অলস্পোর্ট ডেস্ক: সিএবির যুগ্মসচিব দেবব্রত দাসের বিরুদ্ধে আর্থিক দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছিল। সবদিক খতিয়ে দেখে দেবব্রত দাসকে শোকজ করল সিএবির অ্যাপেক্স কাউন্সিল। সোমবার সিএবি বিষয়টির গুরুত্ব বুঝে জরুরি বৈঠক ডেকে এই সিদ্ধান্ত নেয়। সংস্থার কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধেও স্বার্থের সংঘাতে অভিযোগ সামনে এসেছিল। তাঁর ব্যাপারে এথিক্স কমিটির রায়দান বাকি।
দেবব্রত দাসের বিরুদ্ধে অভিযোগ, তিনি অর্থের বিনিময়ে ক্রিকেটার খেলিয়েছেন। এই অভিযোগের মধ্যে সারবত্তা আছে বুঝেই সিএবি তাঁকে শোকজ করেছে। ১৫ দিনের মধ্যে দেবব্রত দাসের কাছে শোকজের জবাব চাওয়া হয়েছে। সেই উত্তর যদি সন্তোষজনক না হয়, তাহলে সিএবি যুগ্মসচিবকে বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। সিএবির সম্মানজনক পদ হারানোর আশঙ্কা থাকছে। শোকজের পাশাপাশি ইডেন উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচ, আইপিএল সহ বিভিন্ন ম্যাচের টিকিটের বকেয়া বাবদ প্রায় ৭ লাখ টাকা ১৫ দিনের মধ্যে মেটানোর নির্দেশ দিয়েছে অ্যাপেক্স কাউন্সিল।
স্বার্থে সংঘাতে অভিযুক্ত সিএবির কোষাধ্যক্ষ প্রবীর চক্রবর্তীর বিষয় নিয়ে শুনানি শেষ হলেও এথিক্স অফিসারের রায়দান এখনও বাকি। উয়াড়ি ক্লাবের শীর্ষ কর্তা প্রবীর চক্রবর্তীর বিরুদ্ধে নিজের ক্লাবেরই অ্যাকাউন্টসে গরমিল করার ও তহবিল তছরূপের অভিযোগ এসেছে। যেহেতু এটা ক্লাবের আভ্যন্তরীন বিচারাধীন বিষয়, তাই সিএবি এব্যাপারে কোনও সরাসরি হস্তক্ষেপ করেছে না। তবে উয়াড়ি ক্লাবের থেকে ফান্ড ইউটিলাইজেশন সার্টিফিকেট চেয়েছে সিএবি। তাদের দেওয়া অনুদান কোন খাতে ব্যবহৃত হয়েছে, তার পূঙ্খানুপুঙ্খ হিসেব না পাওয়া পর্যন্ত ক্লাবকে সবরকম অনুদান দেওয়া থেকে বিরত থাকবে। আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠায় অনুদান বন্ধ থাকছে এরিয়ানেরও।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
