অলস্পোর্ট ডেস্ক: ডার্বি নিয়ে জটিলতা যেন কিছুতেই কাটছে না। দীর্ঘ কয়েক সপ্তাহের টানাপড়েনের পর শেষ পর্যন্ত দিন-ক্ষণ, ভেন্যু নিশ্চিত করা সম্ভব হয়েছে। কিন্তু এবার বিতর্কের কেন্দ্রে টিকিট বিক্রি। আইএসএল ২০২৩-২৪-এর ফিরতি লেগের ডার্বি সময়-সূচি নিশ্চিত হতেই টিকিট নিয়ে শুরু হয় তোড়জোড়। আর সেখানেই দেখা যায় দুই দলের সমর্থকদের জন্য দু’রকম টিকিটের দাম। এবারের ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল এফসি। টিকিটের দামও ধার্য্য করেছে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ। এই বিষয়টি মোটেও ভালভাবে নেয়নি মোহনবাগান ক্লাব। স্বাভাবিকভাবেই এর প্রতিবাদ করেছে ক্লাব কর্তারা। জানিয়ে দেওয়া হয়েছে, ডার্বি বয়কট করছে ক্লাব।
খেলা বন্ধ করা সম্ভব নয়। খেলা হবে। কিন্তু মাঠে থাকবেন না মোহনবাগান ক্লাবের কর্তা, সদস্য ও ফ্য়ানেরা। ক্লাবের তরফে দেবাশিস দত্ত স্পষ্টই জানিয়ে দিলেন, ‘‘যাঁরা শিক্ষিত মানুষ আছেন তাঁরা এটা এক মিনিটে বুঝবেন, এটা আগে কখনও হয়নি যে হোম টিম আর অ্যাওয়ে টিমের টিকিটের দাম আলাদা। এক কথায় ময়দানকে কলুষিত করা হল। এর প্রতিবাদে ক্লাব সিদ্ধান্ত নিয়েছে, আমরা মাঠে যাব না। ক্লাবের তরফ থেকে ডার্বির কোনও টিকিট বিক্রি করা হবে না। ইস্টবেঙ্গলের কাছ থেকে কোনও টিকিটও তোলা হবে না।’’
তিনি আরও বলেন, ‘‘এটা অনভিপ্রেত ঘটনা। ভাবা যায় না যে এত নিচু মনের কোনও সিদ্ধান্ত কোনও ক্লাব নিতে পারে। এক্সিকিউটিভ কমিটির তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। এই প্রতিবাদেই আমরা এই ম্যাচটা বয়কট করব।’’ ইস্টবেঙ্গলের সঙ্গে এই নিয়ে কথা বলেছেন কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘‘আমরা ভিখারি নই।’’ তাহলে কি খালি থাকবে যুবভারতীর একাংশের গ্যালারি? যার উত্তর ম্যাচের দিনই পাওয়া যাবে। তবে মোহনবাগানের এই সিদ্ধান্তের পর ইস্টবেঙ্গল কোনো নতুন সিদ্ধান্ত নেবে কিনা সেটাও দেখার।
মঙ্গলবার ম্যাচের সময় নিশ্চিত হওয়ার পর থেকেই টিকিট নিয়ে খোঁজ খবর শুরু হয়ে যায়। ইস্টবেঙ্গলও টিকিটের বিস্তারিত জানিয়ে দেয়। তখনই সামনে আসে দুই ক্লাবের জন্য দু’রকম টিকিটের দাম। আর তাতেই মোহনবাগানে তৈরি হয় ক্ষোভ। বৃহস্পতিবার দুপুরে প্রেস রিলিজ দিয়ে তাদের ডার্বি বয়কটের কথা জানিয়ে দেয় মোহনবাগান ক্লাব।
একদিকে রাত ৮.৩০টায় ম্যাচ। শেষ হতে হতে রাত ১০.৩০। বাড়ি কীভাবে ফিরবে সেই চিন্তাতেই অনেকে মাঠে যাবেন না। যতই বাড়তি ট্রেন, বাস দেওয়া হোক না কেন, তাও যে যথেষ্ট হবে না সেটা সকলেই জানে। বেশি রাতে খেলার কারণে এমনিতেই টিকিট বিক্রি যে কমবে তা নিয়ে কোনও সন্দেহই নেই। এবার মোহনবাগানের কোনও টিকিট বিক্রি না হলে উত্তেজক ডার্বির গ্যালারি ফাঁকা থেকে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে।
এমনিতে ডার্বির দিনই শাসক দলের ব্রিগেড সমাবেশ। সেই দিন ইস্টবেঙ্গল-মোহনবাগান ম্যাচ করতে চায়নি পুলিশ। কিন্তু আইএসএল আবার এই ম্যাচের দিন পিছতে নারাজ ছিল। প্রথম ডার্বিও পিছিয়ে গিয়েছিল। সব মিলে চলে দীর্ঘ টানাপড়েন। শেষ পর্যন্ত সব পক্ষ ১০ মার্চ, সল্টলেক স্টেডিয়ামে রাত ৮.৩০টায় খেলা করতে একমত হওয়ায় সমস্যা মেটে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
