Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: একরাশ হতাশা নিয়ে বিদায় জানিয়েছিলেন ইস্টবেঙ্গলকে। সেই ইস্টবেঙ্গলকে যাদের বহুদিন পর সাফল্যের মুখ দেখিয়েছিলেন, জিতিয়েছিলেন ডার্বি, দিয়েছিলেন ট্রফি। তাও তিনি কোচের দায়িত্ব ছাড়তে হয়েছিল মাত্র আইএসএল-এর প্রথম তিন ম্যাচ হেরে যাওয়ায়। খুব ভাল মনে তিনি ইস্টবেঙ্গল ছাড়েননি। চেয়েছিলেন, চলতি আইএসএল মরসুমে দলকে একটা ভাল জায়গায় পৌঁছে দিতে। কিন্তু তাঁকে সেই সময়টা দেওয়া হয়নি। বরং নিয়ে আসা হয় নতুন কোচ। তার ফল এই মুহূর্তে‌ সবার সামনে রয়েছে। আইএসএল-এ কোথায় রয়েছে ইস্টবেঙ্গল। তবে কোচ কার্লেস কুয়াদ্রাত কিন্তু তাঁর নতুন জায়গা পেয়ে গেলেন। কারণ তাঁর কোচ হিসেবে দক্ষতা, সাফল্য, অভিজ্ঞতা। মাত্র ছয় মাস, আর তার মধ্যেই ফিলিপিন্স ফুটবল দলের সহকারি কোচ হিসেবে কাজ শুরু করে দিলেন প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ।

কুয়াদ্রাতের জমানায় ইস্টবেঙ্গল দল নতুন করে সাফল্যের স্বপ্ন দেখতে শুরু করেছিল। কোচ কুয়াদ্রাত সেই আত্মবিশ্বাসটা জাগাতে পেরেছিলেন রীতিমতো দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া একটা দলের সমর্থকদের মধ্যে। তাঁকে ঘিরে একটা পুরো মরসুম স্বপ্ন দেখেছিলেন লাল-হলুদ সমর্থকরা। হতাশ করেননি তিনি। যে ডার্বি জিততে ভুলে গিয়েছিল ইস্টবেঙ্গল সেই জেতায় দলকে ফিরিয়েছিলেন তিনি। সে ডুরান্ড কাপের ম্যাচ হোক বা সুপার কাপ। সুপার কাপ জিতিয়ে দলকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিয়েছিলেন তিনি। আর তাঁর এই সাফল্য পুরনো দলে জায়গা ধরে রাখতে না দিলেও নতুন দরজা খুলে দিল তাঁর সামনে।

ফিলিপিন্স দলের হেড কোচ অ্যালবার্ট ক্যাপিলাসের অধিনে সহকারি হিসেবে কাজ করবেন কার্লেস কুয়াদ্রাত। গত বছর এশিয়ান চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছনো ফিলিপিন্স এবার চাইবে আরও ভাল কিছু করতে। এর আগে ২০১০, ২০১২, ২০১৪, ২০১৮-তেও সেমিফাইনালে পৌঁছেছিল দল। এবার সামনে রয়েছে এএফসি এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ড ৩। আগামী ২৫ মার্চ মলদ্বীপের বিরুদ্ধে ঘরের মাঠে খেলবে ফিলিপিন্স। গ্রুপ এ-তে তাজিকিস্তান, মলদ্বীপ ও তিমোর-লেস্তের সঙ্গে রয়েছে ফিলিপিন্স।

সম্প্রতি এই মলদ্বীপ শিলংয়ে ভারতের সঙ্গে একটি প্রীতি ম্যাচে খেলতে নেমেছিল। সেখানে ভারতের কাছে তিনগোল হজম করতে হয়েছে তাদের। তাদের বিরুদ্ধেই কাজ শুরু করবেন কার্লেস কুয়াদ্রাত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *