অলস্পোর্ট ডেস্ক: রবিবার সন্ধেতে বাইপাসের ধারে এক পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জেবিজি কলকাতা ম্যারাথন ২০২৬য়ের দিন ঘোষণা করা হয় সংগঠকদের তরফ থেকে। ‘চলো দৌড়ই’ শীর্ষক এই ম্যারাথন পূর্ব ভারতের একমাত্র ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ব্রোঞ্জ লেবেলড ফুল ম্যারথনের মর্যাদা পেয়েছে। এই ম্যারাথন দৌড় হবে ২৯ নভেম্বর কলকাতায়। এটা ১১তম বছর এই দৌড়ের। বিভিন্ন বয়স ও প্রতিযোগীর কথা মাথায় রেখে ৪২.২ কিলোমিটার ফুল ম্যারাথন ছাড়াও ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন, ১০ ও ৫ কিলোমিটার দৌড় থাকছে। এছাড়া কস্টিউম রান স্পেশাল হিরোজ ক্যাটিগরিও রাখা হয়েছে দৌড়ের আকর্ষণ বাড়াতে।
ম্যারাথন দৌড়ের প্রধান উদ্যোক্তা জয় বালাজি গ্রুপের পক্ষ থেকে জানানো হয়েছে, এবার ১৫ হাজার প্রতিযোগীর এই দৌড়ে অংশগ্রহণের আশা করা হচ্ছে। প্রতিযোগিতার বিশেষ দূত হিসেবে প্যারালিম্পক্সে ও বিশ্বচ্যাম্পিয়নশিপে পদকজয়ী জ্যাভেলিন থ্রোয়ার সুমিত আন্টিল, ভারতের দ্রুততম মানব গুরিন্দারবীর সিং, বলিউড তারকা-ম্যারাথন রানার-ট্রায়াথলিট সাইয়ামি খের, মডেল-অভিনেতা মিলিন্দ সোমান, রানার কার্তিক কারকেরা, ট্রায়াথলিট অঙ্কিতা কানওয়ার, এশিয়াডে বাংলার দুই পদকজয়ী অ্যাথলিট জ্যোতিমর্য়ী সিকদার ও সোমা বিশ্বাস জেবিজি কলকাতা ম্যারাথনের সাফল্য কামনা করেছেন। এঁদের মধ্যে অনেকেই ম্যারাথনে অংশ নেবেন। একইসঙ্গে দৌড়ের দিন উপস্থিত থাকবেন ভারতের অলিম্পিয়ান ও এশিয়াডে পদকজয়ী লংজাম্পার অঞ্জু ববি জর্জ।
জেবিজি কলকাতা ম্যারাথনের বিশেষত্ব ও বিভিন্ন চিত্তাকর্ষক কার্যকরী দিকগুলি তুলে ধরেন জয় বালাজি গ্রুপের ডিরেক্টার গৌরব জাজোদিয়া, জেবিজি কলকাতা ম্যারাথনের রেস ডিরেক্টার ও সিইও অ্যান্ড ফাউন্ডার অফ স্পোর্টিজের নিশান্ত মাহেশ্বরী সহ সংগঠকদের সঙ্গী অন্যান্য সহযোগী কর্তারাও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
