অলস্পোর্ট ডেস্ক: অনেকেই নানা রকম স্বপ্ন থাকে। পাকিস্তানেরও আছে। আজ পর্যন্ত পাকিস্তান ফুটবল দল বিশ্বকাপের মূল পর্বে যোগ্যতার্জনের ন্যুনতম বাধাটুকু টপকাতে পারেনি। সেই তারাই এবার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ইচ্ছেপ্রকাশ করেছে। ম্যাচটা পাকিস্তান খেলতে চায় ২০২৬ বিশ্বকাপ শেষে কোনও একটা দিনে আর্জেন্টিনা রাজি হলে। ইতিমধ্যেই আর্জেন্টিনা ফুটবল দলের ম্যানেজমেন্টের কাছে ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে পাকিস্তান ফুটবল প্রশাসনের দায়িত্বে থাকা কর্তারা।
বুয়েনস আয়ার্সে অবস্থিত পাকিস্তান দূতাবাসের মাধ্যমে এই ম্যাচ খেলার ব্যাপারে আলোচনা শুরু হয়েছে আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের তরফে এই আলোচনায় তাদের দূত হাসান আফজল খান ও পাকিস্তান ফুটবল ফেডারেশনের সভাপতি সৈয়দ মগসিন গিলানি যেমন অংশ নিয়েছেন, তেমন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের হয়ে প্রতিনিধিত্ব করেছেন তাদের মার্কেটিং ডিরেক্টার ফ্রান্সিসকো লেম্মি।
প্রীতি ফুটবল ম্যাচ খেলার পাশাপাশি পাকিস্তান ফুটবলের তৃণমূল স্তর থেকে উন্নতি কীভাবে, তার জন্য আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সাহায্য চায় পাকিস্তান। তাদের প্রস্তাব, আর্জেন্টিনা ফুটবল সংস্থা তাদের দেশের কোচ পাকিস্তানে পাঠাক। এমন পরিকাঠামো গড়ে তুলুক, যার মাধ্যমে পাকিস্তানের প্রতিভা খুঁজে বের করে প্রশিক্ষণ দিয়ে উন্নতমানের ফুটবলার তৈরি করা সম্ভব হয়। এনিয়ে অবশ্য এখনই কোনও পাকা কথা মেলেনি।
এশিয়া মহাদেশে আর্জেনটিনা ফুটবল দল, বিশেষ করে ফুটবলের রাজপুত্র মেসিরকে কেন্দ্র করে উন্মাদনা প্রবল। সেটা ভারতের মাটিতে আগেও প্রমাণ মিলেছে। কলকাতায় যুবভারতীতে মেসি সহ আর্জেন্টিনা দলের সঙ্গে ভেনেজুয়েলার ম্যাচ, তার অন্যতম দৃষ্টান্ত। গতবছর ভারতের বিভিন্ন শহরে মেসির সফর ঘিরে উত্তেজনার পারদ আকাশ ছুঁয়েছিল। কলকাতার বিশৃঙ্খলা বাদ দিলে বাকি শহরে মেসি বন্দনা নজর কেড়েছে গোটা বিশ্বের। গত নভেম্বরে কেরলে একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল আর্জেন্টিনা ফুটবল দলের। আর্জেন্টিনা সেই ম্যাচ না খেলে অ্যাঙ্গোলার লুয়ান্ডায় গিয়ে খেলায় কেরল সরকার আর্জেন্টিনা ফুটবল অ্যাসেসিয়েশন ও টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ এনে আদালতে গেছে। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের দাবি, কেরল সরকার বা তাদের ফুটবল সংস্থা আর্জেন্টনার শর্তপূরণে ব্যর্থ হওয়ায় ওই ম্যাচ খেলেনি, অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছিল।
তাই যেখানে আন্তর্জাতিক স্তরে কোনও সাফল্য নেই, বিশ্বকাপের যোগ্যতার্জনকারী পর্বে একটা ম্যাচও এখনও পর্যন্ত জেতেনি, সেই পাকিস্তান ফুটবল দলের বিরুদ্ধে আর্জেন্টিনা রাজি হবে, বলা মুশকিল। অবশ্য যদি পাকিস্তান নিজেদের খেলা থেকে বিরত থেকে আর্জেন্টিনার সঙ্গে তাদের পছন্দের অন্য কোনও দলের মধ্যে খেলার আয়োজনের কথা ভাবে নিজেদের দেশে, তাহলে নিরাপত্তাজনিত সমস্যা না থাকলে, সেটা সম্ভব হতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
