ভারত অনূর্ধ ১৫ (৪) বাহরিন অনূর্ধ্ব ১৫ (৩)
অলস্পোর্ট ডেস্ক: আজারবাইজানের বাকুতে হভসন কম্পিটিশন কমপ্লেক্সের মাঠে লাওস ও ক্যামেরুনকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপ ও ফেস্টিভাল আজারবাইজান ২০২৬য়ে শুরুটা দারুন ভাবে করেছিল ভারতীয় ফুটবলাররা। গ্রুপ কে-র তৃতীয় ম্যাচেও গ্রেনাডার বিরুদ্ধে ৩-০ এগিয়ে গিয়েও পরে তিন গোল হজম করে জয় হাতছাড়া করে তারা। তবে সোমবার ভারতীয় সময় দুপুরে গ্রুপের চতুর্থ খেলায় বাহরিনকে ৪-৩ গোলে হারিয়ে ভারতীয় অনূর্ধ্ব ১৫ দল শুধু জয়ের রাস্তাতেই ফিরল তা নয়, গ্রুপ শীর্ষে থাকল ১০ পয়েন্ট নিয়ে। ভারত গ্রুপের শেষ ম্যাচ খেলবে ভারতীয় সময় রাত ৯টায় গ্রুপের সবচয়ে শক্তিশালী প্রতিপক্ষ সেনেগালের বিরুদ্ধে।
হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ১৬ মিনিটে ভারতকে এগিয়ে দেয় ম্যাকডোনিস এনগাইরাংবাম। ১৯ মিনিটে বিবিয়ানো ফার্নান্ডেজের দলের হয়ে দ্বিতীয় গোল করে আর লালরেমরুয়াতফেলা। বিরতিতে ২-০ গোলে এগিয়ে থেকে সাজঘরে ফিরেছিল ভারত।
কিন্তু দ্বিতীয়ার্ধে আক্রমণের চাপ বাড়িয়ে বাহরিন ২ গোল করে সমতা ফেরায়। ২৮ মিনিটের মাথায় গোল করে বাহরিনের রশিদ আব্দুল রহমান। পরের মিনিটেই গোল করে জেয়াদ আয়ুন। তবে ২-২ হয়ে যাওয়ার পর ভারত লড়াই ছাড়েনি। বরং কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ তাঁর ফুটবলারদের সংগঠিত হয়ে ফুটবল খেলার নির্দেশ দেন সাইডলাইন থেকে। তার ফল মেলে। ৩৮ মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেয় লালরেমরুয়াতফেলা। ৩৯ মিনিটে ভারতকে ৪-২ গোলের লিড দেয় নিবাস মিতেই ওয়াহেংবাম। ৪০ মিনিট জেয়াদ আয়ুন নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করলেও বাহরিনের হার বাঁচেনি। ভারত জয়ী হয় ৪-৩ গোলে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
