নতুন কিট স্পনসর পেল ভারতীয় দল। ছবি সৌজন্যে ট্যুইটার
অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় ক্রিকেট দলের কিট স্পনসর হল জার্মান সংস্থা অ্যাডিডাস। যে সংস্থার জার্সি পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামবেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের সঙ্গে অ্যাডিডাসের কত টাকার চুক্তি হয়েছে, সেই চুক্তির মেয়াদ কতদিনের, তা অবশ্য বিসিসিআইয়ের তরফে জানানো হয়নি। গত ফেব্রুয়ারিতে কয়েকটি রিপোর্টে দাবি করা হয়েছিল যে অ্যাডিডাসের সঙ্গে ৩৫০ কোটি টাকার চুক্তির বিষয়ে ভাবনাচিন্তা করছে বিসিসিআই।
সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে অ্যাডিডাসের সঙ্গে চুক্তির বিষয়ে ঘোষণা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ। টুইটারে তিনি লেখেন, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে কিট স্পনসর হিসেবে অ্যাডিডাসের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি হয়েছে। আমরা ক্রিকেটের প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ। সেই পরিস্থিতিতে বিশ্বের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হতে পেরে অত্যন্ত উৎফুল্ল আমরা। স্বাগত অ্যাডিডাস।’
বর্তমানে ভারতের যে কিট স্পনসর আছে, সেই কিলার জিনসের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগামী ৩১ মে। তারপর থেকেই অ্যাডিডাসের কিট পরে মাঠে নামবে ভারতীয় ক্রিকেট দল। সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় পুরুষ ক্রিকেট দল অ্যাডিডাসের জার্সি পরে মাঠে নামবে। যা শুরু হচ্ছে আগামী ৭ জুন থেকে। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির স্পনসর হল অ্যাডিডাস। আবার ফুটবল বিশ্বকাপেরও স্পনসর হল জার্মান সংস্থা। ফুটবল বিশ্বকাপে অ্যাডিডাসের বল ব্যবহৃত হয়। বিশ্বকাপে যে গোল্ডেন বল, গোল্ডেন বুট, গোল্ডেন গ্লাভসও দেওয়া হয়, তাতে অ্যাডিডাসের নাম থাকে। তাছাড়া জার্মানি, আর্জেন্তিনা, স্পেনের মতো দেশেরও কিট স্পনসর হল অ্যাডিডাস।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
