Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ কলকাতা ফুটবল লিগের বাকি ম্যাচে মোহনবাগান এসজিকে আর খেলতে নাই দেখা যেতে পারে। বুধবার কলকাতা ফুটবল লিগে মেসারার্সের সঙ্গে ম্যাচ আছে বাগান বাহিনীর। কিন্তু তারা জানিয়ে দিয়েছে, সামনে ডুরান্ড কোয়ার্টারফাইনাল ম্যাচ থাকায়, মেসারার্স ম্যাচ খেলবে না। আইএফএও অনমনীয় ভাব দেখিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্টকে সাফ বলে দিয়েছে, কোনও পরিস্থিতিতেই ম্যাচ স্থগিত রাখা সম্ভব নয়। ম্যাচ অন থাকছে। মোহনবাগান না খেললে লিগের নিয়ম অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।

মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে মেসারার্স ম্যাচটা প্রথমে ১৩ আগস্ট মোহনবাগান মাঠেই হওয়ার কথা ছিল। কিন্তু সেনাবাহিনীর অনুমতি না মেলায় ম্যাচটা আইএফএ সরিয়ে নিয়ে যায় নৈহাটির মাঠে। সবুজ মেরুনের তরফে ৮ আগস্ট চিঠি দিয়ে আইএফএকে জানানো হয়, ম্যাচ যেখানেই হোক, তারা ১৩ আগস্ট দল নামাতে পারবে না। কারণ সামনে ডুরান্ড কাপের কোয়ার্টারফাইনাল ম্যাচ রয়েছে। কলকাতা ফুটবল লিগে যাঁরা লিগে খেলছিলেন, তাঁদের অনেকেই ডুরান্ডের দলে যুক্ত হয়েছেন। তাই ভাঙাচোরা দল নিয়ে আপাতত ডুরান্ড কাপ শেষ না হওয়া পর্যন্ত কলকাতা লিগে খেলা সম্ভব নয়। বাগান ব্রিগেডের সমস্যা অন্য জায়গাতে। কলকাতা লিগের দলে থাকা কিয়ান, সুহেলরা চোট পেয়ে মাঠের বাইরে। দীপেন্দু কলকাতা লিগের ডার্বিতে খেললেও ডুরান্ডের দলে তাঁকে লিগের ম্যাচের জন্য ছাড়তে নারাজ চিফ কোচ হোসে মোলিনা।

আইএফএ সেই চিঠি পেয়ে জানিয়ে দেয়, ম্যাচ পেছানো বা স্থগিত রাখা সম্ভব নয়। কারণ তাতে লিগের বাকি দলগুলো সাফার করবে। একইসঙ্গে লিগ পরিচালনা ধাক্কা খাবে। সূচীতে অনেক বদল ঘটাতে হবে, যা সম্ভব নয়। তাও সোমবার আবার আইএফএকে মোহনবাগান চিঠি দিয়ে বলে, তারা মেসারার্স ম্যাচ খেলতে পারবে না। আইএফএ সচিব অনির্বান দত্ত আরও একবার বাগান টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দেন, মোহনবাগানের অনুরোধ মতো ম্যাচ স্থগিত রাখা সম্ভব নয়। অতীতে মোহনবাগান একদিনের ব্যবধানে কলকাতা লিগ ও ডুরান্ডের ম্যাচ খেলেছে। আর এবার তো ১৩ আগস্ট ম্যাচ খেলার পর ডুরান্ড কোয়ার্টারফাইনাল খেলার জন্য দু’‌দিনের বেশি সময় পাচ্ছে। তাই ম্যাচ বাতিল হচ্ছে না, মোহনবাগান না খেললেও।

এই চরম বার্তা পেয়েও মোহনবাগান না খেলার সিদ্ধান্তে অনঢ়। তাতে এটা বলা যেতে ৬ ম্যাচে ১০ পয়েন্ট অর্জন করা মোহনবাগান যদি লিগের আর কোনও ম্যাচ না খেলে, তাহলে অবনমন বাঁচাতে লড়তে হবে না ঠিকই, তবে সুপার সিক্সে খেলার সম্ভাবনা জোরালো ধাক্কা খাবে। তা নিয়ে বাগান টিম ম্যানেজমেন্ট যে খুব একটা চিন্তিত এমন নয়। কারণ গত মরশুমেও মোহনবাগান সুপার সিক্সে উঠতে পারেনি। চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে ছিল না। আর গত মরশুমের লিগ চ্যাম্পিয়নের ফয়সালা তো এখনও হয়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *