Cart Total Items (0)

Cart

All Sports
কার্লেস কুয়াদ্রাত

অলস্পোর্ট ডেস্ক: বার বার রেফারিদের বিরুদ্ধে মুখ খুলে সমস্যায় পড়েছেন ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত । তাঁর সঙ্গে জরিমানার মুখে পড়তে হয়েছে ক্লাবকেও। এর পর থেকে সাংবাদিক সম্মেলনে তাঁকে রেফারিং নিয়ে প্রশ্ন করা হলে তিনি সংযত থাকার চেষ্টা করেছেন। তবুও রেফারি বিতর্ক পিছু ছাড়ছে না তাঁর। আপাতত বন্ধ আইএসএল ২০২৩-২৪। সব দলের মূল ভারতীয় প্লেয়াররা চলে গিয়েছেন জাতীয় শিবিরে। রয়েছে বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক পর্ব। দু’সপ্তাহের ছুটি কাটাতে বিদেশিরাও চলে গিয়েছে যাঁর যাঁর মতো ছুটি কাটাতে। বন্ধ অনুশীলন। এর মধ্যেই সোশ্যাল মিডিয়ায় (এক্স) ইস্টবেঙ্গল ক্লাবের তরফে পোস্ট করা হল কার্লেস কুয়াদ্রাতের বয়ান।

সেই বয়ানে লেখা হয়েছে, ‘‘আমি সর্বসমক্ষে এটা পরিষ্কার করতে চাই যে জামশেদপুর এফসির বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে আমার মন্তব্য কোনও ব্যক্তি বা সংস্থাকে আঘাত করার লক্ষ্যে ছিল না। আমি শুধু সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনে রেফারিং নিয়ে আমার মতামত জানিয়েছিলাম। আমার মন্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার তরফ থেকে আমি সব সময়ই ভারতীয় ফুটবলের উন্নতি ও ভালর জন্য কাজ করার চেষ্টা করি।’’

গত ২২ ফেব্রুয়ারি জামশেদপুরের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল এফসি। সেই ম্যাচ তারা ১-২ গোলে হেরে যায়। ম্যাচ শেষের বাঁশি বাজার ঠিক আগে গোল করে জামশেদপুরকে গোল এনে দিয়েছিলেন জেরেমি মানজোরো। তাঁর আগে ঠিক ৪৫ মিনিটে ইস্টবেঙ্গলকে এগিয়ে দিয়েছিলেন নন্ধ কুমার। ৮০ মিনিট পর্যন্ত লিড ধরে রাখার পর ৮১ মিনিটে জামশেদপুরকে সমতায় ফেরান রেই তালিকাওয়া। এর পর ম্যাচ পরবর্তী সাংবাদিক সম্মেলনে এসে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাত যে মন্তব্য করেন তা নিয়েই শুরু হয় জল্পনা।

এর আগেও রেফারির বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করে সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। শুধু তিনি নন, আইএসএল-এর অনেক কোচকেই রেফারিংয়ের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল। ভুবনেশ্বরে সুপার কাপের সময় রেফারিং নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন অনেক কোচই। তার মধ্যে অন্যতম ছিলেন ইস্টবেঙ্গল কোচ। তিনি অন্য দলের ক্ষেত্রেও রেফারিংয়ের সমালোচনা করেছিলেন সাংবাদিক সম্মেলনে এসে। তার পর থেকেই তাঁর মন্তব্যে ক্ষুব্ধ ফেডারেশন। শেষ পর্যন্ত প্রকাশ্যে লিখিতভাবে ক্ষমা চাইতে হল কার্লেস কুয়াদ্রাতকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *