Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ জেড্ডায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে রিয়েল মাদ্রিদকে ৩-‌২ গোলে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতে নিয়েছে বার্সিলোনা। কিং আবদুল্লা স্পোর্টস সিটি স্টেডিয়ামে শিহরণ জাগানো ম্যাচে বার্সিলোনার জয়ের পিছনে রাফিনহার দুটি গোলের অবদান অনস্বীকার্য। আর একটি গোল আসে লেওয়ানডস্কির মাধ্যমে।

গত চার মরশুমের মধ্যে তিনবার সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে বার্সিলোনা। সবমিলিয়ে ১৬তম স্প্যানিশ সুপার কাপ ট্রফি লাভ তাদের। হানসি ফ্লিক্সের কোচিং বার্সিলোনা পরপর দু’‌বছর সুপার কাপ ঘরে তুলল। গত মরশুমে ফাইনালে এই রিয়েল মাদ্রিদকেই ৫-‌২ গোলে হারিয়েছিল তাঁর দল। আর রিয়েল এই নিয়ে পরপর তিনটি ফাইনালে হারল বার্সিলোনার কাছে। সুপারকোপা ২০২৫, কোপা দেল রে ২০২৫ ও সুপারকোপা ২০২৬ ফাইনালে।

রাপিনহা ৩৬ মিনিটে প্রথমে গোল করে বার্সিলোনাকে এগিয়ে দিয়েছিলেন। ফার্মিন লোপেজের বাড়ানো বল ধরে রিয়েল মাদ্রিদের অরেলিয়ান চুয়ামনির পায়ের ফাঁক দিয়ে শট নিয়ে গোলকিপার কুর্তোয়াকে হার মানান রাপিনহা। প্রথমার্ধের সংযুক্তি সময়ের দ্বিতীয় মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের দর্শনীয় গোলে সমতা ফেরায় রিয়েল। মাঝমাঠে বল ধরে দুরন্ত গতি ও পায়ের জাদুতে জুলস কুন্ডে, পাউ কুবারসিকে টপকে জোরালো শট পোস্টের কোন দিয়ে জালের ভেতর পাঠান ভিনিসিয়াস। ১৭ ম্যাচের গোল খরা কাটালেন তিনি। ৪ অক্টোবর ২০২৫এর পর গোল পেলেন।

প্রথমার্ধের সংযুক্তি সময়ের চতুর্থ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে বার্সিলোনাকে আবার এগিয়ে দেন লেওয়ানডস্কি। সংযুক্তি সময়ে ষষ্ঠ মিনিটে আবার গোল করে সমতা ফেরান রিয়েলের গঞ্জালো গার্সিয়া। কর্নার থেকে ভেসে আসা বলে ডিন হুজসেনের হেড ক্রশপিসে লেগে ফিরলে, তা গোলে পাঠান গার্সিয়া। এই গোল নিয়ে প্রতিবাদ জানান বার্সিলোনার কোচ হানসি ফ্লিক। রেফারির কাছে গিয়ে বলেন, সংযুক্তি সময় শেষ হওয়ার পর রিয়েল তাদের দ্বিতীয় গোল করেছে। রেফারির আগেই বিরতির বাঁশি বাজানো উচিত ছিল।

তবে ওস্তাদের মার শেষ রাতের মতো বার্সিলোনা বাজিমাত করল ৭৩ মিনিটে করা রাপিনহার গোলে। তাঁর শট রিয়েল ডিফেন্ডার রাউল আনসেসিওর পায়ে গেলে দিক পরিবর্তন করে গোলকিপার কুর্তোয়াকে বোকা বানিয়ে গোল চলে যায়।

৯০ মিনিট অতিক্রান্ত হলে দু’‌দল ফুটবলারদের নাছোড়বান্দা মনোভাবে ম্যাচের উত্তাপ বাড়ে। যার প্রভাব পড়ে ফুটবলারদের আচরণে। ৯১ মিনিটে কিলিয়ান এমবাপেকে বিশ্রি ফাউল করার অপরাধে রেফারি লাল কার্ড দেখান বার্সিলোনার ফ্র‌্যাঙ্কি ডি ইয়ংকে। ১০ জন হয়ে পড়লেও রিয়েলের চাপ সামলে ম্যাচ জিতে নেয় বার্সিলোনা ব্রিগেড দৃঢ়তা দেখিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *