Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ কথাটা শুনলে অনেক মেসিভক্ত হৈহৈ করে উঠবেন। তাঁদের প্রিয় গোটা বিশ্বের হার্টথ্রব ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক লিওনেল মেসির ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলা আটকে যেতে পারে এক নতুন নিয়মে। আর সে নিয়মটা এনেছে আর্জেন্টিনা ফুটবল সংস্থা। আর সে নিয়ম যদি সত্যি সত্যি মানা হয়, তাহলে মেসির ষষ্ঠবার বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে বিশ্বকাপে খেলার কথা নয়।

কী সেই নিয়ম, যা মেসির মতো মেগাস্টারের বিশ্বকাপ খেলার পথে অন্তরায় হতে পারে?‌ আর্জেন্টিনা ফুটবল সংস্থা জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য একটি বিশেষ নিয়ম ধার্য করেছে। সেটা হল, এখন থেকে কোনও আর্জেনটিনার নবীন ফুটবলার দেশের বা স্থানীয় কোনও ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি না করে সরাসরি বিদেশের কোনও ক্লাবের সঙ্গে চুক্তি করতে বা খেলতে যেতে পারবেন না। যদি কেউ সেই নিয়ম না মানেন, তাহলে তাঁর আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর অধিকার মিলবে না। জাতীয় দলে নির্বাচন পেতে এই শর্ত মানতেই হবে আর্জেন্টিনার ফুটবলারদের।

আর্জেনটিনা ফুটবল সংস্থা এনেছে নিজের দেশের প্রতিভা অন্য দেশে পাচার হওয়া আটকাতে। সারা বিশ্বে ফুটবলার সাপ্লাইয়ের খনি হিসেবে দেখা হয় আর্জেন্টনাকে। বহু ক্ষেত্রেই দেখা গেছে, আর্জেন্টিনার ছোট বা বড় ক্লাব ফুটবলার তৈরি করে অনেক খরচ করে, কিন্তু তাদের ইওরোপিয়ান অ্যাকাদেমিগুলিকে আর্থিক প্রলোভন দিয়ে নিয়ে চলে যায়। আর্জেন্টিনার ক্লাবের সঙ্গে কোনও পেশাদার চুক্তি হওয়ার আগেই। এতে আর্জেন্টিনার ক্লাবগুলো কোনও বিনিময় দর পায় না, বা পেলেও তা যৎসামান্য। আর্জেন্টিনার নিয়মে তাদের ফুটবলার প্রথম পেশাদার চুক্তি করতে পারে ১৬ বছর বয়সে। আর্জেন্টিনার ফুটবল সংস্থার বার্তা পরিষ্কার, ঘরের ক্লাবে যখন তৈরি হয়েছি, তখন আগে ঘরের ক্লাবে অন্তত একবার নিজের প্রতিভা দেখাও, তারপর যেখানে মন চায়, চলে যাও।

আর্জেন্টিনার ক্লাবগুলো ফুটবল সংস্থার এই নিয়ম চালুকে স্বাগত জানিয়েছে। তারা খুশি, কারণ এখন থেকে তাদের তৈরি ফুটবলার অন্য কেউ কোনও বিনিময়দর না দিয়ে নিতে পারবে না। এতে ক্লাবের আয় বাড়বে, আরও বেশি করে প্রতিভাবান ফুটবলার তুলে আনা সম্ভব হবে সেই টাকায়। অনেকে এটাকে ফুটবলবিরোধী নিয়ম বলে ফিফার হস্তক্ষেপ চেয়েছে। কিন্তু একটা বিষয় খুব পরিষ্কার, আর্জেন্টিনার আভ্যন্তরীন ফুটবলের নিয়মের ক্ষেত্রে ফিফার কিছু করার নেই।

আর এটা নিয়েই আর্জেন্টিনার ঘরেই বিতর্ক শুরু হয়েছে। তার কারণ এই নিয়ম এখন চালু হলেও মেসির ক্ষেত্রে এটা তো প্রযোজ্য। কারণ মেসি মাত্র ১৪ বছর বয়সে আর্জেন্টিনার ক্লাব নিউওয়েলস ওল্ড বয়েজ ছেড়ে বার্সিলোনা লা মাসিয়া অ্যাকাদেমিতে চলে গিয়েছিলেন। আজ পর্যন্ত মেসি আর্জেন্টিনার কোনও ক্লাবের সঙ্গে পেশাদার চুক্তি করেননি। এর অর্থ মেসির শুরুর দিনে কারিগর হিসেবে কাজ করা নিউওয়েলসের কোনও লাভ হয়নি এই ট্রান্সফারে। মেসির মতো এমন অনেকেই তো আর্জেন্টিনার ক্লাবে খেলোয়াড়জীবন শুরু করে ঘরের ক্লাবে পেশাদার চুক্তি না করে বিদেশের ক্লাবে খেলেছেন, বা খেলছেন।

মেসি ছাড়াও স্কালোনির বিশ্বকাপের দলে যে ৭ জন ফুটবলার ডাক পেয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম হল এমিলিয়ানো মার্টিনেজ, জিউলিয়ানো সিমোনে, এমিলিয়ানো বুয়েনডিয়া, এনজো বারেনশিয়া, জেয়াকিন পানিচেলি, ভ্যালেন্টিন কার্বোনি। এখন আর্জেন্টিনার ফুটবল সংস্থা আনা নতুন নিয়ম যদি মানতে হয়, তাহলে মেসি সহ এঁদের সকলের ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলা আটকে যাবে। তবে এমনটা যে হবে না, সেটা বুঝতে অসুবিধা নেই। কারণ নিয়ম যেমন আছে, তার ফাঁকও আছে। মেসিরা যখন খেলা শুরু করেছিলেন, তখন তাঁদের সময় এই নিয়ম ছিল না। তাই যতই নিয়ম আসুক, মেসির খেলা আটকাবে না বিশ্বকাপে। যদি না মেসি নিজেই ২০২৬ বিশ্বকাপে খেতাব ধরে রাখতে আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামতে আগ্রহ বোধ না করেন, তাহলে আলাদা কথা। তবে মিয়ামিতে ছন্দে থাকা মেসিকে বাদ দিয়ে আমেরিকায় বিশ্বকাপ, ফিফার কাছে সেটা শিবহীন যজ্ঞের মতোই। তাই মেসি থাকবেন না বিশ্বকাপে তা আবার হয় নাকি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *