Cart Total Items (0)

Cart

All Sports India
মীরাবাই চানু

অলস্পোর্ট ডেস্ক: কমনওয়েলথ গেমসে দু’বারের সোনাজয়ী মীরাবাই‌ চানু শনিবার এশিয়ান গেমস ২০২৩ থেকে খালিহাতেই ফিরলেন। উল্টে এদিন গেমসে গুরুতর চোট পেলেন তিনি। ১৯১ কেজি ওয়েট তুলে চতুর্থ স্থান গ্রহণ করলেন চানু। ব্রোঞ্জ জেতার জন্য প্রাণপণে চেষ্টা চালান তিনি, তবে তাও বিফলে যায়। ওয়েট তুলতে না পেরে পড়ে যান তিনি এবং উরুতে চোট লাগে তাঁর।

মহিলাদের ৪৯ কেজি বিভাগে খেলছিলেন মীরাবাই। স্নাচে প্রথম প্রয়াসেই ৮৩ কেজি ওয়েট তুলে নেন। বাকি দু’টি প্রয়াস ব্যর্থ হয় তাঁর। উত্তর কোরিয়ার সোনাজয়ী রি সং গাম দ্বিতীয় প্রয়াসে ৯২ কেজি তোলেন। রুপোজয়ী চিনের জিয়াং হুই হুয়া সর্বোচ্চ ৯৪ কেজি তোলেন এবং থাইল্যান্ডের থানিয়াথন সুকচারোয়েন ৯০ কেজি লিফ্ট তোলেন।

কোরিয়ার ওয়েটলিফ্টার রি সং গাম তিনটি লিফ্টেই সফল হয়ে সর্বোচ্চ ১২৪ কেজি তুলে বিশ্বরেকর্ড গড়েছেন। মোট ২১৬ কেজি তুলে সোনা জিতে নিয়েছেন তিনি। চিনের ওয়েটলিফ্টার হুই হুয়া ১১৯ কেজি তোলেন ক্লিন অ্যান্ড জার্কে, মোট ২১৩ কেজি তুলে গেমসে রুপো নিশ্চিত করেন। থাইল্যান্ডের থানিয়াথনের সঙ্গে পদক জেতার লড়াই শুরু হয় চানুর।

থানিয়াথন ক্লিন অ্যান্ড জার্কে তিনটি লিফ্টেই সফল হন। এই রাউন্ডে ১০৯ কেজি এবং সবমিলিয়ে ১৯৯ কেজি। ফলে চানুর লড়াই কঠিন হয়ে যায়। ১১৭ কেজি তুলতে গিয়ে প্রথমবার ব্যর্থ হন। দ্বিতীয়বারে লিফ্টের সময় পড়ে যান তিনি। এই প্রয়াসটি সফল হলে ব্রোঞ্জ নিয়ে ফেরার সম্ভাবনা ছিল চানুর। কিন্তু তা আর হল না, স্বপ্ন অধরাই রয়ে গেল চানুর।

চোট পাওয়ায় নিজে থেকে বেরিয়ে আসার অবস্থাতেও ছিলেন না চানু। দুজন স্টাফ তাঁকে ধরে বাইরে নিয়ে যান। চোট পেয়ে এশিয়ান গেমসের অভিযান শেষ করে বাড়ি ফিরতে হল চানুকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *