Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ জট কাটল না। ভারতের মাটিতে গিয়ে টি২০ বিশ্বকাপ ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় থাকল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। শনিবার ঢাকায় অনুষ্ঠিত আইসিসি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক সত্ত্বেও। ভারতের মাঠে না খেলার কারণ হিসেবে বিসিবি নিজেদের ক্রিকেটারদের পাশাপাশি মিডিয়া, স্পনসর প্রতিনিধি ও সমর্থকদের নিরাপত্তাকে ঢাল করেছে।

এর আগে বারবার তাদের নিরাপত্তা নিয়ে নিশ্চিত আশ্বাস দিলেও বিসিবি ও বাংলাদেশ সরকার তা কানে তুলতে নারজ। তাদের একটাই দাবি, বা গোঁ বলতে পারেন, সেটা হল ভারতের বদলে টি২০ বিশ্বকাপের ম্যাচ অন্যত্র সরানো হোক। আইসিসির তরফেও অবশ্য সাফ জানানো হয়েছে, এইমুহূর্তে তাদের পক্ষে বিসিবির এই আবেদন মানা সম্ভব নয়। তবে এখনও তারা আলোচনার দরজা খোলা রাখছে। একইসঙ্গে বাংলাদেশের ওপরই সিদ্ধান্ত নেওয়া ছেড়ে রাখছে। এক সপ্তাহের মধ্যে কোনও সদর্থক পদক্ষেপ না দেখলে, আইসিসি তাদের চরম ও চুড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে।

আইসিসির প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা, ইন্টিগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রিউ এফগ্রেভ। সময়মতো ভিসা না পাওয়ায় বিসিবির সঙ্গে বৈঠকে সশরীরে হাজির থাকতে পারেননি গৌরব সাক্সেনা। তিনি ভার্চুয়ালি বৈঠকে হাজিরা দেন। অন্যদিকে, বিসিবির পক্ষে বৈঠকে প্রতিনিধিত্ব করেন সভাপতি মহম্মদ আমিনুল ইসলাম, সহ সভাপতি মহম্মদ শাখাওয়াত হোসেন, ফারুক আমেদ, ক্রিকেট অপারেশন কমিটি ডিরেক্টার অ্যান্ড চেয়ারম্যান নাজমুল আবেদিন, সিইও নিজামুদ্দিন চৌধুরি।

এই বৈঠকে বিসিবি প্রস্তাব দেয়, শ্রীলঙ্কায় আয়ারল্যান্ডের যে খেলাগুলি আছে, সেগুলি সরিয়ে ভারতে দেওয়া হোক। আর বাংলাদেশের ম্যাচ দেওয়া হোক শ্রীলঙ্কায়। আয়ারল্যান্ডের জায়গায়। কলম্বো ও পাল্লেকেলেতে আয়ারল্যান্ডের গ্রুপ লিগের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, জিম্বাবোয়ে। বিসিবির যুক্তি এতে বড় রকমের রদবদল করতে হবে না সূচীতে। ম্যাচের দিন একই থাকছে, শুধু প্রতিপক্ষের নাম বদলাচ্ছে। আর এই বদলের জন্য বাংলাদেশ বা আয়ারল্যান্ডের যাতায়াত, থাকাখাওয়ার জন্য খুব একটা বাড়তি খরচ বা সমস্যায় আইসিসিকে পড়তে হবে না। আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ড ও দল এক প্রেস রিলিজে জানিয়েছে, আইসিসি তাদের আশ্বস্ত করেছে, তাদের খেলা শ্রীলঙ্কার মাটি থেকে সরছে না, সূচীতেও কোনও বদল হচ্ছে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *