অলস্পোর্ট ডেস্ক: কলকাতা ফুটবল লিগ মানে বাংলার ফুটবলের ঐতিহ্য। এখান থেকেই পেশাদার ফুটবলের সঙ্গে সংযোগ স্থাপন হয় বাংলার ফুটবলারদের। বুধবার ঝাঁ চকচকে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা লিগের। এই প্রথম কলকাতা ফুটবল লিগের প্রিমিয়ার ডিভিশনের গ্ৰুপ নির্ধারিত হল লটারির মাধ্যমে। অভিজাত ক্যালকাটা রোয়িং ক্লাবে এই অনুষ্ঠান ঘিরে বসেছিল চাঁদের হাঁট। বাংলার ফুটবলের তারকা থেকে কর্তা, এদিন হাজির ছিলেন মঞ্চ আলো করে।
এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিমিয়ার ডিভিশনের প্রতিযোগী দলগুলোর প্রতিনিধি ও প্রিমিয়ার এবং ফার্স্ট ডিভিশন লিগ কমিটির সদস্যরা। কলকাতা ফুটবলের কিংবদন্তি প্রাক্তন ফুটবলারদের হাত দিয়েই দুই গ্ৰুপে ভাগ হয়ে গেল প্রিমিয়ার লিগের ২৬ দল। প্রথম ড্র হল ডিরেক্টর অব ইন্ডিয়ান ফুটবল সুব্রত পালের হাত দিয়ে। এছাড়া ছিলেন ভাস্কর গঙ্গোপাধ্যায়, অতনু ভট্টাচার্য, জামশেদ নাসিরি, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, অমিত ভদ্র, অলোক মুখোপাধ্যায়, শিশির ঘোষ, সঞ্জয় সেন, দীপেন্দু বিশ্বাস, আলভিটো ডি ‘ কুনহা, রহিম নবি, মেহেতাব হোসেন।
এ ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রাচি স্পোর্টসের ম্যানেজিং ডিরেক্টর রাহুল টোডি, চেয়ারম্যান তমাল ঘোষাল, আইএফএ সভাপতি অজিত বন্দোপাধ্যায়, চেয়ারম্যান সুব্রত দত্ত, সচিব অনির্বাণ দত্ত, সহ সচিব রাকেশ ঝাঁ, মহম্মদ জামাল, সুদেষ্ণা মুখার্জী, এক্সিকিউটিভ সেক্রেটারি সুফল রঞ্জন গিরি। এই ড্রয়ের শেষে দেখা গেল একই গ্ৰুপে জায়গা হয়েছে দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের। অন্যদিকে মহামেডান ও ডায়মন্ড হারবার রয়েছে একই গ্ৰুপে। তবে গ্ৰুপ যাই হোক, আইএফএ-এর এই উদ্যোগে উচ্ছ্বসিত বাংলার ফুটবল মহল।
দেখে নিন কোন গ্ৰুপে কোন দল-
গ্রুপ এ: ইস্টবেঙ্গল এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট, মেসারার্স ক্লাব, কালিঘাট স্পোর্টস লাভার অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, কলকাতা কাস্টমস, কালিঘাট এমএস, পাঠচক্র, আর্মি রেড, পুলিশ এসি
গ্রুপ বি: ডায়মন্ড হারবার, মহমেডান এসসি, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, কলকাতা পুলিশ, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর ক্লাব, রেইনবো এসি, এরিয়ান ক্লাব, খিদিরপুর এফসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি, পিয়ারলেস এসি
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
