Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ প্রবাদপ্রতিম ক্রিকেট আম্পায়ার হ্যারল্ড ডিকি বার্ডের জীবনাবসান। ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব গভীর শোকপ্রকাশ করে ৯২ বছর বয়সে তাদের ক্লাবের ২০১৪ সাল থেকে সভাপতি পদে থাকা ডিকি বার্ডের মৃত্যুর খবর জানিয়েছে।

বার্ড ৩২ বছর বয়সে খেলোয়াড় জীবন থেকে অবসর নেওয়ার পর ১৯৭০ সালে প্রথমবার একটি কাউন্টি ক্রিকেট ম্যাচে আম্পায়ারিং শুরু করেন। যখন আম্পায়ারিং জীবন থেকে অবসর নেন ডিকি বার্ড, তখন তাঁর ঝুলিতে ৬৬ টেস্ট, ৬৯ টি একদিনের আন্তর্জাতিক ও ৩টি বিশ্বকাপ ফাইনাল খেলানোর অনন্য রেকর্ড। বার্ড আর ক্রিকেটকে কোনদিন আলাদাভাবে ভাবা যায়নি। তিনি আর ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাব সমার্থক হয়ে গিয়েছিলেন। ক্লাব তাঁকে ২০১৪ সালে সভাপতি পদে বসিয়ে গর্বিত বোধ করেছিল। বার্ডের আত্মজীবনী এতটাই জনপ্রিয় ছিল, ১০ লাখেরও বেশি কপি বিক্রি হয়েছিল বিভিন্ন সংষ্করণে। এখনও বিক্রি থামেনি।

ইয়র্কশায়ারের বার্নসলি শহরে ১৯৩৩ সালে ১৯ এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন বার্ড। ইয়র্কশায়ার ও লেস্টারশায়ারের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলার পর তাঁকে মাঠ থেকে সাময়িক সরে আসতে হয়েছিল চোটের কারণে। কিন্তু তিনি আবার স্বমহিমায় মাঠে ফেরেন ক্রিকেট আম্পায়ার হিসেবে। তাঁর হাসিখুশি মেজাজ, মজার ব্যক্তিত্ব, নির্ভুল আম্পায়ারিং সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। ১৯৮৬ তে বার্ডকে এমবিই ও ২০১২ সালে ওবিই হিসেবে নিয়োগ করা হয় , ক্রিকেটে তাঁর অসামান্য অবদানের জন্য।

ইয়র্কশায়ার চেয়ারম্যান কলিন গ্রেভস ক্লাবের শোকবার্তায় বার্ডের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও পরিবারকে সমবেদনা জানিয়ে লিখেছেন,‘‌ এটা খুব দুঃখের দিন। আমরা একজন লেজেন্ডকে হারালাম। একজন ভালবাসার মানুষ চলে গেলেন। হেডিংলেতে সকলে বার্ডকে মিস করব।’‌

ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও গভীর শোক প্রকাশ করেছে বার্ডের মৃত্যুতে। বার্নসলি ফুটবল ক্লাবের একনিষ্ঠ সমর্থক ছিলেন বার্ড। ১০ দিন আগে বার্নসলির ম্যাচ দেখতে মাঠে হাজির ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে শোকাহত ক্লাব সদস্য ও কর্তারা বার্ডের প্রতি শ্রদ্ধা জানাতে কারাবাও কাপের ব্রাইটনের বিরুদ্ধে বার্নসলির ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *