Cart Total Items (0)

Cart

All Sports
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

সুচরিতা সেন চৌধুরী, ভুবনেশ্বর: ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট কলিঙ্গ সুপার কাপ গ্রুপ এ-র প্রথম ম্যাচে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে প্রস্তুত। আর এই মরসুমের তৃতীয় কলকাতা ডার্বিও হতে চলেছে এই সুপার কাপের আসরেই৷ কলকাতা ডার্বি সবসময়ই রে কোনও টুর্নামেন্টের আকর্ষণের কেন্দ্রে থাকে। এক্ষেত্রে যেহেতু গ্ৰুপ পর্বেই দেখা হচ্ছে দুই দলের সেকারণে সেমিফাইনালে শুধুমাত্র একটি দলই পৌঁছতে পারবে। তবে তার আগে কলকাতার দুই দল মঙ্গলবারই নেমে পড়ছে সুপার কাপের লড়াইয়ে।

গ্রুপ এ-তে কলকাতা জায়ান্টদের সঙ্গে যোগ দিয়েছে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) দল হায়দরাবাদ এফসি এবং আই-লিগের দল শ্রীনিধি ডেকান এফসি। হায়দরাবাদ এফসি তাদের সাম্প্রতিক পারফরম্যান্সকে পিছনে ফেলে কলিঙ্গ সুপার কাপে একটি নতুন সূচনা করতে বদ্ধপরিকর, আইএসএলের শেষভাগে শক্তিশালী প্রত্যাবর্তনের লক্ষ্যও রয়েছে তাদের সামনে।

শ্রীনিধি ডেকান এফসি, বর্তমানে আই-লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। সুপার কাপে তাদের সামনে আইএসএল দলগুলিকে কঠিন লড়াই দিয়ে নিজেদের ক্ষমতা ভারতীয় ফুটবলের সামনে তুলে ধরার লক্ষ্য থাকবে। আলবিনো গোমস, এলি সাবিয়া, গুরমুখ সিং এবং মহম্মদ সাজিদ ধোতের মতো পরিচিত মুখ যারা আগে আইএসএলে খেলেছেন, তাঁরা রয়েছেন দলকে ভরসা দিতে। আই-লিগ দলটি সেই কাঙ্খিত সেমিফাইনালের জন্য সত্যিকারের লড়াইয়ের জন্য প্রস্তুত।

গ্রুপ-এ-তে যদিও আধিপত্য বিস্তার করবে বলেই ধরে নেওয়া হচ্ছে কলকাতার দুই দল। কলকাতার চিরপ্রতিদ্বন্দ্বীরা এই মরসুমের শুরুতে ডুরান্ড কাপে ইতিমধ্যে দু’বার একে অপরের মুখোমুখি হয়েছে, প্রত্যেকে একবার করে জয় তুলে নিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে তাদের খরার অবসান ঘটিয়ে ইস্টবেঙ্গল এফসি দীর্ঘ প্রতীক্ষিত কলকাতা ডার্বি জয় নিশ্চিত করলেও, ডুরান্ড কাপের ফাইনালে কার্লেস কুয়াদ্রাতের দলকে হারিয়ে মেরিনার্সরা জয় ছিনিয়ে নেয়।

রেড এবং গোল্ড ব্রিগেড তাদের চূড়ান্ত হারের পর প্রতিশোধ নেওয়ার লক্ষ্যে থাকবে এবং নকআউটের জন্য যোগ্যতা নিশ্চিত করতে বদ্ধপরিকর তো হবেই। অন্যদিকে, মেরিনার্স, তাদের নতুন প্রধান কোচ আন্তোনিও লোপেজ হাবাসের নির্দেশনায়, আইএসএলে তাদের সাম্প্রতিক অফ ফর্ম থেকে ফিরে আসতে এবং ট্রফি জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে চাইবে। তবে মোহনবাগানের সামনে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা হয়ে দেখা দিতে পারে কোচ হুয়ান ফেরান্দোর বিদায়।

সুপার কাপের আসরে তৃতীয় কলকাতা ডার্বি আকর্ষণীয় হতে চলেছে। গ্রুপ পর্বের চূড়ান্ত ম্যাচ হিসেবে, এটি গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন নির্ধারণে বড় ভূমিকা নেবে।

হায়দরাবাদ এফসি কি সুপার কাপে তাদের হারানো ফর্ম ফিরে পাবে?

হায়দরাবাদ এফসি গত কয়েক মরসুমে আইএসএল-এর অন্যতম ধারাবাহিক দল। মানোলো মার্কেজ এবং আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের বিদায়ের পরে, দলটি বড় ধাক্কা খেয়েছে। এইচএফসি বর্তমানে ১২ ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে আইএসএল টেবিলের নিচে রয়েছে, এখনও এই মরসুমে লিগে তাদের প্রথম জয়ের মুখ দেখার অপেক্ষায় রয়েছে। নতুন বছরে নতুন করে শুরু করতে মুখিয়ে রয়েছে হায়দরাবাদ এফসি।

পরের রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করা একটি বড় চ্যালেঞ্জ, বিশেষ করে ইস্টবেঙ্গল এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্টের মতো শক্তিশালী প্রতিপক্ষ তাদের সামনে রয়েছে। তা সত্ত্বেও, কলিঙ্গ সুপার কাপে একটি প্রশংসনীয় পারফরম্যান্স বাকি মরসুমের জন্য দলের আত্মবিশ্বাস বাড়াতে পারে। তাই সব দলের কাছেই সুপার কাপ আলাদা গুরুত্ব বহন করছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *