Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ নিরাপত্তার দোহাই দিয়ে ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপের ম্যাচ খেলতে চায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তারা আইসিসির কাছে ম্যাচ অন্যত্র সরানোর আবেদন করেছিল। অর্থাৎ তাদের ম্যাচগুলি যেন শ্রীলঙ্কায় দেওয়া হয়। ইএসপিএন ক্রিকইনফোর রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশের ভারতে বাইরে টি২০ বিশ্বকাপের ম্যাচ সরানোর আর্জি আইসিসি খারিজ করে দিয়েছে। মৌখিকভাবে তারা জানিয়েও দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(‌বিসিবি)‌ দাবি, তাদের কাছে সরকারিভাবে এখনও পর্যন্ত এমন কোনও বার্তা এসে পৌঁছয়নি। একইসঙ্গে আইসিসির তরফেও সরকারিভাবে এনিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

আইসিসি টি২০ বিশ্বকাপে গ্রুপ পর্যায়ে বাংলাদেশের ৪টি ম্যাচ রয়েছে। কলকাতায় ইডেনে বাংলাদেশের ম্যাচ রয়েছে ৭, ৯, ১৪ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, ইতালি ও ইংল্যান্ডের বিপক্ষে। ১৭ তারিখ মুম্বইয়ের ওয়াংখেড়েতে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। কিন্তু এই ম্যাচগুলো ভারতের মাটিতে খেলতে নারাজ বাংলাদেশ। আসলে বিসিসিআইয়ের তরফে আইপিএলের দল থেকে মুস্তাফিজুর রহমানকে ছেঁটে ফেলার নির্দেশ কেকেআর টিম ম্যানেজমেন্টকে দেওয়ার পরই বিসিবির কর্তারা প্রচন্ড ক্ষিপ্ত। তাঁরা এটাকে বাংলাদেশ ক্রিকেট ও ক্রিকেটারদের প্রতি অপমান মনে করেছে। একইসঙ্গে তাঁদের যুক্তি, যে দেশে মুস্তাফিজুর খেলার অনুমতি পায় না, সেদেশে ক্রিকেটারদের নিরাপত্তার অভাব রয়েছে। এমনকি বাংলাদেশ দলের সঙ্গে সফর করবেন যারা, সেই মিডিয়া, স্পনসরের প্রতিনিধি ও সমর্থকদের নিরাপত্তার সমস্যা দেখা দেবে।

তবে জানা গেছে, মঙ্গলবার জয় শাহর চেয়ারম্যানশিপে আইসিসির গভর্নিং বডি ভার্চুয়াল বৈঠকে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের ভারতের বাইরে টি২০ বিশ্বকাপ ম্যাচ সরানোর আবেদন নাকচ করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাফ জানিয়েছে, এইমুহূর্তে এমন আর্জি মানা সম্ভব নয়। ভারতের মাটিতে বাংলাদেশ ক্রিকেটারদের নিরাপত্তাজনিত কোনও সমস্যা আছে বলে তারা মনে করে না। তাই বাংলাদেশ যদি এরপর ভারতের মাটিতে খেলতে অস্বীকার করে, তাহলে তাদের পয়েন্ট খোয়া যাবে।

এখন দেখার বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী পদক্ষেপ নেয় টি২০ বিশ্বকাপে অংশগ্রহণের ব্যাপারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *