অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপের সুপার আটের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারে রীতিমতো ক্ষুব্ধ ভারতীয় দলের প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। তিনি এই বিশ্রি হারের জন্য ভারতীয় টিম ম্যানেজমেন্টের দল নির্বাচনের গলদকেই দায়ি করেছেন। তীব্র সমালোচনা করার সুরে অশ্বিন বলেছেন, দল নির্বাচনে দুটো ভুল দলের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচের ভারসাম্য নষ্ট করে দেয়।
নিজের ইউ টিউব চ্যানেলে অশ্বিনের প্রতিক্রিয়া, ‘ আমি মানছি, আইপিএলে খেলার সময় দলে ঘন ঘন পরিবর্তন জরুরি হয়ে পড়ে। কারণ তখন দল বদলের প্রয়োজন হয়, ১৪টি ম্যাচ খেলতে হয়। কিন্তু টি২০র মতো আইসিসি টুর্নামেন্টে যেখানে ম্যাচের সংখ্যা কম, সেখানে এই ধরনের পরীক্ষা নিরীক্ষা অমূলক। এতে হিতে বিপরীত হয়। যেমন হয়েছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। এই ধরনের টুর্নামেন্টে একটা দল খেলানোই ভাল। তাতে দলের বাঁধুনি ও ভারসাম্য বজায় থাকে। বাঁহাতি ব্যাটারদের বিরুদ্ধে ওয়াশিংটন সুন্দরকে খেলানো কথা ভাবা যেতেই পারে, কিন্তু সেটা এই মুহূর্তে অক্ষর প্যাটেলের বিকল্প হিসেবে নয়। কারণ টি২০ ফরম্যাটে অক্ষর কতটা কার্যকরী, সেটা আমরা সকলেই জানি।’
অশ্বিনের মতে, ‘ চাপের ম্যাচে অক্ষরের সাফল্য প্রশ্নাতীত। এর আগের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সামনে এমনই রান তাড়া করে জেতার লক্ষ্য ছিল। অক্ষর যখন ব্যাট করতে নেমেছিল, তখনও এমন চাপ ছিল। বিরাট কোহলির সঙ্গে জুটি বেঁধে অক্ষর ১৭০ রানের গন্ডি পেরিয়েছিল। মানছি বিরাট কোহলির অভিজ্ঞতা সঙ্গে ছিল, তাই বলে অক্ষরের অবদানকে খাটো করে দেখা যাবে না ওই প্রেসার সিচুয়েশনে। এখানেও সুপার আটের ম্যাচে অক্ষর থাকলে, হয়ত জয়ের কাছাকাছি রানে পৌঁছানো সম্ভব হত, হয়ত জয়ও এসে যেত।’
অশ্বিনের আরও একটি বড় প্রশ্ন, ব্যাটিং অর্ডারে রিংকুকে কেন ৮ নম্বরে পাঠানো হল? ম্যাচ তো তখন হাত থেকে বেরিয়ে গেছে। অশ্বিন বলেছেন, ‘ দলে ৮ জন ব্যাটার ছিল। সেখানে রিংকু সিংকে ৮ নম্বরে ব্যাট করতে হবে কেন? ওর এটা ব্যাট করতে নামার জায়গা নয়। ওয়াশিংটন সুন্দরের প্রতি কোনওরকম অশ্রদ্ধা না দেখিয়েই বলছি, ওকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ নম্বরে ব্যাটিং অর্ডারে তুলে এনে রিংকুর মতো ফিনিশারকে ৮ নম্বরে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্ত আমার মতে সঠিক মনে হয়নি। ওয়াশিংটনের ব্যাটিং স্কিল ভাল, কিন্তু যে ব্যাটিং অর্ডারে ওকে পাঠানো হয়েছিল, সেটা ওর জন্য স্বস্তির ছিল না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ব্যবধানের হারে ভারতীয় দলের একটা শিক্ষা হল। আশা করি, সেই শিক্ষা কাজে লাগিয়ে আগামী দুটো ম্যাচ জিতে সেমিফাইনালে ওঠার রাস্তা জিইয়ে রাখবে ভারতীয় দল।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
