অলস্পোর্ট ডেস্কঃ ওয়ার্ল্ড টেষ্ট চ্যাম্পিয়নশিপে অষ্ট্রেলিয়ার কাছে ভারতের হার কেউই ভালভাবে নেয়নি। এই তালিকায় রয়েছে সমর্থক থেকে প্রাক্তন খেলোয়াড়। দিনের শেষে মন খারাপ কাটলেও একটা গভীর ক্ষত থেকে গিয়েছে। এই হারের জন্য ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে দল গঠনের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে। বিশেষত অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন-কে দলে না নেওয়ার জন্য প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। পাটা উইকেটে টস জিতে প্রথমে ফিল্ডিং নেওয়ার জন্যও আঙুল উঠেছে রোহিতের দিকে।
অশ্বিন অষ্ট্রেলিয়া দলকে তাদের জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এর সঙ্গে তিনি বলেছেন, ভারত প্রথমে বোলিং নেওয়ায় প্যাট কামিন্সের দলের কাছে শুরু থেকেই ম্যাচটা অনেক সহজ হয়ে গিয়েছিল।
অশ্বিন নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘‘অভিনন্দন অষ্ট্রেলিয়া। একটা অসাধারণ ফাইনালের সাক্ষী রইলাম আমরা। এই পারফর্মেন্সের জন্য তাদের জয় নিশ্চিত ছিল। এই দলে মার্নাস লাবুশাগনের মতো বহু ক্রিকেটার আর্ন্তজাতিক স্তরে ক্রিকেট খেলে এসেছে। যা দলের জন্য সব থেকে সুবিধে হয়েছে। ভারতের মতো তাদেরও দল শক্তিশালী। খেলোয়াড়দের এই ধারাবাহিক পারফর্মেন্সের জন্য অষ্ট্রেলিয়া দল সাফল্যের শিখরে।’’
অষ্ট্রেলিয়ার কাছে ভারতের পরাজয় শুধু একটা হারই নয়। ১০ বছর ধরে ভারতে ঝুলিতে আইসিসি ট্রফির খরা অব্যহত। এমএস ধোনির অধিনায়কত্বে শেষবার ভারত ট্রফি জিতেছিল ২০১৩-তে। তারপর থেকে পরপর ফাইনালে হেরেছে ভারত। ভারতের জয়ের পিছনে ধোনির অবদানের কথাও উঠে এসেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
