Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ আগেই আইএফএকে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। তারা বুধবারের কলকাতা ফুটবল লিগের মেসারার্স ম্যাচে মাঠে দল নামাবে না। সেটাই করল। মেসারার্স অবশ্য দল নামিয়েছিল নৈহাটি স্টেডিয়ামের মাঠে। টিম লিস্টও জমা করে। সেখানে মোহনবাগান দল না নামানোয় টিম লিস্টের জায়গাটা ফাঁকাই থেকে যায়। রেফারি নিয়মমাফিক অপেক্ষা করে বাঁশি বাজিয়ে মাঠ ছাড়েন।

স্বাভাবিকভাবেই রেফারি ও ম্যাচ কমিশনার রিপোর্টে মোহনবাগানের দল না নামানোটা ওয়াকওভার হিসেবেই উল্লেখ থাকবে। তবে মোহনবাগানের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে মেসারার্স ম্যাচে দল না নামানোয়, তা নির্ভর করবে লিগ কমিটির সিদ্ধান্তের ওপর। সাধারনত এসব ক্ষেত্রে পয়েন্ট কাটা যাওয়ার নিয়ম, কিন্তু গত মরশুমে ডায়মন্ড হারবারের এমনই দল না নামানো ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তার এখনও পর্যন্ত কোনও ফয়সালা হয়নি। আইএফএ গতমরশুমের চ্যাম্পিয়ন ঘোষণা করতে পারেনি, আদালতের আইনি জটে আটকে থাকায়।

এখনও পর্যন্ত কলকাতা প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে ৬ ম্যাচ খেলে মোহনবাগানের পয়েন্ট ১০। এই গ্রুপে আর্মি দল নাম তুলে নেওয়ায় মোহনবাগানের খেলতে বাকি ৫ ম্যাচ। এখন একটা বড় প্রশ্ন সামনে উঠে আসছে, মোহনবাগান কি আদৌ আর বাকি ম্যাচগুলো খেলবে সুপার সিক্সে ওঠার আশা জিইয়ে রাখতে?‌ মোহনবাগান শিবিরের ভেতরের খবর, সবুজ মেরুন ব্রিগেড এখনই কোনও চরম সিদ্ধান্তের পথে হাঁটবে না। তারা অপেক্ষায় থাকবে, মেসারার্স ম্যাচ না খেলার জন্য আইএফএ কি সিদ্ধান্ত নেয়, তার জন্য। আইএফএ এনিয়ে সিদ্ধান্ত জানাতে টালবাহানা করলে, তাদের ভাবনা চিন্তা, একরকম হবে। পয়েন্ট কাটার মতো সিদ্ধান্ত নিলে, মোহনবাগান এসজি আইনের সাহায্য নিতে পারে সুবিচার পেতে।

আসলে আইএফএর অনমনীয় ও কড়া ভাষায় লেখা চিঠিতে মোহনবাগান শিবির প্রচন্ড অসন্তুষ্ট। তারা ৮ আগস্ট থেকে মেসারার্স ম্যাচ স্থগিত রাখার অনুরোধ জানিয়ে আসছিল। ভাঙ্গাচোরা দল নিয়ে লিগের ম্যাচ খেলা সম্ভব নয়, ডুরান্ড কাপের অভিযান শেষ না হওয়া পর্যন্ত। চোট সমস্যার পাশাপাশি যুব দলের একটা বড় অংশ ডুরান্ড কাপের দলে ডেকে নিয়েছেন সিনিয়র দলের কোচ হোসে মোলিনা। কিন্তু আইএফএ তাদের আবেদনে কর্ণপাত করেনি। এমনকি ১৭ আগস্ট ডুরান্ড ডার্বি হচ্ছে জানার পরও মোহনবাগানকে মেসারার্স ম্যাচ খেলতে জোর করা হয়। আইএফএর তরফে এও বলা হয়, ডুরান্ড সেমিফাইনাল বা ফাইনালের আগে কলকাতা লিগের কোনও ম্যাচ দেওয়া হবে না দলের। এটা মোটেই ভাল লাগেনি বাগান টিম ম্যানেজমেন্টের। তারা যদি এবার আইএফএর সঙ্গে সরাসরি সংঘাতের পথে চলে যায়, তাহলে অবাক হওয়ার কিছু নেই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *