Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ তীরন্দাজির ওয়ার্ল্ড কাপ স্টেজ ২ প্রতিযোগিতার ভারতের মহিলা রিকার্ভ দল রীতিমতো চমকপ্রদ প্রদর্শন করে ফাইনালে উঠে পদক প্রাপ্তি নিশ্চিত করেছে। সেমিফাইনালে তারা হারিয়েছে ১০ বারের অলিম্পিক চ্যাম্পিয়ন কোরিয়াকে। রবিবার ফাইনালে ভারতীয় মহিলা দলের প্রতিপক্ষ চীন। সেখানে ভারতীয় পুরুষ দল শোচনীয় ভাবে ব্যর্থ। প্রথম রাউন্ডেই বাংলাদেশের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে।

অভিজ্ঞ দীপিকা কুমারী, অঙ্কিতা ভকত, ও নবাগত কুমকুম মোহদকে নিয়ে গড়া ভারতীয় মহিলা রিকার্ভ দল ৫-‌১ ফলে সেমিফাইনালে কোরিয়াকে হারিয়ে চমক জাগিয়েছে। ভারতীয় মহিলাদের আত্মবিশ্বাসী মনোভাব প্রশংসনীয়। কারণ তারা পরপর ৩ ম্যাচ আধিপত্যের সঙ্গে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে।

প্রতিযোগিতার চতুর্থ বাছাই ভারতীয় মহিলা তীরন্দাজরা সেমিফাইনালে শুরু থেকেই নিজেদের লক্ষ্যস্থির রেখেছিল। প্রথম ৬টি তীরের মধ্যে ৪টিতে ১০য়ের লক্ষ্যভেদ করে। নষ্ট করে মাত্র ২ পয়েন্ট। প্রথম সেট ৫৮ করে জিতে নেয়। কোরিয়ান মহিলা দলের স্কোর ছিল ৫৫।

দ্বিতীয় সেটে ভারতীয় মহিলা দলের সামান্য ছন্দপতন ঘটেছিল। এর ফলে ওই সেটে স্কোর দাঁড়ায় ৫৬-‌৫৬। এরপর নিজেদের লক্ষস্থির করে এগিয়ে যায় ৩-‌১য়ে। ম্যাচ পকেটে পুরতে ভারতীয় মহিলা দলের দরকার ছিল মাত্র ২ পয়েন্ট। তৃতীয় সেটে ভারতীয় মহিলা তীরন্দাজরা ৫৮ স্কোর করে। চাপের মুখে কোরিয়ার মহিলা দলের সদস্যরা ৫৬র বেশি স্কোর করতে পারেননি।

ভারতীয় মহিলা দলের কৃতিত্বকে খাটো না করেও এটা উল্লেখ করা জরুরি, কোরিয়ার এই মহিলা দলে নতুন মুখ বেশি। আসলে তুলনামূলকভাবে অনভিজ্ঞ তীরন্দাজে ভরা কোরিয়া দলটি চার মাস বাদে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি সারতে এই প্রতিযোগিতায় লড়তে নেমেছিল। কোরিয়া দলে ছিলেন দু’‌জন নবাগত তীরন্দাজ লি ইউনজি ও ও ইয়েজিন। দলের একমাত্র অভিজ্ঞ তীরন্দাজ বলতে ছিলেন বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন কাং চায়ইয়ং। অলিম্পিক চ্যাম্পিয়ন আন সান, লিন সিএওন ও গতবছর সাংহাইয়ে সোনাজয়ী তীরন্দাজ লি গায়হুন এই প্রতিযোগিতায় অংশ নেননি।

প্রথম রাউন্ডে ভারতের মহিলা দল উজবেকিস্তানের বিরুদ্ধে শুরুটা অপেক্ষাকৃত ধীরে করলেও, পরে ছন্দে ফিরে ৬-‌২ ফলে (‌ ৫৩-‌৫৬, ৫৭-‌৫৪, ৫৫-‌৫৪, ৫৫-‌৫১)‌ ম্যাচ জিতে নেয়। কোয়ার্টারফাইনালে ভিয়েতনামের বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন দীপিকা কুমারিরা। হাড্ডাহাড্ডি লড়াইয়ে চাপ সামলে শুট আউটে ভিয়েতনামকে ৫-‌৪(‌ ২৮-‌২৫)‌ হারিয়ে সেমিফাইনালে ওঠেন তাঁরা। ওপেনিং রাউন্ডে মাত্র ৫৩ স্কোর করে ভিয়েতনামকে এক পয়েন্টের লিড দিয়েছিলেন ভারতীয় মহিলা তীরন্দাজরা। তবে দ্রুত নিজেদের চেনা ছন্দে ফিরে স্কোরটা ২-‌২ করে ফেলেন তাঁরা। তৃতীয় সেটে ৪-‌২ এগিয়ে যান দীপিকারা মাত্র ২ পয়েন্ট নষ্ট করায়। কিন্তু চতুর্থ সেট খুইয়ে বসেন এক পয়েন্ট(‌৫৫-‌৫৬)‌ পিছনে থেকে। ম্যাচ গড়ায় শুট আউটে। নিজেদের নার্ভ ও লক্ষ্যস্থির রেখে শুট আউটে ২৮-‌২৫ স্কোর করে ম্যাচ জেতেন দীপিকা, অঙ্কিতা ও কুমকুমরা।

ভারতীয় পুরুষ দলের সদস্য অভিজ্ঞ তরুনদীপ রাই, ধীরাজ বোম্মাদেবারা, ও যশদীপ ভোগ প্রত্যাশার ধারেকাছে পারফর্ম করতে পারেননি। ওপেনিং রাউন্ডে একটিও সেট জিততে না পেরে ২-‌৬ ফলে বাংলাদেশের আব্দুর রহমান আলিফ, রামকৃষ্ণ সাহা ও মহম্মদ মিশাদ প্রধানের কাছে হার মানেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *