অলস্পোর্ট ডেস্ক: বুধবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৩-এর ম্যাচে ভারত পাকিস্তানকে ৪-০ গোলে হারিয়ে দিল। যদিও আগেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। কিন্তু চির শত্রু পাকিস্তানকে হারিয়েই সেমিফািইনাল খেলতে নামা ভারতের আত্মবিশ্বাসকে দ্বিগুন করে দেবে। এদিন ম্যাচে গোলের মুখই খুলতে পারেনি পাকিস্তান। ভারতের হয়ে হরমনপ্রীত সিং দু’টি এবং জুগরাজ সিং ও আকাশদীপ সিং একটি করে গোল করেন। এই জয়ের সঙ্গে লিগ পর্বের শেষে টেবিলের শীর্ষে থেকেই শেষ করল ভারতীয় হকি দল। অন্যদিকে এই বড় পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান।
হরমনপ্রীত (১৫, ২৩ মিনিট) দু’টি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করেন। অন্যদিকে জুগরাজ সিং (৩৬ মিনিট) আর একটি সেট পিস থেকে বল জালে জড়ান। ৫৫ মিনিটে আকাশদীপ সিংয়ের স্টিক থেকে ভারতের শেষ গোলটি আসে। এই জয়ের সঙ্গে ১৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে থাকল ভারত।
কোরিয়া ও জাপানের সঙ্গে একই (৫) পয়েন্টে শেষ হওয়া সত্ত্বেও গোল ব্যবধানে টুর্নামেন্ট থেকে ছিটকে গেল পাকিস্তান। সেমিফাইনালে ওঠার জন্য পাকিস্তানের অন্তত একটি ড্র বা এক গোলে হারতে হতো।
শুক্রবার সেমিফাইনালে ভারত খেলবে জাপানের সঙ্গে, আর মালয়েশিয়া মুখোমুখি হবে কোরিয়ার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
