অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপ শুরুর ঠিক আগে দলের অন্যতম স্ট্রাইক বোলারের চোটে চিন্তা বাড়ল ভারতীয় শিবিরে। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের প্রথম ম্যাচে আমেরিকার বিরুদ্ধে মুখোমুখি হওয়ার ২ দিন আগে পেসার হরষিত রাণার ফিটনেস সমস্যা ভারতীয় দলের মাথা ব্যথার কারণ হবে কিনা সেটা সময়ই বলবে। তিনি ফিট না হলে, ভারতীয় টিম ম্যানেজমেন্টকে তাঁর বদলি বোলারের নাম ভাবতে হবে।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুধবারের প্রস্তুতি ম্যাচে মাত্র ওভার বল করেই হাঁটু চেপে ধরে মাঠ ছাড়েন হরষিত রাণা। বল করার সময় দু’বার দৌড় থামিয়েও দিয়েছিলেন তিনি। ওই একটি ওভারে ১৬ রান দিয়ে চোটের কারণে মাঠ থেকে বেরিয়ে যান তিনি। অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও তিলক ভার্মার পর ভারতীয় শিবিরে ফিটনেস সমস্যার শিকার হলেন হরষিত রাণা। তিলক ভার্মা অবশ্য ইতিমধ্যেই ফিট হয়ে দলে ফিরেছেন।
তিলক ভার্মা তাঁর ফিট হয়ে ওঠার প্রমাণ রেখেছেন প্রস্তুতি ম্যাচে ১৯ বলে ঝোড়ো ৪৫ রান করার সুবাদে। তবে ওয়াশিংটন সুন্দরের ফিটনেস নিয়ে এখনও সংশয় আছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ পাঁজরে চোট পান তিনি। ৮ ফেব্রুয়ারি আমেরিকার বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর খেলা নিয়ে এখনও কিছু নিশ্চিতভাবে বলতে পারেনি ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় দল ব্যাটে ও বলে সমান মুন্সিয়ান দেখিয়েছে। হাইস্কোরিং ম্যাচে ৩০ রানে দুরন্ত জয় তুলে নেয়। সেক্ষেত্রে আমেরিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে কোনও অঘটনের সম্ভাবনা কম। তাই হরষিত রাণা খেলতে না পারলে ভারতীয় দলের বোলিং শক্তি নির্ভর করবে মূলত যশপ্রীত বুমরা ও আরশদীপ সিংয়ের ওপর। সঙ্গে অলরাউন্ডের ভূমিকা পালন করা হার্দিক পান্ডিয়া, শিবম দুবেরা তো আছেনই। প্রস্তুতি ম্যাচে সবদিক বিবেচনা করেই ভারত ৯জন বোলারকে ব্যবহার করেছে। তিলক ভার্মা ও অভিষেক শর্মাও তিন ওভার বল করেছেন বোলিংয়ে বৈচিত্র আনতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
