মুনাল চট্টোপাধ্যায়: ভারতের মহিলা ফুটবল দল জাপানের আইচি-নাগোয়া এশিয়ান গেমসে অংশ নেওয়া সুযোগ পায়নি। সেই সুযোগটা অবশ্য পেয়েছে ভারতের সিনিয়র মহিলা রাগবি সেভেনস দল। অধিনায়ক দিল্লির শিখা যাদব, সহ অধিনায়ক ময়ূরভঞ্জের দুমিনি মারান্ডি, শিলিগুড়ির সন্ধ্যা রাই সহ গোটা রাগবি দলের খেলোয়াড়দের চোখে জাপান এশিয়াডে পদক জয়ের স্বপ্ন। ভারতীয় মহিলা রাগবি সেভেনস দল এশিয়াডে নাগোয়ার পলোমা মিজুহো রাগবি স্টেডিয়ামে অংশ নেবে ১-৩ অক্টোবর। পুল বি-তে ভারতের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন চীন, হংকং ও মালয়েশিয়া। তারই চুড়ান্ত প্রস্তুতি সারছেন শিখা, সন্ধ্যা, দুমিনিরা সল্টলেকের পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রের মাঠে কোচ টেরেন্স জোসেফ ও স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ কিয়ানো ফোরেইয়ের তত্ত্বাবধানে।
গত তিনবছর ধরে আইচি-নাগোয়া এশিয়ান গেমসের জন্য পূর্বাঞ্চলীয় সাই কেন্দ্রে প্রস্তুতি চলেছে পদক জয়ের লক্ষ্যে। ২০২২ হ্যাংঝৌ এশিয়ান গেমসে ভারতীয় মহিলা দল তেমন উল্লেখযোগ্য সাফল্য পায়নি। শেষ করেছিল সপ্তম স্থানে। সেই দলের ৬ খেলোয়াড় এবারও আছেন জাপানগামী এশিয়াডের দলে। তাঁরা হলেন শিখা, সন্ধ্যা, দুমিনি, কল্যানী পাতিল, বৈষ্ণবী পাতিল, মামা নায়েক।
সাই কেন্দ্রের মাঠে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত প্রস্তুতি সারবেন শিখারা। গত এশিয়াডে ভাল ফল না হলেও শিখার গলায় এবার আত্মবিশ্বাসের সুর। পূর্বাঞ্চলীয় সাই অধিকর্তা শিবানন্দ মিশ্রর উপস্থিতিতে অধিনায়ক শিখা বলেন, ‘ গত তিনবছরে আম আমাদের অভিজ্ঞতা ও আত্মবিশ্বাস বেড়েছে সঠিক প্রস্তুতির কারণে। পদক জয়ের স্বপ্ন নিয়ে নাগোয়ায় যাব আমরা, তবে বাড়তি চাপ নিয়ে নয়। বরং প্রতিটি ম্যাচে সেরা দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে লড়ব। ম্যাচ ধরে ধরে এগোব জয়ের কথা মাথায় রেখে। জানি প্রতিটি ম্যাচ খুব চ্যালেঞ্জিং। কারণ প্রতিপক্ষ বেশ শক্তিশালী। তবে আমরাও শারীরিক ও মানসিকভাবে তৈরি। নাগোয়া যাওয়ার আগে বেশ কিছু আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেছি। থাইল্যান্ড ও শ্রীলঙ্কা সফরে গিয়ে নিজেদের অভিজ্ঞতা বাড়িয়েছি। তাই আশাবাদী ভাল ফল হবে এবার।’
ভারতীয় সিনিয়র মহিলা রাগবি সেভেনস দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোট কিয়ানো ফোরেইয়ের মতে, নিয়মিত অনুশীলনের মাধ্যমে খেলোয়াড়দের পেশির শক্তি বৃদ্ধির সঙ্গে ফিটনেসেও প্রভূত উন্নতি হয়েছে। যেকোনও দলের খেলোয়াড়দের সঙ্গে সমানে সমানে লড়তে সক্ষম ভারতীয় এই মহিলা রাগবি খেলোয়াড়রা।
ভারতীয় সিনিয়র মহিলা রাগবি সেভেনস দলের অভিষেক ঘটেছিল ২০১০ গুয়াংঝৌ এশিয়ান গেমসে। ২০১৪ ও ২০১৮তে তারা অংশ নেয়নি এশিয়াডে। ২০২২ য়ে অংশ নিয়ে শেষ করে সপ্তম স্থানে। এবার দেখার নাগোয়া এশিয়ান গেমসে পদক জিততে তারা পারে কিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
