Cart Total Items (0)

Cart

All Sports

 

‌অলস্পোর্ট ডেস্ক:‌ রেগে আগুন ইন্টার কাশীর চিফ কোচ আন্তোনিও লোপেজ হাবাস। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ০-‌৩ গোলে আইএসএল ম্যাচ হারের পর মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে লিগ শিল্ডজয়ী কোচ হাবাস রীতিমতো বোমা ফাটান প্রচারমাধ্যমের কাছে। তিনি এতদিন মনের মাঝে যে একরাশ ক্ষোভ জমিয়ে রেখেছিলেন, তা উগরে দেন। সরাসরি ইন্টার কাশীর কর্তাদের দিকে আঙ্গুল তুলেছেন দলের বর্তমান পারফরমেন্স ও ফলের জন্য। ফুটবলারদের চার মাসের তো মাইনে বকেয়া রয়েছে বলে শোনা যাচ্ছে। হাবাস বা ফুটবলারদের কেউ ফিফার কাছে অভিযোগ করলে মহমেডানের মতো শাস্তির মুখে পড়তে পারে ইন্টার কাশী।

পাঞ্জাব ম্যাচ শেষে হাবাসের কাছে প্রচারমাধ্যমের প্রশ্ন ছিল, আপনি একজন চ্যাম্পিয়ন কোচ। অথচ আপনার কোচিং ইন্টার কাশীর এই বেহাল অবস্থা কেন?‌ পাঞ্জাবের কাছে এত গোলে হারের কারণ কী?‌ এই প্রশ্নে মেজাজ হারান হাবাস। বিষোদ্গার করেন ইন্টার কাশী ম্যানেজমেন্টের অপেশাদার মনোভাবের। বলেন, ‘‌ এর উত্তর ইন্টার কাশীর কর্তারা ভাল দিতে পারবেন। পাঞ্জাব এফসি যোগ্য দল হিসেবেই ম্যাচ জিতেছে। কিন্তু ম্যাচ নিয়ে কিছু বলতে চাই না। বরং সকলের জানা দরকার, ইন্টার কাশী কোন পরিস্থিতির মধ্যে আইএসএলের ম্যাচ খেলছে। গত মরশুম থেকে ফুটবলাররা মাঠে নেমে নিজেদের সেরা দিচ্ছে নানা প্রতিকূলতার মাঝে। কিন্তু এবার সেটা চরম সীমায় পৌঁছেছে ফুটবলারদের মাইনে মাসের পর মাস বকেয়া থাকায়। এনিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলতে হবে। নইলে কাজ চালানো কঠিন হয়ে যাচ্ছে। ফুটবলাররাও মাইনে না পেয়ে মোটিভেশন হারাচ্ছে। ক্লাবের যেমন সুনাম আছে, তেমন জড়িয়ে রয়েছে আমাদের সুনামটাও।’‌

গত মরশুমে মহমেডান স্পোর্টিং বিদেশি কোচ ও ফুটবলারদের সময়মতো মাইনে না মেটানোয়, তাঁরা ফিফায় অভিযোগ করেছিলেন। ফিফা বারবার মহমেডানকে সেই বকেয়া মেটানোর কথা বললেও, তা তারা করেনি। বলা ভাল তীব্র আর্থিক সংকটে ভোগায় মহমেডান তা পারেনি। আসলে মরশুমের শেষদিকে আইএসএলের মাঝপথে মহমেডানকে ছেড়ে চলে যায় তাদের স্পনসর। তাতেই হাঁড়ির হাল হয়। তার জেরে মহমেডান জাতীয় ও আন্তর্জাতিক ট্রান্সফার ব্যানের মুখে পড়ে। দেরিতে হলেও বকেয়া মেটানোর পথে হেঁটেছিলেন মহমেডান কর্তারা। তাতে ট্রান্সফার ব্যান পুরোপুরি উঠে যাওয়া ছিল সময়ের অপেক্ষা। কিন্তু সেই প্রসেস শেষ হওয়ার আগেই কাশিমভ নতুন করে টাকা না পাওয়ার অভিযোগ করায় ফিফা দ্বিতীয়বারের জন্য ট্রান্সফার ব্যানের শাস্তি দেয় মহমেডানকে। ফলে সাদা কালো ব্রিগেড ২০২৫-‌২৬ মরশুমের জন্য আর নতুন কোনও ফুটবলার নিতে পারেনি। কোনও বিদেশি ছাড়া খেলতে হচ্ছে মহমেডানকে। আর তাতে মেহরাজউদ্দিনের মহমেডানকে অন্য দলের সঙ্গে অসম লড়াইয়ে বলতে গেলে অবনমন বাঁচানো কঠিন হয়ে পড়েছে।

ইন্টার কাশীর অবস্থা এখনও তেমন নয়। তবে হাবাস ও ফুটবলারদের অভিযোগ ফিফার ঘরে পৌঁছলে সমস্যায় পড়তে পারে দল। সতর্ক করার পর সময়মতো ফুটবলারদের বকেয়া কর্তারা না মেটালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *