Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চলতি বছরের শুরুতে কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর ভালই চালাচ্ছিলেন আন্তোনিও লোপেজ হাবাস । তাঁর প্রশিক্ষণাধীন দল টানা আটটি ম্যাচে অপরাজিত থাকে, যার মধ্যে ছিল ছ’টি জয় ও দু’টি ড্র। কিন্তু দলের ছন্দপতন হয় হাবাস হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়। সাইডলাইনে তাঁর অনুপস্থিতির প্রভাব পড়ে দলের পারফরম্যান্সেও। ঘরের মাঠে লিগ টেবলের এগারো নম্বরে থাকা দল চেন্নাইন এফসি-র কাছে অপ্রত্যাশিত হার তাদের লিগশিল্ড জয়ের রাস্তা কঠিন করে তুলেছে। 

আপাতত যা অবস্থা, তাতে শেষ তিনটি ম্যাচে না জিতলে মোহনবাগানের লিগশিল্ড জয়ের স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যেতে পারে এবং এই তিনটির প্রথমটি শনিবার তারা খেলতে নামছে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে, পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে এ বারের আইএসএল অভিযান শুরু করেছিল মোহনবাগান, ঘরের মাঠে ৩-১ জয় দিয়ে। 

গত ম্যাচে সপ্তাহ দুয়েক ছুটির পর প্রথম মাঠে নেমে চেন্নাইন এফসি-র কাছে যে ভাবে হারে মোহনবাগান, তাতে স্পষ্ট মনে হয়েছে যে, ছুটিতে দলের ছন্দটাই নষ্ট হয়ে গিয়েছে। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্র আগোছালো ভাব দেখা যায় তাদের পারফরম্যান্সে। সবচেয়ে বড় কথা দিমিত্রিয়স পেট্রাটস সে দিন উজ্জ্বল না থাকায় দলের আক্রমণও অনেকটা ধারহীন হয়ে পড়ে। মাঝমাঠে জনি কাউকোও সে দিন ছন্দে ছিলেন না। 

মোহনবাগানের রক্ষণও সম্প্রতি দুর্বল হয়ে পড়েছে। গত দু’টি ম্যাচে তিন গোল করে হজম করেছে তারা। চলতি লিগে এর আগে শুধু এফসি গোয়ার কাছে চার গোল খেয়েছিল তারা। আর কোনও ম্যাচেই তিন বা তার বেশি গোল খায়নি সবুজ-মেরুন বাহিনী। চেন্নাইন এফসি ম্যাচের ভুল শুধরে এই ম্যাচে খেলতে না পারলে পেট্রাটসদের কপালে দুঃখ আছে। কিন্তু তাঁদের ভুল যাঁর শুধরে দেওয়ার কথা সেই আন্তোনিও হাবাসই তো অসুস্থ। এই অবস্থায় দায়িত্ব নিয়ে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে পারেন কি না জেসম কামিংসরা, এই ম্যাচের সবচেয়ে আকর্ষণীয় বিষয় এটিই।  

শনিবার তাদের প্রতিপক্ষ এ বারই প্রথম আইএসএলে খেলছে, যারা গত মরশুমে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে দেশের এক নম্বর লিগে খেলার যোগ্যতা অর্জন করে। কিন্তু আইএসএলের চ্যালেঞ্জের সঙ্গে ধাতস্থ হতে অনেক সময় লেগে যায় পাঞ্জাবের দলটির। লিগের প্রথম জয়ের মুখ দেখতে তাদের লেগে যায় এগারোটি ম্যাচ। চেন্নাইনের বিরুদ্ধে প্রথম জয় পাওয়ার পর ক্রমশ ঘুরে দাঁড়াতে শুরু করে গ্রিক কোচ স্টাইকোস ভার্গেটিসের দল। পরের দশটি ম্যাচের মধ্যে পাঁচটিতে জয় পায় তারা, একটিতে ড্র করে ও চারটিতে হেরে যায়। 

চলতি লিগে পাঁচটি দল প্লে অফে জায়গা পাকা করেই ফেলেছে। ছ’নম্বর জায়গাটির জন্য লড়ছে পাঁচটি দল। তাদের মধ্যে অন্যতম পাঞ্জাব এফসি, যারা আপাতত ২০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে রয়েছে লিগ টেবলের দশ নম্বরে। এশিয়ান কাপের জন্য অবকাশের পর যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তার প্রশংসা করতেই হবে। 

লিগ শুরুর পর থেকে টানা ১৩৫ দিন তারা টেবলের নীচে তিনটি দলের মধ্যে থাকে। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বেঙ্গালুরু এফসি-কে ৩-১-এ হারানোর পর তারা ন’নম্বরে উঠে আসে। শেষ তিন থেকে সেই প্রথম বেরিয়ে আসে তারা। অবকাশের পর আটটি ম্যাচের মধ্যে চারটিতে জিতে ও একটি ড্র করে ১৩ পয়েন্ট অর্জন করে তারা। কিন্তু গত পাঁচটি ম্যাচের মধ্যে দু’টিতে হারায় ও একটিতে ড্র করায় তারা আবার শেষ তিনে ঢুকে পড়েছে। 

শনিবার যদি তারা মোহনবাগানের কাছে হেরে যায়, তা হলে ছ’নম্বরের দৌড় থেকে অবধারিত ভাবে ছিটকে যাবে। তাই ঘরের মাঠে শনিবার জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামবেন মাদি তালাল-রা। যদিও ঘরের মাঠে তাদের রেকর্ড খুব একটা ভাল নয়। চলতি লিগে যে পাঁচটি ম্যাচে তারা জিতেছে, তার মধ্যে মাত্র দু’টি ছিল ঘরের মাঠে। বাকি তিনটি বাইরে। 

লুকা মাজেন (২০ ম্যাচে ৭ গোল), উইলমার জর্ডন (১৩ ম্যাচে ৬ গোল), মাদি তালাল-ই (২০ ম্যাচে ৫ গোল) এই দলের প্রধান ভরসা। হুয়ান মেরাও মাঝমাঠের ভরসা। এই তিন-চারজন খেলোয়াড়ের ওপর কড়া পাহাড়া রাখতে হবে মোহনবাগানকে। রক্ষণ যদি তাদের আটকাতে না পারে, তা হলে হয়তো এ বারেও লিগশিল্ড জয়ের স্বপ্ন অধরা থেকে যাবে তাদের। 

পরিসংখ্যান বলছে 

পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে শনিবার জিতলে মোহনবাগান এসজি হবে তৃতীয় দল, যারা তাদের বিরুদ্ধে লিগ ডাবল করবে বা দু’বারই হারাবে। এর আগে মুম্বই সিটি এফসি ও ওডিশা এফসি এই কৃতিত্ব অর্জন করেছে। মোহনবাগান চলতি মরশুমে হায়দরাবাদ এফসি, জামশেদপুর এফসি ও নর্থইস্ট ইউনাইটেডকেও দু’বার হারিয়েছে। গত দু’টি অ্যাওয়ে ম্যাচে তিন বা তার বেশি গোল করেছে সবুজ-মেরুন বাহিনী। শনিবারও তিন বা তার বেশি করলে তা হবে ক্লাবের এক নজির। 

পাঞ্জাব এফসি তাদের ঘরের মাঠে শেষ তিন ম্যাচে জিততে পারেনি। একটিতে ড্র করেছে ও দু’টিতে হেরেছে। শেষ ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-৩ করে তারা। পাঞ্জাবের মাদি তালাল চলতি বছরে (২০২৪) দলের দশটি গোলে অবদান রেখেছেন। চারটি করেছেন ও ছ’টি করিয়েছেন। নতুন বছরে তাঁর গোল-অবদানই সবচেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় বাগান ফরোয়ার্ড দিমিত্রিয়স পেট্রাটস, যিনি ছ’টি গোল করেছেন ও দু’টি করিয়েছেন। তাঁর সঙ্গে বিক্রম প্রতাপ সিংও আছেন। 

দ্বৈরথের ইতিহাস

ইন্ডিয়ান সুপার লিগের এই মরশুমেই প্রথম মুখোমুখি হয় দুই দল। মোহনবাগান এসজি এ বার তাদের আইএসএল অভিযান শুরু করে পাঞ্জাব এফসি-র বিরুদ্ধে। সে দিন প্রতিপক্ষের ওপর রীতিমতো আধিপত্য বিস্তার করে জয় অর্জন করে মোহনবাগান এসজি। দশ মিনিটের মাথায় অস্ট্রেলীয় বিশ্বকাপার জেসন কামিংস গোলের খাতা খোলার পর ৩৪ মিনিটে ব্যবধান বাড়িয়ে নেন দিমিত্রিয়স পেট্রাটস। ৫৩ মিনিটের মাথায় পাঞ্জাব এফসি-র স্লোভেনিয়ান ফরোয়ার্ড লুকা মাজেন ব্যবধান কমালেও ৬৩ মিনিটে ফের ব্যবধান বাড়ান মনবীর সিং। 

ম্যাচ- পাঞ্জাব এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট 

ভেনু- জওহরলাল নেহরু স্টেডিয়াম, নয়াদিল্লি

সময়- ৬ এপ্রিল, ২০২৪, বিকেল ৫.০০

সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং 

টিভি চ্যানেল: ডিডি বাংলা ও কালার্স বাংলা সিনেমা- বাংলা, স্পোর্টস ১৮ খেল- হিন্দি, স্পোর্টস ১৮ ১ এসডি ও এইচডি- ইংলিশ, ভিএইচ ১ এসডি ও এইচডি- ইংলিশ

(লেখা আইএসএল ওয়েব সাইট থেকে)

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *