অলস্পোর্ট ডেস্ক: ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাবের যাত্রা শুরু হয়ে গেল। সোমবার ধুমধাম করে সেই পথ চলা শুরুর ঘোষণা হল।
তরুণ উদ্যমী খেলোয়াড়দের নেতৃত্বে এই ক্লাবটির লক্ষ্য ভারতের ফুটবল ল্যান্ডস্কেপকে নতুন করে সাজানো। ক্লাবটি তৃণমূলস্তর থেকে পেশাদার স্তরে নিয়ে যাওয়া এবং তরুণ ফুটবলারদের সাফল্য অর্জনের জন্য একটি সঠিক প্ল্যাটফর্ম দেওয়ার পরিকল্পনা নিয়েই এই পথ চলা শুরু হল। এই উদ্যোগের লক্ষ্য সারা দেশ থেকে তরুণ খেলোয়াড়দের তুলে আনার মাধ্যমে, ভারত জুড়ে উদীয়মান ফুটবল প্রতিভাদের সম্ভাবনাকে কাজে লাগানো।
প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপক মণ্ডলকে প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ক্লাবের সঙ্গে টিডি হিসেবে থাকছেন হোসে রামিরেজ ব্যারেটো। এই দুই প্রাক্তন সফল কলকাতা ময়দানে খেলা ফুটবলারের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই স্বপ্ন দেখছে টেকনো ইন্ডিয়া গ্রুপ।
ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব ফুটবলের উন্নয়নের পাশাপাশি বর্তমানে গোয়া, মিজোরাম এবং স্বনামধন্য ইউরোপীয় সংস্থাগুলির সঙ্গে আলোচনা চালাচ্ছে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে।
ক্লাবের সচিব দেবদূত রায়চৌধুরী ক্লাবের লক্ষ্যের কথা বলতে গিয়ে বলেন, ‘‘আমাদের জন্য, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব আশার আলোকবর্তিকা হিসেবে দাঁড়িয়ে আছে, একটি প্রতিষ্ঠান যেখানে খেলাধুলাকে সর্বোচ্চ মানদণ্ডে তুলে আনার প্রতিশ্রুতি রয়েছে। ক্লাবটির লক্ষ্য ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে খেলোয়াড়দের নিয়ে নতুন প্রতিভাদের তুলে আনা। আমাদের লক্ষ্য শীঘ্রই আইএসএলে খেলা।” তিনি আরও বলেন, “আমরা একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় খুলছি, যাতে শিক্ষার্থীরা খেলাধুলায় তাদের ক্যারিয়ার আরও এগিয়ে নিয়ে যেতে পারে।”
এই ক্লাবের হোম গ্রাউন্ড হতে চলেছে সল্টলেকেই। স্কাউটিংয়ের কাজ ইতিমধ্যেই সেরে ফেলা হয়েছে। ময়দানের নিয়ম মেনে বাংলা নববর্ষে বার পূজাও করা হয়েছে। ধরে নেওয়াই যায় পরিকল্পনা করেই বাংলার তথা ভারতীয় ফুটবলের স্বার্থে কাজ করবে এই ক্লাব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
