Cart Total Items (0)

Cart

All Sports

‌অলস্পোর্ট ডেস্ক:‌ ডিসেম্বরে কলকাতা, মুম্বই ও দিল্লি সফরে আসার আগে চলতি বছরের নভেম্বরে কোচিতে আর্জেন্টিনা দলের জার্সি গায়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অংশ নেওয়ার কথা লিওনেল মেসির। ফুটবলের রাজপুত্রের ওই ম্যাচে সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। খেলা হবে ১২ থেকে ১৮ নভেম্বরের মাঝে কোনও একটা দিনে। কোচির কালুরে নেহরু স্টেডিয়ামে। এটা কেরালা ব্লাস্টার্সের হোম গ্রাউন্ড।

আর্জেন্টিনা ফুটবল সংস্থার ভেনু ম্যানেজার হেক্টর ড্যানিয়েল কাবরেরা ইতিমধ্যেই কোচি এসে মেসিদের খেলার জন্য নির্দিষ্ট মাঠ ও পরিকাঠামো ঘুরে দেখেছেন। এবং সেসময় কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আব্দুরহিমানের সঙ্গে সমস্ত ব্যবস্থাপনা খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে আলোচনাও সেরেছেন। পরে কাবরেরা সমস্ত ব্যবস্থাপনা দেখে সন্তোষ প্রকাশ করে প্রচারমধ্যমকে জানান, ‘‌ যে মাঠে মেসি সহ আর্জেন্টিনা দল খেলবে, সেটা ছাড়াও স্টেডিয়ামের পরিকাঠামো, দল যে হোটেলে থাকবে তা দেখা জরুরি ছিল। তাছাড়া বিমানবন্দর থেকে হোটেলের দূরত্ব, হোটেল থেকে খেলার মাঠের যাতায়াত ব্যবস্থা কতটা ভাল, সেটাও জানা।’‌

কালুরের নেহরু স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথরিটি(‌জিসিডিএ)‌ ইতিমধ্যেই মেসি ম্যাচ আয়োজনের জন্য জোরকদমে স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেছে। যার মধ্যে স্টেডিয়ামের বাতিস্তম্ভ থেকে দর্শকদের বসার আসন মেরামতিও রয়েছে। ক্রীড়ামন্ত্রী আব্দুরহিমান জানিয়েছেন, ৩০ দিনে সমস্ত কাজ শেষ করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তার মধ্যেই কাজ হয়ে যাবে।

শুরুতে তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড স্টেডিয়ামে মেসি ম্যাচ আয়োজনের ভাবনা থাকলেও, তা বাতিল করে নিয়ে যাওয়া হয় কালুরের নেহুরু স্টেডিয়ামে। ম্যাচ ঘিরে কোনও বিশৃঙ্খলা যাতে না হয়, তার জন্য সতর্ক কেরল সরকার ও সংগঠকরা। আসলে কারুর ও বেঙ্গালুরুর সাম্প্রতিক পদপিষ্ট হয়ে বহু মানুষের প্রাণহানির ঘটনা থেকে শিক্ষা নিয়ে, মেসি ম্যাচ নির্বিঘ্নে আয়োজনের জন্য সবরকম পদক্ষেপ নিচ্ছে। ইভেন্ট স্পনসর রিপোর্টার টিভির ম্যানেজিং ডিরেক্টার আন্তো আগস্টিন জানিয়েছেন, ফিফা মানের ব্যবস্থা থাকবে ম্যাচের জন্য। চেষ্টা হবে যতসম্ভব বেশি মামুষ যাতে স্টেডিয়ামে বসে মেসির খেলা দেখতে পারেন। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে আলোচনা করছেন, যাতে যাঁরা মাঠে গিয়ে মেসির খেলার সুযোগ পাবেন না, তাঁদের জন্য যদি একটা রোডশো করা যায় মেসিকে নিয়ে, তাহলে অন্তত মেসিকে দেখে চোখ সার্থক করতে পারবেন তাঁরা।

এদিকে, জিসিডিএর থেকে স্টেডিয়াম সংস্কারের ভার কালুরের স্পোর্টস কেরল ফাউন্ডেশন বুঝে নিতে চেয়েছে। তারা মেসি ম্যাচ আয়োজনে যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য স্টেডিয়াম সংলগ্ন দোকানপাট একমাসের জন্য বন্ধ রাখতে চায়। এটা নিয়ে কেরল ব্যবসায়িক সমিতির সঙ্গে একটা গোল বেধেছে। তাদের বক্তব্য, মেসি ম্যাচের জন্য একমাস দোকান পাট বন্ধ থাকলে, তাদের বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে। সেটা পোষাবে কেন?‌ শেষপর্যন্ত একটা সমঝোতায় আসার চেষ্টা চলছে দোকানপাট এক সপ্তাহ বন্ধ রাখার নিদান দিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *