Cart Total Items (0)

Cart

All Sports India
শীতল দেবী

অলস্পোর্ট ডেস্ক: প্যারা এশিয়ান গেমস-এ নজির গড়লেন ভারতীয় মহিলা তীরন্দাজ শীতল দেবী। পা দিয়ে তীরন্দাজী করে ইভেন্ট থেকে দু’টি সোনা এবং একটি রুপো জিতে নেন তিনি। পা দিয়ে কেন? কারণ তাঁর যে আমাদের মতোন দু’টি হাত নেই। তিনি বিশেষভাবে সক্ষম। কিন্তু যা আছে তা হল প্রচুর ইচ্ছাশক্তি এবং জেতার জন্য দৃঢ় প্রতিজ্ঞা। তাইতো মাত্র ১৬ বছর বয়সেই এই কৃতিত্ব অর্জন করে নিলেন তিনি। প্রতিভা থাকলে মানুষ কী না পারে, আবারও একবার সেটা প্রমাণিত হল।

মহিলা কম্পাউন্ড ওপেনে শীতল সিঙ্গাপুরের প্রতিপক্ষ আলিম নুর সিয়াদিহাকে ১৪৪-১৪২ ব্যবধানে হারিয়ে দেয়। শুধু একটি নয়, দু’টি ইভেন্ট থেকেই পদক অর্জন করেন শীতল। তীরন্দাজীর কম্পাউন্ড ওপেন মিক্সড দলে রাকেশ কুমার এবং শীতল একসঙ্গে রুপো জেতেন।

জম্মু-কাশ্মীরের লোধিয়ার একটি গ্রামের মেয়ে শীতল দেবী। বিশেষ ভাবে সক্ষম শীতল প্রথম ২০১৯-এ ভারতীয় আর্মি কিস্টওয়ারে একটি তীরন্দাজী প্রতিযোগিতার অংশগ্রহণ করেছিলেন। ২০২২ থেকে তীরন্দাজীকে ফুলটাইম কেরিয়ার হিসাবে বেছে নেন তিনি। জাতীয় চ্যাম্পিয়নশিপে প্রথম পদক জিতে সবার নজরে এসেছিলেন তিনি। এরপর আর শীতলকে ঘুরে তাকাতে হয়নি। এবার এশিয়ান প্যারা গেমসেও সোনা জিতে নিজের লক্ষে আরও এগিয়ে গেলেন শীতল।

শীতলের কোচ কুলদীপ কুমার বলেন, “শীতলের প্রবল ইচ্ছাশক্তি দেখে ওকে অ্যাকাডেমিতে আসতে বলেছিলাম। তবে ও পুরোটাই নিজের উদ্যোগে এতটা এসেছে আজ। প্রতিভা ও বুদ্ধি দুইয়েই পরিপূর্ণ শীতল। তাই তো খুব কম সময়ের মধ্যেই এবার এশিয়ান প্যারা গেমসে তিনটি পদক জিতল।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *