Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বারবার জয়ের কাছে গিয়েও ফিরে আসা ইস্টবেঙ্গলের কাছে কার্যত অভ্যাসে পরিণত হয়েছে। চলতি লিগে দ্বিতীয় ম্যাচ ছাড়া আর কোনও ম্যাচে জিততে পারেনি তারা। গোল করে এগিয়ে যাওয়া সত্ত্বেও বারবার পিছিয়ে পড়ছে অপ্রত্যাশিত ভাবে। যদিও এ জন্য পুরোপুরি খেলোয়াড়দের ওপর দোষ চাপাতে রাজি নন ইস্টবেঙ্গলের কোচ কার্লস কুয়াদ্রাত। তাঁর বক্তব্য, একটা নতুন প্রকল্প হাতে নিয়েছেন তিনি। দলটাকে শক্তিশালী ও ধারাবাহিক করে তুলতে সময় লাগবে। কিন্তু সমর্থকদের প্রত্যাশা পূরণে যে লাগাতার ব্যর্থ হচ্ছে তাঁর দল, এই নিয়েও কোনও সন্দেহ নেই।

সোমবার ঘরের মাঠে মরশুমের পাঁচ নম্বর ম্যাচ খেলতে চলেছে তারা। ঘরের মাঠ তাদের পয়া নয় একেবারেই। চারটির মধ্যে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। এর মধ্যে অবশ্য একটি হোম ম্যাচ তারা খেলেছে ভুবেনেশ্বরে। যুবভারতীতে বাকি তিনটি ম্যাচের মধ্যে একটি জয়, একটি ড্র ও একটি হার। আর যাই হোক, ঘরের মাঠে মোটেই ভাল ফল নয় এটি। তাই ঘরের মাঠেই জয়ের রাস্তায় ফিরে আসার লক্ষ্য নিয়ে সোমবার যুবভারতীতে নামবে লাল-হলুদ বাহিনী।

কিন্তু এই মুহূর্তে যে ফর্মে রয়েছে তাদের প্রতিপক্ষ নর্থইস্ট ইউনাইটেড, তাদের হারানো মোটেই সোজা হবে না কুয়াদ্রাতের দলের পক্ষে। সাতটি ম্যাচে দু’টি জয় ও তিনটি ম্যাচ ড্র করে ন’পয়েন্ট অর্জন করে ফেলেছে তারা। ঢুকে পড়েছে সেরা ছয়ে। প্রথম তিন ম্যাচে তিনটি গোল করার পর চারটি ম্যাচে গোল না পেয়ে ছটফট করছেন তাদের তরুণ ফরোয়ার্ড পার্থিব গগৈ। ইস্টবেঙ্গলের দুর্বল ডিফেন্সে চিড় ধরিয়ে গোলে ফেরার জন্য মরিয়া হয়ে উঠবেনই তিনি। এ ছাড়াও নর্থইস্ট দলে একঝাঁক ভাল বিদেশী ফুটবলার রয়েছেন, যাঁরা দলকে জয়ে ফেরাতে সব সময়ই তৎপর থাকেন। এ রকম একটি দলের বিরুদ্ধে জয়ে ফিরতে গেলে ইস্টবেঙ্গলকে এ পর্যন্ত যে পারফরম্যান্স তারা দেখিয়েছে, তার চেয়েও ভাল পারফরম্যান্স দেখাতে হবে।     

সাম্প্রতিক পারফরম্যান্স

ইস্টবেঙ্গল এফসিমরশুমটা ভাল ভাবে শুরু হলেও আইএসএলের শুরুটা সে রকম ভাল করতে পারেনি ইস্টবেঙ্গল। জামশেদপুরের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে ক্লেটন সিলভা ফর্মে ফেরেন। দলও জয়ে ফেরে। ব্রাজিলীয় তারকার জোড়া গোলে চলতি লিগের প্রথম জয় পায় তারা। বেঙ্গালুরুতে ফের ছন্দপতন হয় তাদের। ২-১-এ তাদের হারিয়ে লিগের প্রথম জয় পায় সুনীল ছেত্রীর দল। হারার মতো না খেলেও হার স্বীকার করতে হয় তাদের। এফসি গোয়ার বিরুদ্ধে ৭৩ মিনিট পর্যন্ত এগিয়ে থাকার পরে দু’মিনিটের মধ্যে পরপর দু’টি গোল খেয়ে ১-২-এ হেরে মাঠ ছাড়তে হয় লাল-হলুদ বাহিনীকে। কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ফের ১-২-এ হারে তারা। এক গোলে পিছিয়ে থাকা অবস্থায় ৮৫ মিনিটে পেনাল্টি থেকে গোলের সুযোগ হাতছাড়া করেন ক্লেটন সিলভা। চেন্নাইনের বিরুদ্ধেও ৮৫ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থাকার পর গোল খেয়ে জেতা ম্যাচ ১-১ ড্র করে লাল-হলুদ বাহিনী। ছয় ম্যাচে পাঁচ পয়েন্ট পেয়ে লিগ টেবলে ন’নম্বরে তারা।

নর্থইস্ট ইউনাইটেড এফসি: ভালয়-মন্দয় মিশিয়ে এ বারের আইএসএল মরশুম চলছে নর্থইস্ট ইউনাইটেডের। ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-র কাছে ১-২ হার দিয়ে লিগ শুরু করে তারা। তবে দ্বিতীয় ম্যাচেই তারা ঘরের মাঠে জয়ে ফেরে চেন্নাইন এফসিকে ৩-০-য় হারিয়ে। পরের দুটি ম্যাচেই ১-১ ড্র করে তারা। পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে ও কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে। ফের জয়ে ফেরে জামশেদপুরের বিরুদ্ধে ২-১-এ। কিন্তু ওডিশায় গিয়ে ফের তারা হারে ০-১-এ। গত রবিবার শেষ ম্যাচে ঘরের মাঠে বেঙ্গালুরুর বিরুদ্ধে ড্র করে তারা। সাত ম্যাচে ন’পয়েন্ট নিয়ে আপাতত ছ’নম্বরে রয়েছে তারা।

দুই শিবিরের খবর 

ইস্টবেঙ্গল এফসিস্প্যানিশ মিডফিল্ডার বোরহা হেরেরা গঞ্জালেস গত ম্যাচে ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি। এই ম্যাচেও তিনি খেলতে পারবেন কি না, সেটাই দেখার। স্প্যানিশ ফরোয়ার্ড হাভিয়ে সিভেরিও ও সেন্ট্রাল মিডফিল্ডার সল ক্রেসপো ভাল ফর্মে নেই। এখন পর্যন্ত কোনও গোল করতে পারেনি সিভেরিও। আইএসএল কেরিয়ারে তাঁর সবচেয়ে খারাপ সময় যাচ্ছে। না গোল করতে পেরেছেন, না অ্যাসিস্ট। তবে স্প্যানিশ ডিফেন্ডার হোসে পার্দো রক্ষণকে ভরসা জোগাচ্ছেন। ফলে গত মরশুমের দুই সেরা গোলদাতা ব্রাজিলীয় স্ট্রাইকার ক্লেটন সিলভা ও নাওরেম মহেশ সিংয়ের ওপরই গোল করার যাবতীয় চাপ। দলের ছ’টি গোলের মধ্যে মহেশ দুটি ও ক্লেটন তিনটি করেছেন, একটি নিজগোল হয়েছে। সিনিয়র ডিফেন্ডার হরমনজ্যোৎ সিং খাবরা, উইঙ্গার নন্দকুমার শেখর, ডিফেন্ডার নিশু কুমার ও গোলকিপার প্রভসুখন গিলদের সেরা ফর্মে ফিরতে হবে। না হলে জয়ে ফেরা কঠিন।  

নর্থইস্ট ইউনাইটেড এফসিএ বারের আইএসএলে এই দলের সবচেয়ে বড় আবিষ্কার ২০ বছর বয়সী পার্থিব গগৈ। বক্সের বাইরে থেকে নিখুঁত শটে একাধিক গোল করেছেন তিনি। এ পর্যন্ত আইএসএলে বক্সের বাইরে থেকে পাঁচটি গোল করেছেন তিনি, যা আর কোনও ভারতীয় ফুটবলার করতে পারেননি। ফলে তিনি যে কোনও সময়ে প্রতিপক্ষের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন। দলের আক্রমণের অন্যতম ভরসা হয়ে উঠেছেন এই তরুণ ফরোয়ার্ড। তবে সাত ম্যাচে তিনটি গোল করা পার্থিব গত চারটি ম্যাচে কোনও গোল পাননি। এই ম্যাচে গোলে ফেরার জন্য নিশ্চয়ই মরিয়া হয়ে উঠবেন। এ পর্যন্ত ১১টি সুযোগ তৈরি করেছেন, পাঁচটি শট গোলে রেখেছেন। তাঁর সঙ্গে সাধারণত নেস্টর আলবিয়াখ ও জিতিন সুবরান আক্রমণে থাকেন। মাঝমাঠ সামলানোর দায়িত্ব গত ম্যাচে ছিল রোমেন ফিলিপোতো, মহম্মদ আলি বেমামের ও গনি আহমেদ নিগমের ওপর। সোমবারের ম্যাচেও এঁদের মাঠে দেখা যেতে পারে।  

পরিসংখ্যান যা বলছে

ইস্টবেঙ্গল তাদের শেষ তিনটি হোম ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছে। এই তিনটি ম্যাচের দুটিতে তারা হেরেছে ও একটিতে জিতেছে। এ মরশুমে ৭৫ মিনিটের পর গোল খেয়ে দু’পয়েন্ট খুইয়েছে ইস্টবেঙ্গল। আইএসএলে ইস্টবেঙ্গল ও নর্থইস্টের মধ্যে দ্বৈরথে সবচেয়ে বেশি তিনটি গোল করেছেন ক্লেটন সিলভা। সব মিলিয়ে এই দলের বিরুদ্ধে ক্লেটনের গোলের সংখ্যা ৫। আর শুধু জামশেদপুরের বিরুদ্ধে এতগুলি গোল রয়েছে তাঁর। সোমবার কি এই সংখ্যা বাড়তে পারে? নাওরেম মহেশ সিং এ পর্যন্ত ইস্টবেঙ্গলের আটটি জয়ে জড়িয়ে ছিলেন। তিনি ছাড়া অঙ্কিত মুখার্জিরও এই নজির রয়েছে। সোমবার যদি আরও একটি জয়ে জড়িয়ে থাকেন মহেশ, তা হলে তিনিই এই বিষয়ে সবার ওপরে থাকবেন।   

দুই দলেরই রিজার্ভ বেঞ্চ থেকে নামা ফুটবলাররা এ মরশুমে একটিও গোল করতে পারেনি। বাকি সব দলেরই পরিবর্ত খেলোয়াড়রা কেউ না কেউ গোল করেছেন। আইএসএলের শেষ ২০টি অ্যাওয়ে ম্যাচে জিততে পারেনি নর্থইস্ট, ১৫টিতে হেরেছে ও পাঁচটিতে ড্র করেছে। তাদের শেষ অ্যাওয়ে ম্যাচ জয় ২০১৯-এর নভেম্বরে, হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে। এমন নজির আর কোনও দলের নেই। এই ধারাবাহিকতা বজায় থাকলে ইস্টবেঙ্গলের ঘরে পয়েন্ট আসবে। চলতি মরশুমে ৭৫ মিনিটের পর গোল করে নর্থইস্ট ইউনাইটেড এফসি তিন পয়েন্ট অর্জন করেছে।    

দ্বৈরথের ইতিহাস

ইন্ডিয়ান সুপার লিগে দুই দল মুখোমুখি হয়েছে ছ’বার। ইস্টবেঙ্গল প্রতিবেশি রাজ্যের দলটিকে হারিয়েছে মাত্র একবার, গত মরশুমের প্রথম লিগে। নর্থইস্ট পাঁচ ম্যাচে অপরাজিত। জিতেছে তিনবার। দুটি ম্যাচ ড্র হয়েছে। ২০২০-২১ মরশুমে প্রথম লেগে নর্থইস্ট জেতে ২-০-য়। সেবার দ্বিতীয় লেগে ফের ইস্টবেঙ্গল হারে ১-২-এ। ২০২১-২২ মরশুমে প্রথম লেগে নর্থইস্ট ২-০-য় জেতে এবং ফিরতি লেগে ১-১ ড্র হয়। গত মরশুমে প্রথম ম্যাচে ৩-১ জয় পায় কলকাতার দল। ফিরতি লেগে ৩-৩ ড্র হয়।

ম্যাচ- ইস্টবেঙ্গল এফসি বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি  

ভেনু- বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

সময়- ৪ ডিসেম্বর, ২০২৩, রাত ৮.০০

(লেখা আইএসএল ওয়েবসাইট)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *