ফিফা ২০২৬ বিশ্বকাপে বল গড়াতে আর ৫ মাস বাকি। প্রতি বিশ্বকাপেই নানা নজির সৃষ্টি হয়। আমেরিকা, কানাডা, মেক্সিকো বিশ্বকাপে তার ব্যতিক্রম হবে বলে মনে হয় না। যার মধ্যে একটা রেকর্ড ভাঙতে পারে বলে মনে করেছেন স্বয়ং মিরোস্লাভ ক্লোজে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপ জয়ী জার্মানি দলের এই স্ট্রাইকারের দখলে রয়েছে ১৬ গোল করার বিশ্বরেকর্ড। সেই গোলসংখ্যা ছাপিয়ে নতুন রেকর্ড গড়ার ক্ষমতা রাখেন লিওনেল মেসি ও কিলিয়েন এমবাপে। বিশেষ করে আধুনিক ফুটবলে পেনাল্টিতে গোল করার প্রবণতা অনেক বেড়েছে।
খেলা থেকে অবসর নেওয়া ৪৭ বছর বয়সী ক্লোজের বিশ্বাস তাঁর সর্বাধিক গোলের খুব তাড়াতাড়ি ভাঙবে। সেটা ২০২৬য়ে হলে অবাক হবেন না। জার্মানির দ্বিতীয় ডিভিশন ক্লাব নুরেমবার্গের কোচের দায়িত্বে আছেন তিনি। ক্লোজের সোজাসাপ্টা প্রতিক্রিয়া, ‘ হয় ২০২৬ বিশ্বকাপে আমার রেকর্ড ভেঙে দেবে লিওনেল মেসি, নইলে পরের বিশ্বকাপে কিলিয়ান এমবাপে।’ ৩৭ বছর বয়সী মেসির এটাই শেষ বিশ্বকাপ, যদি খেলেন। খেললে নিজের সুনাম অক্ষুন্ন রাখতে সেরা দিতেই ঝাঁপাবেন। এমবাপের এখনও অনেকদিন থেলা আছে। সবচেয়ে বড় কথা, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের জার্সিতে বিশ্বকাপ জিতেছেন এমবাপে, ২০২২ কাতার বিশ্বকাপে মেসি। এতে দুই তারকার ওপর আর কোনও বাড়তি চাপ নেই। ২০২৬ বিশ্বকাপটা তাঁরা খোলামনে খেলতে তৈরি। এতে সেরাটা আরও বেশি করে বেরিয়ে আসবে।
এখনও পর্যন্ত মেসি বিশ্বকাপে করেছেন ১৩ গোল, আর এমবাপের পকেটে ১২ গোল। ক্লোজের ঠিক পিছনে বিশ্বকাপে গোল করার নিরিখে পিছনে আছেন রোনাল্ডো নাজারিও(১৫) ও গার্ড মুলার (১৪)। ক্লোজের মতে, তাঁর সময়ের সঙ্গে বর্তমান ফুটবলের অনেক পরিবর্তন হয়েছে। আগে তিনি যখন খেলতেন, তখন তাঁকে পেনাল্টি মারার সুযোগ দেওয়া হত না। কোচেরা একজন বা দু’জন অন্য কোনও ফুটবলারকে পেনাল্টি মারার জন্য বেছে রাখতেন। তাঁদের পেনাল্টি কিক মারা অভ্যাস করাতেন। তিনি যদি সেই সুযোগটা পেতেন, তাহলে তাঁর গোলসংখ্যা আরও বাড়ত। মেসি বা এমবাপে এই সুযোগটা এখন পাচ্ছেন।
গোলস্কোরিং দক্ষতার পাশাপাশি ক্লোজের দখলে রয়েছে আরও একটি বিরল রেকর্ড। সবচেয়ে বেশি বিশ্বকাপ ম্যাচ জেতার রেকর্ড। তিনিই একমাত্র ফুটবলার , যিনি ৪টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছেন। ক্লোজে মনে করেন, ২০২৬ বিশ্বকাপে জার্মানির আক্রমণভাগে নজর কাড়বেন নিউকাসলের জার্সিতে খেলা নিক ওলটেমেড। জার্মানির তারকা ফুটবলারের আক্ষেপ লোনে মিলানে খেলতে গিয়ে চোট পেয়ে বসে যাওয়া স্ট্রাইকার নিকলাস ফালক বার্গকে নিয়ে। ক্লোজে এও বলেছেন, বিশ্বকাপের প্রাথমিক পর্বে কুরাসাও, ইকুয়েডার, আইভরি কোস্টের বিরুদ্ধে লড়াইটা সহজ হবে না। হাড্ডাহাড্ডি এই লড়াইয়ে গোলের যেটুকু সুযোগ আসবে তা কাজে লাগাতে হবে জার্মানির স্ট্রাইকারদের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
