অলস্পোর্ট ডেস্ক: এক রোমাঞ্চকর লড়াই শেষে ইউ এস ওপেনের কোয়ার্টারফাইনালে বেন শেলটনের কাছে হার তারকা টেনিস খেলোয়াড় কার্লোস আলকারাজের। আর্থার অ্যাশ স্টেডিয়ামের কোর্টে এই ঐতিহাসিক ৪ ঘন্টা ২৮ মিনিটের মরণপন যুদ্ধ দেখতে গ্যালারিতে দর্শকরা গভীর রাত পর্যন্ত ঠায় বসে ছিলেন। নিউইয়র্কের সময়ে রাত ১১টার আগে আলকারাজ ও শেলটনের ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। আমেরিকার হিরো ৮ নম্বর বাছাই বেন শেলটন ও স্প্যানিশ মেগাতারকা বিশ্বের ২ নম্বর বাছাই আলকারাজের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলে ভোর ৩টে ৩৩ মিনিট পর্যন্ত।
শেষ হাসি অবশ্য হাসেন ঘরের ছেলে শেলটন। আলকারাজকে হারান তিনি ৬-৭(৫-৭), ৬-১, ৬-৩, ১-৬, ৭-৬(১০-৭) ফলে। শেলটনের এই জয়ের ফলে ইউ এস ওপেন ফাইনালে একজন আমেরিকান টেনিস খেলোয়াড়ের থাকা নিশ্চিত হয়েছে। সেমিফাইনালে বেন শেলটনের প্রতিপক্ষ ফ্রান্সিস টিয়াফো। ২৩ বছর পর নিউইয়র্কের কোর্টে প্রথম আমেরিকান পুরুষ সিঙ্গলস চ্যাম্পিয়ন হওয়ার আশা জাগিয়েছে স্থানীয় টেনিসপ্রেমীদের মনে।
জয়ের পর শেলটনের প্রতিক্রিয়া, ‘ মনে হল একটা বিরাট যুদ্ধ জিতলাম। একটা স্মরণীয় ম্যাচ। পুরোটা নিজেকে উজাড় করে দিতে হয়েছিল কোর্টে শরীর ও মনের দিক থেকে আলকারাজকে হারাতে। আলকারাজ টেনিস দুনিয়ার অন্যতম সেরা খেলোয়াড়। একজন প্রকৃত চ্যাম্পিয়ন। ম্যাচ চলাকালীন এমন এমন সব শট নেয় আলকারাজ, যা ধারনার বাইরে। আমার টেনিস জীবনের সেরা উপভোগ্য লড়াই ও ম্যাচ। কোরিয়ারের সবচেয়ে বড় জয়।’
শেলটন এর আগে পর্যন্ত বিশ্বের তিনজন শীর্ষ বাছাই খোলোয়াড়ের বিরুদ্ধে ১৭বার জয় পাননি। এমনকি আলকারাজের বিরুদ্ধে শেষ তিনটি মোকাবিলায় হেরেছিলেন। বিশ্বের নামী তারকা আলকারাজ দীর্ঘ চোটের পর কোর্টে প্রথম টুর্নামেন্ট খেলতে নেমেছিলেন ইউ এস ওপেনে বেন শেলটনের বিরুদ্ধে। সাতটি বড় টুর্নামেন্টের ও দু’বারের ইউ এস ওপেন চ্যাম্পিয়ন কবজির চোট সরিয়ে কোর্টে চেনা ছন্দে থেকেই ২০ তম বাছাই টমি পলকে হারিয়ে শেষ আটে পৌঁছেছিলেন। কিন্তু বেন শেলটনের জোসের সামনে আলকারাজের ফিটনেস সমস্যা হারের কারণ হয়ে দাঁড়ায়।
তবে শেলটনের কাছে হারে হতাশায় ভেঙে পড়েননি আলকারাজ। বরং বলেন, ‘অল্পের জন্য জয় হাতছাড়া হয়েছে। শেষ সেটটা যে কারও পক্ষে যেতে পারত। তবে শেষপর্যন্ত বাজিমাত করেছে শেলটন। আমি নিজের খেলায় গর্বিত। হাসি মুখেই কোর্ট ছাড়তে পেরেছি হারলেও।’ আর শেলটন ধন্যবাদ জনিয়েছেন আমেরিকার দর্শকদের ঘুম নষ্ট করে ভোর সাড়ে তিনটে পর্যন্ত তাঁর জন্য গলা ফাটানোয়। আশা করেন, সেমিফাইনালেও এই সমর্থনটা তিনি পাবেন সকলের কাছে। যদিও তাঁর প্রতিপক্ষ আর এক আমেরিকান।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
