Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ খেলোয়াড় জীবনে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, নেতৃত্ব দেওয়ার ব্যাপারে সৌরভ গাঙ্গুলির অলরাউন্ড এবিলিটি ও সাফল্যের কথা সকলেরই জানা। খেলা ছাড়ার পর ভারতীয় ক্রিকেট প্রশাসনে সৌরভ সমানভাবে নিজের দক্ষতা তুলে ধরেন। সিএবি সভাপতি পদ এর আগে বেশ ভালভাবেই সামলেছিলেন মহারাজ। তিনি আবার সিএবির সেই মসনদে বসতে চলেছেন। রবিবার সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেবেন সৌরভ দুপুরে সিএবিতে এসে। তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় ওই পদে জয়ী হবেন। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সিএবির বার্ষিক সাধারন সভায় সেই ঘোষণাটুকু হওয়া শুধু বাকি।

সৌরভ সভাপতি হচ্ছেনই। কিন্তু কে হবেন সিএবি সচিব?‌ বাংলার ক্রিকেট সংস্থার ভেতরের যা খবর, সচিব পদে বসতে চলেছেন বাবলু কোলে, শেষমুহূর্তে বিরাট কোনও বদল না ঘটলে। একটা সময় পর্যন্ত সচিব পদপ্রার্থী হিসেবে সৌরভের অভিন্নহৃদয় বন্ধু সঞ্জয় দাসের নাম জোরালো ভাবেই শোনা যাচ্ছিল। কিন্তু পরবর্তী সময় ছবিটা বদলায়। সচিব নয়, সঞ্জয় দাস সিএবির কোষাধ্যক্ষ পদ পেতে চলেছেন। যেটা অবশ্যই কোনও অংশে কম গুরুত্বপূর্ণ পদ নয়।

আপাতত লোধা কমিটির সুপারিশ মেনেই নির্বাচন হচ্ছে। জাতীয় ক্রীড়ানীতি ও প্রশাসনিক বিল বলবত হতে আরও ৬ মাস লাগবে। আর এই বিল বলবত হওয়ার পরও সভাপতি, সচিব ও কোষাধ্যক্ষ পদ সমান গুরুত্বপূর্ণ থেকে যাবে। সৌরভ গাঙ্গুলি,বাবলু কোলে ও সঞ্জয় দাসকে নতুন বিলের শর্ত অনুযায়ী পদে থাকতে কোনও সমস্যায় পড়তে হবে না। তাঁরা নিজেদের মেয়াদ পূর্ণ হওয়া পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন।

দাদা স্নেহাশিস গাঙ্গুলি সভাপতি থাকার সময় নানা দুর্নীতি ও অন্যান্য গুরুতর অভিযোগের কারণে সিএবির ভাবমূর্তি অনেকটাই ক্ষুন্ন হয়েছে। সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে সৌরভ সেই ভাবমূর্তি পুনরুদ্ধারের কাজে জোর দেবেন। এছাড়া বাংলা ক্রিকেটের সাফল্যের জন্য তৃণস্তর থেকে প্রতিভা তুলে আনার ব্যাপারে বেশি করে উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন। সৌরভ চান, মত পার্থক্য ভুলে মতাদর্শ সামনে রেখে সিএবি ও বাংলা ক্রিকেটের উন্নতির স্বার্থে সকলে একসঙ্গে পথ চলুক। সৌরভের আরও একটি লক্ষ্য থাকবে, বেশি বেশি করে ইডেন গার্ডনসে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আনা, বাংলার ক্রিকেটপ্রেমীদের মনোরঞ্জনের জন্য।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *