সফট সিগন্যাল নিয়মের পরিবর্তন করল আইসিসি। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ বিতর্কিত নিয়ম পরিবর্তনের পথে হাঁটল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। তুলে দেওয়া হল সফট সিগন্যালের নিয়ম। আবার ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলে সেটা যে ‘ডেড বল’ হবে না, সেই সংক্রান্ত নিয়মের মধ্যে যে ফাঁক ছিল, তা কাটিয়ে একেবারে স্পষ্ট ভাষায় আইসিসি জানিয়ে দিল, ফ্রি-হিটে স্টাম্পে বল লাগলেও রান হবে। সেইসঙ্গে খেলোয়াড়দের সুরক্ষার জন্য তিনটি ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি। যে তিনটি নিয়ম আগামী ১ জুন থেকে কার্যকর হবে।
আম্পায়ারদের আর সফট সিগন্যাল দিতে হবে না। যা তৃতীয় আম্পায়ারের কাছে কোনও রিভিউ নেওয়ার আগে আপাতত দেন তাঁরা। সবক্ষেত্রে অবশ্য সফট সিগন্যাল দিতে হয় না। মূলত কোনও ক্যাচ নেওয়ার আগেই বল মাটিতে পড়ে গিয়েছে কিনা, সেই সংক্রান্ত সিদ্ধান্তের ক্ষেত্রে অনফিল্ড আম্পায়ার সফট সিগন্যাল দেন। সেই বিষয়টি নিয়ে একাধিকবার বিতর্ক হয়েছে। অনেকক্ষেত্রেই এরকম হত, বোঝা যাচ্ছে যে ক্যাচ নেওয়ার সময় বলটা মাটিতে ঠেকে গিয়েছে। কিন্তু অনফিল্ড আম্পায়ারের সফট সিগন্যালের বিরুদ্ধে অকাট্য কোনও প্রমাণ না থাকায় সেই সিদ্ধান্ত পালটানো যায় না। এবার সেই সমস্যা কেটে যাবে। ম্যাচের গুরুত্বপূর্ণ এরকম একটি সিদ্ধান্ত ম্যাচের ভোল পুরোপুরি পালটে দিতে পারে।
এবার থেকে আন্তর্জাতিক ক্রিকেটে তিনটি ক্ষেত্রে হেলমেট ব্যবহার বাধ্যতামূলক হয়ে গিয়েছে। যেখানে প্রবল ঝুঁকির সম্ভাবনা থাকে। প্রথমত, যখন ফাস্ট বোলারদের মুখোমুখি হবেন ব্যাটাররা। দ্বিতীয়ত, যখন স্টাম্পের কাছে দাঁড়িয়ে থাকবেন উইকেটকিপাররা। তৃতীয়ত, উইকেটের কাছে ব্যাটারদের আশপাশে দাঁড়িয়ে থাকলে ফিল্ডারদের হেলমেট পরে থাকতে হবে।
এছাড়াও ফ্রি-হিটে স্টাম্পে বল লাগার বল যে রান হবে, সেটা সংশ্লিষ্ট দলের রান হিসেবে বিবেচিত হবে। যেমন ফ্রি-হিটে অন্যান্য ক্ষেত্রে রান হয়, সেরকমই হবে। অর্থাৎ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচে ফ্রি-হিটে বিরাট কোহলির ‘বোল্ড’ হওয়ার পর যে বিতর্ক তৈরি হয়েছিল, তারপর নিয়মটা একেবারে স্পষ্ট করা হল। এখন যে নিয়ম আছে, তাতে একেবারে নির্দিষ্টভাবে ওই বিষয়টির উল্লেখ করা নেই। এবার একেবারে স্পষ্টভাষায় নিয়ম লেখা থাকায় কোনও বিতর্ক হবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
