Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে দল। পর পর জয় চ্যাম্পিয়নশিপের লক্ষ্যটা নতুন করে জাগিয়ে দিয়েছে। এখন লিগ শীর্ষে থেকেই শেষ করতে চাইছেন হাবাস। আর সামনে যখন ডার্বি তখন সেই ম্যাচ জিতেই লিগ পর্বে এক ধাপ এগোতে চাইবে মোহনবাগান কিন্তু তাঁর আগেই সুখবর এল সবুজ-মেরুন ক্লাব তাঁবুতে। ডার্বির একদিন আগেই প্লে-অফের দরজা খুলে গেল মোহনবাগানের সামনে।

ইতিমধ্যেই বেজে গিয়েছে ডার্বির দামামা। তাই সারা বাংলা এখন দু’ভাগে বিভক্ত। এক ভাগের রঙ লাল-হলুদ ও আর এক ভাগের রঙ সবুজ-মেরুন। ছুটির রাতে দু’পক্ষই হয়তো পাশাপাশি বসে দেখবে ডার্বির যুদ্ধ। কিন্তু খেলার শেষে একদলকে হাসতে দেখা যাবে ও আর এক পক্ষ ডুবে যাবে হতাশার কালো আঁধারে। কিন্তু সে নেহাতই সাময়িক। সব আনন্দ-হতাশার পর দুই পক্ষই ফের পরবর্তী ডার্বির জন্য কোমর বাঁধা শুরু করবে। এর নামই ‘বড় ম্যাচ’।  

রবিবার রাতে কাদের মুখে জয়ের হাসি দেখা যাবে, সে তো সময়ই বলবে। কিন্তু চলতি ইন্ডিয়ান সুপার লিগ এমনই এক আকর্ষণীয় পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে যে, ফিরতি ডার্বিতে নামার আগেই প্লে অফে জায়গা পাকা করে ফেলল মোহনবাগান এসজি। শনিবার রাতে হায়দরাবাদ এফসি-র প্রথম জয়ের ফলে টানা চতুর্থবার প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করল সবুজ-মেরুন বাহিনী। এ দিন চেন্নাইন এফসি-কে ১-০-য় হারানোর ফলে লিগ টেবলের যা অবস্থা দাঁড়াল, তাতে লিগ টেবলে পাঁচ থেকে ১১ নম্বর দলের পক্ষে আর মোহনবাগানকে ছোঁয়া সম্ভব নয়।  

শনিবারের এই ম্যাচের আগে পরিস্থিতিটা ছিল অন্যরকম, ডার্বিতে ড্র হলে লিগের প্লে অফে তাদের জায়গা পাকা করে ফেলত সবুজ-মেরুন বাহিনী। এখন আর সেই তাগিদও রইল না তাদের। সামনে শুধু লিগশিল্ড, রবিবার ড্র হলে যে এই স্বপ্ন কিছুটা হলেও ধাক্কা খেতে পারে, এই নিয়ে কোনও সন্দেহ নেই। তাই লিগ টেবলের শীর্ষস্থান দখলের জন্য আন্তোনিও লোপেজ হাবাসের দলের কাছে এই ম্যাচে জয় অবশ্যই দরকার।   

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *