Cart Total Items (0)

Cart

All Sports India

মুনাল চট্টোপাধ্যায়:‌ দু’‌বছর আগের কথা। প্যারিস অলিম্পিক্সে ভারোত্তলনের মঞ্চে ভারতের মীরাবাই চানুর এক চুলের জন্য পদক জয়ের স্বপ্নভঙ্গের সাক্ষী ছিলাম। চানুর বেদনাভরা মুখটা এতদিন চোখের সামনে ভাসত। সেদিনের কথা ভাবলেই মনটা খারাপ হয়ে যেত। ইভেন্ট শেষে মিক্সড জোনে এসে পদক হাতছাড়া হওয়ার আক্ষেপের কথা তুলে ধরলেও চানু সেদিন হতাশায় ভেঙে পড়েননি। বরং বলেছিলেন, দিনটা তাঁর ছিল না। হাল ছাড়বেন না। তিনি আবার নিজের সেরা ফর্মে ফিরবেন। পদক জিতবেন অদূর ভবিষ্যতেই। সে কথা রাখলেন ভারতীয় মহিলা ভারোত্তলক চানু। বলা ভাল দেখিয়ে দিলেন চ্যাম্পিয়নরা সহজে হার মানেন না। রবিবার গ্লাসগো কমনওয়েলথ গেমসে মহিলা ভারোত্তলনের ৪৮ কেজি বিভাগে স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে মোট ১৯০ কেজি রেকর্ড ওজন তুলে ভারতকে প্রথম সোনা এনে দিলেন মনিপুরের মেয়ে চানু। তাঁর এই সাফল্য প্যারিস অলিম্পিক্সের পদক না পাওয়ার মন খারাপটা মুছে গেল আমার মন থেকেও। সবচেয়ে বড় কথা, কমনওয়েলথ গেমসে চানুর এই সোনা জয় নতুন করে ২০২৮ লস এঞ্জেলসে পদক প্রাপ্তির স্বপ্ন ও সম্ভাবনা নতুন করে জাগিয়ে তুলল ভারতবাসীদের মাঝে।

এই সাফল্য প্রাপ্তির সুবাদে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের হ্যাটট্রিক করে ফেললেন ৩১ বছর বয়সী চানু। স্ন্যাচে ৮৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি তুলে নতুন গেমস রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা ভারোত্তলক। ১০ জন প্রতিযোগীর মধ্যে শুরুতেই ভারতীয় দলের কোচ বিজয় শর্মা ৮২ কেজি ওজনের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন চানুর জন্য। সেটা ছিল গেমসের রেকর্ড ওজনের লক্ষ্যমাত্রা। তবে চানু প্রথম প্রচেষ্টায় সেই ওজন তুলতে পারেননি। কিন্তু দ্বিতীয় প্রচেষ্টায় সেই ওজন অনায়াসে তুলে ফেললেন। তাঁর হাসিমুখ বলে দিচ্ছিল, তিনি আরও এগোবেন। সেটাই হল। তৃতীয় প্রচেষ্টায় ৮৫ কেজি ওজন তুলে নতুন গেমস রেকর্ড গড়েন চানু। তাঁর আগে রবিবারই ভারতের ঋষিকান্ত সিং পুরুষ ভারোত্তলন বিভাগে রুপো জিতেছিলেন

২০১৪ সালে এই গ্লাসগোতেই প্রথমবার কমনওয়েলথ গেমসে রুপো জিতেছিলেন চানু। ২০১৮ সালে গোল্ডকোস্টে সোনা জিতে পদকের রংয়ে বদল আনেন তিনি। ২০২২ বার্মিংহামেও সোনা জিতে নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছিলেন। এবার ২০২৬য়ে গ্লাসগোতে সোনা জয়ের হ্যাটট্রিকটাও সেরে ফেললেন চানু। ২০২১য়ে টোকিও অলিম্পিক্সে মহিলা ভারোত্তলনে রুপো জিতে নজির গড়েছিলেন তিনি।

স্ন্যাচে রেকর্ড গড়ার পর চানুর শরীরি ভাষায় আত্মবিশ্বাস ঝরে পড়ছিল। ক্লিন অ্যান্ড জার্কে প্রথম প্রচেষ্টায় রেকর্ড ১০৫ কেজি তুলতে গিয়ে ব্যর্থ হলেও চানু বা তাঁর কোচ বিজয়ের মুখে কোনও উদ্বেগের ছাপ ছিল না। চাপমুক্ত মেজাজে অনায়াস ভঙ্গিতে দ্বিতীয় প্রচেষ্টায় ১০৫ কেজি ওজন তুলে সোনা জয় নিশ্চিত করে ফেলেন ভারতীয় মহিলা ভারোত্তলক। আর তৃতীয় প্রচেষ্টা নিয়ে ওজন বাড়ানোর প্রয়োজন বোধ করেননি চানু বা তাঁর কোচ। নাইজেরিয়ার রুথ আসুকুয়ো নিয়ং রুপো ও মালয়েশিয়ার ইরেন জেন হেনরি ব্রোঞ্জ পদক পেয়েছেন।

সোনা জয়ের জন্য এক্স হ্যান্ডেলে মীরাবাই চানুকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মীরাবাই চানু। তিনি লিখেছেন, ‘‌ ভারতীয় ভারোত্তননে এটা আর একটা গৌরবজনক অধ্যায়। মহিলা ভারোত্তনে ৪৮ কেজি বিভাগে সোনা জিতে মীরাবাই চানু নিজের দক্ষতার নিদর্শন রেখেছেন। কমনওয়েলথ গেমসে মীরাবাই চানুর সোনা জয়ের হ্যাটট্রিক ও সবমিলিয়ে চারটি পদক জয় সমগ্র ভারতবাসীর জন্য এক বিশেষ প্রেরণা। অভিনন্দন চানুকে। ভবিষ্যতের জন্য শুভেচ্ছাও।’‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *