Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ বছর দু’য়েক আগে হঠাৎই পিজিএ ট্যুর প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি হয়েছিল এলআইভি গল্ফ লিগ। গত বছর ছিল নতুন গল্ফ ট্যুরের প্রথম মরসুম। দ্বিতীয় মরসুমেই প্রতিদ্বন্দ্বী ট্যুরের সঙ্গে হাত মেলাল পিজিএ ট্যুর। প্রতিদ্বন্দ্বী থেকে শুধু সহযোগীই নয়, একেবারে মিশে গেল দুই ট্যুর। দু’পক্ষের মধ্যে চুক্তি হওয়ায় গল্ফের দুনিয়ায় আমেরিকার দীর্ঘ দিনের আধিপত্য যেন বশ্যতা স্বীকার করল সৌদি আরবের অর্থ শক্তির কাছে।

দুই ট্যুর মিশে যেতে পারে, এমন কোনও সম্ভাবনার কথা আগে শোনা যায়নি। গত মঙ্গলবার দুই ট্যুর মিশে যাওয়া তাই আকস্মিক। একই সঙ্গে মিশে গিয়েছে ইউরোপিয়ান ট্যুর বা ডিপি ওয়ার্ল্ড ট্যুরও। এই প্রসঙ্গে পিজিএ ট্যুরের কমিশনার জে মোনাহান বলেছেন, ‘‘দু’বছরের সংঘাত এবং বিভ্রান্তির পর গল্ফের জন্য আজ এক ঐতিহাসিক দিন। দ্বন্দ্ব থেকে আমরা এখন অংশীদার। আমরা বুঝতে পেরেছি, লড়াই করা বা আলাদা থাকার থেকে এক সঙ্গে থাকা ভাল।’’ এলআইভি কর্তৃপক্ষের দাবি, নতুন চুক্তি গল্ফের উন্নতিতে সহায়ক হবে।

বিষয়টি মেনে নিতে পারছেন না বিশ্বের প্রথম সারির পেশাদার গল্ফ খেলোয়াড়রা। তাঁরা ক্ষুব্ধ। গোটা প্রক্রিয়া কী করে তাঁদের অন্ধকারে রেখে সম্পন্ন হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। পিজিএ ট্যুরের গল্ফাররা মনে করছেন, নতুন এই চুক্তির ফলে সৌদি আরবের নিয়ন্ত্রণ অনেক বৃদ্ধি পাবে।

গল্ফ খেলোয়াড়দের প্রতিক্রিয়া দুই ট্যুরের কর্তৃপক্ষকে খুশি করবে না। ম্যাকেঞ্জি হিউজ বলেছেন, ‘‘আমরা একটা ট্যুরের সঙ্গে একত্রিত হচ্ছি। অথচ আমরা কখনও একত্রিত না হওয়ার কথা বলেছিলাম।’’ আর এক গল্ফার বাইয়ং হুন অন বলেছেন, ‘‘দুই কর্তৃপক্ষের কাছে এটা জয় পাওয়ার মতো বিষয়। তবে গত দু’বছর ধরে যে খেলোয়াড়েরা দুটো প্রতিযোগিতার অস্তিত্ব রক্ষা করছিল, তাদের জন্য বড় পরাজয়।’’ ক্ষুব্ধ তরুণ খেলোয়াড়রাও। মাত্র দু’বছর আগে পিজিএ ট্যুরে আসা ডিলান উ বলেছেন, ‘‘দুই ট্যুরের মিশে যাওয়া একটা ভন্ডামি। আসলে টাকাই সব সময় জিতে যায়।’’ মাইকেল কিম বলেছেন,‘‘খুব বেশি হলে পাঁচ থেকে সাত জন চুক্তির বিষয়টি জানত। খেলোয়াড়দের সংস্থা কি ঠিক ভাবে পরিচালিত হচ্ছে?’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *