অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) তাদের বার্ষিক সাধারন সভার দিন ঘোষণা করেছে। ২৮ সেপ্টেম্বর মুম্বইয়ে তাদের সদর দপ্তরে বেলা সাড়ে ১১টায় এই সভা হবে। এই সভার মূল বিষয় হল বিসিআইআইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের নির্বাচন। সিএবি সহ রাজ্য সংস্থারগুলি কাছে বিসিসিআই সচিব দেবজিত সইকিয়া যে বিজ্ঞপ্তি পাঠিয়েছেন, তাতে বলা হয়েছে, ভোটিং হবে সংস্থার নতুন সভাপতি, সহ সভাপতি, সচিব, যুগ্মসচিব ও কোষাধ্যক্ষ বাছতে।
আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় থাকছে ২৮ সেপ্টেম্বর সভার আলোচনায়। সেগুলি হল, আইপিএল ও উইমেন্স প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) গভর্নিং কাউন্সিলের সঙ্গে একসাথে বিসিসিআই অ্যাপেক্স কাউন্সিল গঠন। অ্যাপেক্স কাউন্সিলে বোর্ডের জেনারেল বডির মনোনীত এক সদস্য ও ইন্ডিয়ান ক্রিকেট অ্যাসোসিয়েশনের দুই সদস্য থাকবেন।
একটা প্রশ্ন স্বাভাবিকভাবে শুরুতে উঠেছিল, জাতীয় ক্রীড়ানীতি ও প্রশাসনিক বিল আসার পর। বিসিসিআই নির্বাচন কোন নিয়মে হবে? পুরোন লোধা কমিটির সুপারিশ মেনে, না নতুন স্পোর্টস বিলকে মান্যতা দিয়ে? নির্বাচনের মাধ্যমে আগামী তিনবছরের জন্য বিসিসিআই মসনদে যাঁরা বসবেন, তাঁদের আবার সরে দাঁড়াতে হবে না তো ৬ মাস পর জাতীয় ক্রীড়ানীতি বা প্রশাসনিক বিল কার্যকর হলে। তবে বিসিসিআই আপাতত লোধা কমিটির সুপারিশের ওপর সুপ্রিম কোর্টের সম্মতি দেওয়া সংবিধান মেনেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে।
লোধা কমিটির নিয়ম মেনে ৬ বছর আইপিএল চেয়ারম্যান থাকার পর অরুন ধামালের আগামী ৩ বছরের জন্য কুলিং অফে যাওয়ারই কথা। তাঁর জায়গায় নতুন অনেক নামই শোনা যাচ্ছে। তবে ২ বছর ৩ মাস বোর্ডের যুগ্ম সচিব ও ৯ মাস সচিব পদে থাকা দেবজিত সইকিয়ার ওই পদে থেকে যাওয়ায় কোনও বাধা নেই। যদি না তিনি নিজে বা বোর্ডের অন্যান্য সদস্যরা নতুন কাউকে ওই পদের জন্য ভেবে থাকেন। যুগ্ম সচিব পদেও বদলের সম্ভাবনা কম। কারণ রাহুল গনস দেশাই ও প্রভতেজ ভাটিয়ার ওই পদে প্রথম বছর চলছে।
আইপিএল চেয়ারম্যান পদের জন্য মুম্বই ক্রিকেট সংস্থার সচিব সঞ্জয় নায়েক ও বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লার নাম ঘোরাফেরা করছে ক্রিকেট মহলে। শুক্লা আইপিএল চেয়ারম্যান হলে, বিহার ক্রিকেট সংস্থার সভাপতি রাকেশ তেওয়ারি বিসিসিআই সহ সভাপতি পদে মনোনয়ন পেতে পারেন। লোধা কমিটির নিয়ম মেনে ৭০ বছর পূর্ণ করে ফেলা রজার বিনির সভাপতি পদে পুনর্নির্বাচিত হওয়ার সুযোগ নেই। বিসিসিআইয়ের অধিকাংশ সদস্য চান সভাপতি পদে একজন নামী ক্রিকেটারই আসুন, কোনও রাজনীতিবিদ নয়। অনেকে সৌরভ গাঙ্গুলিকে ওই পদে আবার দেখতে চাইছেন। তবে সৌরভ ইতিমধ্যেই জানিয়েছেন, তিনি সিএবি সভাপতি পদের জন্য লড়বেন। ২২ সেপ্টম্বর সিএবির নির্বাচন রয়েছে। তাই এইমুহূর্তে সৌরভকে বিসিসিআই সভাপতি পদে দেখার সম্ভাবনা তেমন নেই বললেই চলে। যদি না এর মধ্যে নতুন কিছু ঘটে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
