Cart Total Items (0)

Cart

All Sports
ব্যালন ডি'ওর

অলস্পোর্ট ডেস্ক:‌ ফুটবলের রাজপুত্র লিওনেল মেসির তিনদিনের ভারত সফর ঘিরে দেশজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে। কলকাতা ছাড়া বাকি তিন শহর হায়দরাবাদ, মুম্বই ও দিল্লিতে মেসি দর্শনে মুগ্ধ তাঁর ভক্তরা। শেষপর্বে আম্বানিদের ডাকে সাড়া দিয়ে মেসি পৌঁছে গিয়েছিলেন ‘‌বনতারা’‌য়। বলা যেতে মেসি এলেন, ভারতের বিভিন্ন শহরে ঘুরলেন। একমাত্র কলকাতার বিশৃঙ্খলা বাদ দিলে বাকি সব জায়গায় মানুষের মন জয় করলেন। এটাই স্বাভাবিক। কিন্তু মেসি ভারত ছেড়ে চলে যাওয়ার পর একটাই প্রশ্ন থেকেই যাচ্ছে, এই যে এত কোটি কোটি টাকা খরচ করে মেসিকে এদেশে আনা হল, এতে কি ভারতীয় ফুটবল এককদমও এগোবে?‌

অনেকেই বলবেন, মেসির আগমনে ভারতের নতুন প্রজন্মের ফুটবলাররা অনুপ্রাণিত হবে। তারা আরও বেশি করে ফুটবলমুখী হবে। ধরে নিলাম, তাই হল, কিন্তু খেলবে কোথায় তারা?‌ ভারতের মাটিতে ফুটবলটাই তো বন্ধ হয়ে রয়েছে। ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে এখন ক্লাব, ফেডারেশন আর আদালতের মধ্যে টানাপোড়েন অব্যাহত। এখনও পর্যন্ত কোনও সুরাহা মেলেনি। কোনওরকমে সুপার কাপ আয়োজন করার পর ভারতীয় ফুটবল ফেডারেশন জানে না, আইএসএল তারা আদৌ এবার করে উঠতে পারবে কিনা?‌ যেখানে কোটি কোটি টাকা খরচ হয় মেসি, সুয়োরেজ, রডড্রিগো ডি পলদের আনতে, সেখানে আইএসএলের জন্য কোনও বিডার পাওয়া যায় না। শুধু আইএসএল নয়, আইলিগের টপ টায়ার ও দ্বিতীয় ডিভিশনের জন্যও বিডার মেলেনি। গোটা ভারতীয় ফুটবলের পরিকাঠামোটাই ভেঙে পড়ার মুখে। সেখানে এই মেসিকে ভারতে এনে বানিজ্যিক ফায়দা লোটা ছাড়া কোন উপকার হল ভারতীয় ফুটবলের?‌ মেসিকে সামনে রেখে কোনও বানিজ্যিক সংস্থা কি ভারতীয় ফুটবলকে বর্তমান পঞ্চত্বপ্রাপ্তির হাত থেকে বাঁচাতে এগিয়ে আসছে?‌ এমন কোনও ইঙ্গিত এখনও পর্যন্ত মেলেনি।

এর আগে ফুটবলসম্রাট পেলে দু’‌বার কলকাতা ঘুরে গেছেন। মারাদোনাও দু’‌বার। মেসিরও এটা ছিল দ্বিতীয় সফর। তার মধ্যে প্রথমবারের সফর ছিল সত্যি উল্লেখযোগ্য। ২০১১ সালে মেসি যুবভারতীতে আর্জেন্টিনার জার্সি গায়ে ভেনেজুয়েলার বিরুদ্ধে পুরো সময় মাঠে খেলেছিলেন। তাঁর সেই সফর ও মাঠে নেমে খেলার থেকে প্রেরণা নেওয়ার যথেষ্ট সুযোগ ছিল। তবে কতজন ভারতীয় ফুটবল, কর্তা বা ফুটবলপ্রেমী তাতে অনুপ্রাণিত বোধ করেছেন, তার প্রমাণ তো এতদিনেও মেলেনি। ভারতীয় ফুটবল যে তিমিরে ছিল, সেখানেই আছে। কোটি কোটি টাকা খরচ করে মেসিকে আনা গেছে দ্বিতীয়বার, ভবিষ্যতে এমনই কোটি কোটি টাকা খরচ করে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে এনে বীরের সম্মান দেওয়ার পরিকল্পনাও রয়েছে। খেলোয়াড় ছাড়াও বেশ কিছু সেলিব্রিটি ও পয়সাওয়ালা মানুষের সঙ্গে রোনাল্ডোর সেলফি তোলার, হাত মেলানোর, বলে বা জার্সিতে সই নেওয়ার সুযোগও হবে। কিন্তু এই ধরনের আয়োজনে ভারতীয় ফুটবলের কী লাভ হবে?‌

একসময় ফিফার প্রাক্তন সভাপতি শেপ ব্লাটার বলেছিলেন, ভারত ফুটবলে ঘুমন্ত দৈত্য। কিন্তু ভারতীয় ফুটবলের কুম্ভকর্ণের ঘুম যে কবে ভাঙবে কেউ জানে না। মেসিরা বারবার এলেও না। কোটি কোটি টাকা খরচ করে অনেক কিছুই করা যায়, বনের বাঘকে ইলেট্রিক চাবুকের ভয় দেখিয়ে সাকার্সে খেলা দেখানো যায়, কিন্তু পয়সা দিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করা সম্ভব নয়। তার জন্য নিজেদের তৈরি করতে হয় অন্যভাবে। ৪৮ দলের বিশ্বকাপে কেপ ভার্দে, হাইতির মতো ছোট দেশ ফিফা ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতার্জন করতে পারে। সেখানে ভারত বিশ্বকাপে দূরে থাক, এশিয়ান কাপের মুল পর্বেই কোয়ালিফাই করতে পারে না। আসলে আমরা অন্যদের দেখেই মুগ্ধ, বীরপুজোতে ব্যস্ত থাকতে ভালবাসি।

মেসি, রোনাল্ডোরা আসবেন, ভারতীয় ফুটবলপ্রেমীদের আনন্দ দেবেন, কিন্তু তাঁরা জানতেও পারবেন না, ভারতে বিনোদনের নামে কোটি কোটি উড়লেও, ভারতীয় ফুটবল বাঁচানোর স্বার্থে কেউ একটাকা নিয়েও এগিয়ে আসবে না। মেসি এবার এলেন, অথচ তিনি জানতেও পারলেন না, দেশের একনম্বর লিগ বন্ধ হয়ে পড়ে রয়েছে। ক্লাবগুলো ধুঁকছে আইএসএল না শুরু হওয়ায়। ফুটবলার, কর্মী থেকে ফুটবলের সঙ্গে জড়িত বহু মানুষের রুটি রোজগার বন্ধের মুখে। আইএসএলের বানিজ্যিক সহযোগী কে হবে, তা এখনও অজানা। মাঝে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর সঙ্গে বৈঠকের পর মনে হয়েছিল, একটা সমাধান সূত্র বেরোবে। সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টের কাছে সেকারণে সময়ও চেয়ে নিয়েছিলেন। কিন্তু তারপরও জট ছাড়েনি। আইএসএলের ক্লাবগুলো একজোট হয়ে ফেডারেশনের কাছে জানিয়েছিল, তারা লিগ আয়োজন করতে ইচ্ছুক। কিন্তু ফেডারেশন তাতে সায় দেয়নি এটা বলে, ২০ ডিসেম্বর ফেডারেশনের বার্ষিক সাধারন সভার অনুমোদন লাগবে এটা মানতে। তারওপর বেশ কিছু জট পাকিয়ে রয়েছে সুপ্রিম কোর্টের শর্ত ও অনুমোদন সাপেক্ষে।

মেসিরা একরাশ ভালবাসা নিয়ে নিজ নিজ ক্লাব ও দেশে ফিরে গেছেন। কিছুদিনের মধ্যে বিশ্বকাপের প্রস্তুতিও শুরু করে দেবেন। আর ভারতীয় ফুটবল অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক ছন্দ খুঁজে পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *