Cart Total Items (0)

Cart

All Sports
আইএসএল ২০২৩-২৪

অলস্পোর্ট ডেস্ক: এএফসি কাপ এখন অতীত মোহনবাগানের জন্য। যদিও মরসুমের শুরু থেকেই কোচ ফেরান্দোর লক্ষ্যই ছিল আন্তর্জাতিক টুর্নামেন্ট। কিন্তু শেষ ম্যাচে ওড়িশা এফসির কাছে হারের পর সেই আশা শেষ। তাই এবার মন দিয়েছে জাতীয় স্তরে। আইএসএল ২০২৩-২৪-এ যদিও এখনও পর্যন্ত সেরা পারফর্মেন্স মোহনবাগানেরই। পাঁচ ম্যাচ পাঁচ জয় নিয়ে আত্মবিশ্বাসে টগবগ করে ফোঁটার কথা তবে ভিতরে যাই থাকুক না কেন আবার ওড়িশা এফসির বিরুদ্ধে নামার আগে কিছুটা সংযত কোচ, প্লেয়াররা।

ঘরের মাঠে ম্যাচের আগের দিন ক্লাব তাঁবুতেই অনুশীলন রেখেছিলেন কোচ হুয়ান ফেরান্দো। সাংবাদিক সম্মেলনে তাঁকে কখনও পাওয়া গেল ভাল মুডে কখনও আবার সাংবাদিকদের প্রশ্নে ক্ষোভও বেরিয়ে এল। যদিও হাসতে হাসতেই সেটা প্রকাশ করলেন তিনি। বিশেষ করে রয় কৃষ্ণা নিয়ে প্রশ্নে তাঁকে বেশ বিরক্তই দেখাল। তবে এটা পরিষ্কার এখন মোহনবাগানের পুরো ফোকাসটাই আইএসএল-এ।

শেষ ম্যাচে হায়দরাবাদের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ হলেও সেখানে নির্বাচনের কারণে খেলতে হয়েছে সেই ওড়িশার মাঠেই। শেষ মুহূর্তে দলের দুই ডিফেন্ডার ব্রেন্ডন হামিল ও আশিস রাইয়ের গোলে জয়ের মুখ দেখে মোহনবাগান। তবে এভাবে ভাবতে নারাজ ফেরান্দো। বরং তিনি বলছেন, “আমরা দগতভাবে খেলি। সেখানে কে গোল করল আর কে ডিফেন্স করল সেটা বড় কথা নয়। বড় কথা তিন পয়েন্ট। দলের প্রয়োজনে রক্ষণ থেকে উঠে গোল করতে পারে কেউ আবার নেমে রক্ষণ সামলাতে পারে।”

এদিন কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধনের কারণে ময়দানমুখি প্রায় সব রাস্তাতেই যানজট। যে কারণে নির্ধারিত সময়ে সাংবাদিক সম্মেলন শুরু করা সম্ভব হয়নি। কোচ জানালেন, তিনি দেড়ি করে পৌঁছনোয় সাংবাদিক সম্মেলনের আগে টিম মিটিং করা সম্ভব হয়নি। তাই মনবীর সিংয়ের চোটের কী পরিস্থিতি তা এখনও বলা সম্ভব হচ্ছে না। মনবীর না থাকায়, দলে গোলের খরা দেখা দিয়েছে। অন্যদিকে রক্ষণে আনোয়ার আলি না থাকায় সমস্যায় ভুগতে হচ্ছে দলের রক্ষণকেও। সেই অবস্থায় আনোয়ার এখনই ফিরতে না পারলেও মনবীরের ফেরারে সম্ভাবনা ছিলই। অনুশীলনে তাঁকে দেখা গেল মূল দলের সঙ্গেই প্র্যাকটিস করতে। মা থেকে স্পষ্ট ইঙ্গিত ওড়িশার বিরুদ্ধে ফিরছেন তিনি। অন্যদিকে এদিনও আলাদাই ফিটনেস ট্রেনিং করতে দেখা গেল দিমিত্রি পেত্রাতসকে। তাঁর মানে এখনই ফেরা হচ্ছে না তাঁর।

ফেরান্দো বলেন, “আমি মনবীরের আপডেট নিতে পারিনি এখনও। এখন মিটিং করব, ফিজিওদের সঙ্গে কথা বলে মনবীরের পরিস্থিতি সম্পর্কে জানব। এখনই ও বুধবারের ম্যাচে খেলতে পারবে কিনা আমার পক্ষে বলা সম্ভব নয়।” তবে এএফসি কাপে হারের পর আইএসএল-এর ম্যাচে জয়ে ফেরার ছন্দটা ধরে রাখতে চান কোচ। বলছিলেন, “আমরা অন্য দল নিয়ে ভাবছি না। আমাদের সামনে এখন জয়ের ধারা ধরে রাখা সঙ্গে ভাল পারফর্মেন্স ধরে রাখাটা জরুরী। সেটা করতে হবে।”

অন্যদিকে, এদিন কোচের সঙ্গে সাংবাদিক সম্মেলনে এসেছিলেন দলের বিশ্বস্ত মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। তাঁর গলায় আত্মবিশ্বাসের সুর। মিডফিল্ডের বিভিন্ন পজিশনে খেলে কোচকে ভরসা দিয়েছেন তিনি। তাই কোচও ভরসা রাখছেন তাঁর উপর। সে কারণে নিজের পছন্দের পজিশন বলতে নারাজ তিনি। বরং বলছেন, “ভাল তো, যত বেশি পজিশনে খেলতে পারব তত ভাল। পাশাপাশি কোচ যেখানে যেভাবে বলবে আমি সেটাই ফলো করব।”

তবে মাঝমাঠে তাঁর সঙ্গে লিস্টন কোলাসোর জুটি দলকে ভরসা দিচ্ছে। যদিও শেষ ম্যাচে প্রথম দলে ছিলেন না তিনি। পরে নামেন। ম্যাচ শেষের ১১ মিনিটের মধ্যে শেষ পর্যন্ত জোড়া গোল তুলে নেয় মোহনবাগান। এই লড়াইকেই ধরে রাখতে চাইছেন ফেরান্দো। তবে সামনে যেহেতু ওড়িশা সেহেতু বার বার বদলা প্রসঙ্গ তো উঠেই আসছে। যা মানতে নারাজ বাগান কোচ।

ওড়িশার মাটিতে এএফসি কাপের ম্যাচে ওড়িশা এফসিকে চার গোল দিয়েছিল মোহনবাগান। সেই ওড়িশা এফসি আবার মোহনবাগানের ঘরের মাঠে তাদের পাঁচ গোল দেয়। আপাত দৃষ্টিতে বদলা মনে হলেও কোচেদের কাছে এটি আরও একটি ম্যাচ।। ফেরান্দো বলেন,, “আগেও বলেছি, যে ম্যাচটা হয়ে গিয়েছে সেটা আর আমার হাতে নেই তাই সেই ম্যাচ নিয়ে ভাবতে চাই না। বরং সামনের দিকে তাকাতে চাই।” একই কথা বলছেন থাপাও। তিনি বলেন, “মাঠে যখন নামি একটাই লক্ষ্য থাকে আর সেটা হল তিন পয়েন্ট। তার জন্য যা করার করতে হবে।”

তবে আরও একটা ওড়িশা ম্যাচ। এটা নিয়ে কোনও সংশয় নেই কোচ থেকে প্লেয়ার, কর্মকর্তা থেকে সমর্থক- সকলেই মনে মনে চাইবে পাঁচগোল হজমের বদলাটা নিয়ে নিতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *