Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: অদ্ভুত একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মোহনবাগান। সাফল্য যে ছোয়াঁচে। সে দলে কে আছে, কে নেই তা যে আর একটা সময়ের পর কোনও বাধা হয়ে দাঁড়ায় না তা প্রমান করল মোহনবাগান সুপার জায়ান্ট। লিগশিল্ড, আইএসএল ট্রফি জয়ের পর এবার সুপার কাপ। মনে করা হয়েছিল ইস্টবেঙ্গল, মহমেডানের পর মোহনবাগানও দ্বিতীয় দল নিয়ে খুব বেশি কিছু করতে পারবে না কিন্তু কোয়ার্টার ফাইনালে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে দাপুটে ফুটবল খেলে দীপক, সাহাল, দীপেন্দুরা প্রমান করে দিলেন, ভরসা রাখলে বিদেশি ছাড়াই সাফল্য তুলে নেওয়া যেতে পারে। শনিবার ভুবনেশ্বরে সুপার কাপের কোয়ার্টার ফাইনালে কেরাল ব্লাস্টার্সকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল আইএসএল ২০২৫ চ্যাম্পিয়নরা।

এই কেরালাই সুপার ১৬-র ম্যাচে ইস্টবেঙ্গলকে সহজেই হারিয়ে দিয়েছিল। অন্যদিকে চার্চিল ব্রাদার্স নাম তুলে নেওয়ায় সুপার ১৬ খেলতে হয়নি মোহনবাগানকে। বাই পেয়ে সরাসরি খেলতে নেমেছিল কোয়ার্টার ফাইনালে। সঙ্গে একমাত্র বিদেশি নুনো রেইস। কোচ হোসে মোলিনাসহ আইএসএল খেলা সব বিদেশিরাই ফিরে গিয়েছে যে যার দেশে। তাই ভরসা দেশীয়রাই। তবে নিয়মিত আইএসএল খেলা দেশীয়রাও বিশ্রামে। এক কথায় দ্বিতীয় সারির দল নিয়েই শুরুটা জয়ের সঙ্গেই করে দিল মোহনবাগান। দীপক টাংরিকে অধিনায়ক করে কোচ বাস্তব রায় দল সাজিয়েছেন সুপার কাপের জন্য। সেখাে কেরালা কিন্তু পুরো শক্তি নিয়েই সুপার কাপ খেলতে এসেছিল।

এদিন মোহনবাগানের গোল সামলান ধীরজ সিং। সঙ্গে তাঁর মততই একঝাঁক নতুন মুখ। যাঁরা আইএসএল খেলার সুযোগ পাননি। শুরুটা অবশ্য করেছিল কেরালাই। তাদের পর পর আক্রমণ দক্ষতার সঙ্গে সামলায় দলের রক্ষণ থেকে গোলকিপার। তবে এদিন অনেকটাই অফকালার ছিলেন নোয়া। যার প্রভাব পড়ল কেরালার খেলায়। যার ফলে খেলা নিজেদের দখলে নিয়ে নিল মোহনবাগান।দুই অর্ধে দুই গোলের সৌজন্যে ২-০ গোলে এগিয়ে যাওয়ার পর একগোল হজম করতে হলেও জয় হাতছাড়া হতে দেয়নি মোহনবাগান।

ম্যাচের ২৩ মিনিটেই গোল করে মোহনবাগানকে এগিয়ে দিয়েছিলেন সাহাল আব্দুল সামাদ। ডানদিক থেকে বল নিয়ে বক্সের মধ্যে পা বাড়িয়েছিলেন আদনান। সেই বল ধরেই প্রথম টাচে গোলকিপারের মাথার উপর দিয়ে ফিনিশ করেন সাহাল। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে এগিয়ে থেকেই। ৫১ মিনিটে মোহনবাগানের হয়ে ২-০ করেন আশিক কুরুনিয়ানের ক্রস থেকে সুহলে ভাট। ২-০ গোলের ব্যবধান ৯০ মিনিট পর্যন্ত ধরে রাখতে সক্ষম হয় মোহনবাগান। অতিরিক্ত সময়ে শ্রীকুট্টানের গোলে ব্যবধান কমালেও মোহনবাগানের সেমিফাইনালে যাওয়া আটকাতে পারেনি কেরালা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *