অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার আটের পর্বের শুরুটা হল হতাশাজনক। শনিবার কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যে একটা উপভোগ্য লড়াই দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। পাকিস্তান অধিনায়ক সলমন আলি আগা টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু খেলায় বাদ সাধল অঝোর ধারার বৃষ্টি। টস করার সময় থেকে বৃষ্টি শুরু হয়। পরে তার তেজ বাড়ে। তার জেরে ক্রিকেটাররা মাঠে নামার সুযোগই পেলেন না। এক বলও খেলা সম্ভব হয়নি। ভেস্তে যাওয়া ম্যাচের ফলে প্রতিযোগিতার নিয়মানুযায়ী দু’দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করতে হল। দু’দলের ঝুলিতে এখন ১ পয়েন্ট।
পাকিস্তান ও নিউজিল্যান্ড গ্রুপ লিগ পর্বে তিনটি ম্যাচে জয় পেয়েছিল। একটিতে হারে। তাই সুপার আটের প্রথম ম্যাচ জিততে মুখিয়ে ছিল দু’দলই। এখন সেমিফাইনালে যাওয়ার আশা জিইয়ে রাখতে তাদের সুপার আটের বাকি দুই প্রতিপক্ষ ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। প্রথম ম্যাচে পয়েন্ট ভাগাভাগিতে কতটা ক্ষতি হল, সেটা বোঝা যাবে সুপার আটের লড়াই যত এগোবে। মঙ্গলবার পরের ম্যাচে পাল্লেকেলে স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি পাকিস্তান, আর বুধবার কলম্বোর মাঠে নিউজিল্যান্ডের সামনে শ্রীলঙ্কা। স্বাভাবিকভাবে এই ম্যাচের গুরুত্ব অনেক বেড়ে গেল সকলের কাছে।
সুপার আটের আর এক জমজমাট লড়াই অপেক্ষা করে আছে ভারত, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ের মধ্যে। সাংগঠনিক সুবিধার জন্য গ্রুপ চ্যাম্পিয়নদের এক জায়গায় রাখা হয়েছে। প্রাথমিক পর্বে সবচেয়ে বড় চমক জাগিয়ে সুপার আটে জায়গা করে নিয়েছে জিম্বাবোয়ে। টি২০ বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়ার ছিটকে যাওয়ার পিছনে বড় অবদান রয়েছে জিম্বাবোয়ের।
রবিবার পাল্লেকেলে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ইংল্যান্ড সুপার আটের ম্যাচে। এখানেও বৃষ্টির পূর্বাভাস আছে। তবে এখনও পর্যন্ত ম্যাচ ভেস্তে যাওয়ার মতো প্রবল বর্ষণের সম্ভাবনা কম। ম্যাচটা বৃষ্টি বিঘ্নিত হতে পারে। রবিবারই আমেদাবাদে দক্ষিণ আফ্রিকার মোকাবিলা করবে ভারতীয় ক্রিকেট দল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
