লিওনেল মেসি
অলস্পোর্টস ডেস্ক: ভারত সফরে আসছেন লিওনেল মেসি। ডিসেম্বরে অনুষ্ঠেয় এই সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের অধিনায়ক কিংবদন্তী ফুটবলার মেসির এই সফর শুরু হবে কলকাতা দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩ ডিসেম্বরে। ১৪ ডিসেম্বর মেসিকে ঘিরে অনুষ্ঠান থাকছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। মাঝে আমেদাবাদ ঘুরে দিল্লিতে অরুন জেটলি স্টেডিয়ামে, ১৫ ডিসেম্বর।
নিজের ইনস্টাগ্রাম পেজে এই ভারতের সফরের কথা তুলে ধরেছেন মেসি। লিখেছেন, ‘ আমি ডিসেম্বরে ভারতের মতো সুন্দর দেশে যাওয়ার কথা ভেবে সত্যি খুব উত্তেজিত। কলকাতা, মুম্বই ও দিল্লিতে সফরের সময় সেখানকার ঐতিহ্যশালী স্টেডিয়ামে কনসার্ট, ইউথ ফুটবল ক্লিনিক, প্যাডল কাপ ও কিছু চ্যারিটেবল অনুষ্ঠানের সঙ্গে যোগ দেব ভেবে খুশি। হয়ত আরও কয়েকটা শহরে যেতেও পারি। এই ‘ গোট কনসার্টের’ টিকিট ডিস্ট্রিক্ট অ্যাপে মিলবে। এই সফরে ভারতের নামী তারকা ও বিশিষ্ট মানুষের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ পাব। তার জন্য ধন্যবাদ প্রাপ্য শতদ্রু দত্ত ইনিসিয়েটিভের, ১৪ বছর পর দ্বিতীয়বার ভারত পা রাখার সুযোগ করে দেওয়ার জন্য।’
মেসি আরও লিখেছেন, ‘ ১৪ বছর আগের কলকাতায় যুবভারতীতে ম্যাচ খেলার স্মৃতি আজও মনে আছে প্রবলভাবে। ওখানাকার ভক্তরা দারুন। ভারত একটি ফুটবল পাগল দেশ। ওদের উন্মাদনা গতবারই টের পেয়েছিলাম। এবার নতুন প্রজন্ম ও আরও অনেক মানুষের সঙ্গে দেখার সুযোগ হবে, মিলবে ভালবাসা।’
কলকাতায় যুবভারতীতে মেসি ২০১১ সালে ভেনেজুয়েলার বিরুদ্ধে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নিয়েছিলেন মেসি আর্জেন্টিনা দলের জার্সিতে। ম্যাচটা আর্জেন্টিনা জিতেছিল ১-০ গোলে। এবার কলকাতা সফরে মেসির অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সৌরভ গাঙ্গুলি, বাইচুং ভুটিয়া, লিয়েন্ডার পেজ সহ আরও অনেকে। মুম্বইয়ে প্যাডল গোট কাপে মেসির সঙ্গে অংশ নেওয়ার কথা শাহরুখ খান, শচীন তেন্ডুলকার, এম এস ধোনি প্রমুখর।
এই সফরের আগে কেরলের কোচিতে ১০ থেকে ১৮ নভেম্বরের মাঝে একটি প্রদর্শনী ম্যাচ খেলতে আসার কথা আছে মেসি আর্জেন্টিনা দলের সঙ্গে। তা নিয়ে কালুর স্টেডিয়াম সাজানোর কাজ শুরু হয়েছে জোরকদমে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
