অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় হকি দল এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ লিগের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৮-০ গোলে উড়িয়ে দিয়ে অলউইন রেকর্ড অক্ষুন্ন রেখেছিল। বুধবার মোহালির অলিম্পিয়ান বলবীর সিং সিনিয়ার ইন্টারন্যাশানল হকি স্টেডিয়ামের টার্ফে সেই দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে সেমিফাইনালে মুখোমুখি হবেন হরমনপ্রীতরা।
ভারতীয় দল লিগ পর্ব শেষ করেছে ৫ ম্যাচের সবকটিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে। ৩৪ গোল করেছে, হজম করেছে মাত্র ৫। এখন ভারতীয় দলের সামনে সোমফাইনালে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ষষ্ঠবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেতাব জয়ের লক্ষ্য। এর আগে ২০১১, ২০১৬, ২০১৮( পাকিস্তানের সঙ্গে যুগ্মজয়ী), ২০২৩ ও ২০২৪য়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
তিনদিনের মধ্যে দ্বিতীয়বার একই টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে ভারত ও কোরিয়া। শুধু যে চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোরিয়াকে বড় ব্যবধানে হারিয়েছে ভারত এমন নয়, ২০২৬ আইচি-নাগোয়া এশিয়ান গেমসেও কোরিয়াকে ৮-২ গোলে হারিয়েছিলেন হরমনপ্রীতরা সোনা জয়ের পথে। এশিয়ান গেমসে সোনা জয় ভারতীয় হকি দলকে সরাসরি ২০২৮ লস এঞ্জেলস অলিম্পিক্সে অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে।
গ্রুপ পর্বে কোরিয়াকে ৮-০ গোলে হারালেও সেমিফাইনালে তাদের হাল্কাভাবে নিচ্ছেন না হরমনপ্রীতরা। ভারতীয় দলের কোচ ক্রেগ ফুলটন দলের খেলোয়াড়দর সতর্ক করেছেন সেমিফাইনালের আগে, যাতে কোনও আত্মতুষ্টি ভর না করে। তাঁর মতে, ‘ সেমিফাইনালের লড়াই সম্পূর্ণ নতুন ও ভিন্ন। একটা অন্য ধরনের চাপ থাকবে। আমাদের শুরুটা ভাল করতে হবে, সেটাই সাফল্যের চাবিকাঠি হবে।’
লিগ পর্বে হরমনপ্রীতের স্টিক থেকে এসেছে ৯ গোল। আর এক ড্র্যাগ ফ্লিকার যুগরাজ করেছেন ৩ গোল। দুই ফরোয়ার্ড সুখজিত সিং ও দিলপ্রীত সিং করেছেন ৪টি করে গোল। অভিষেক করেছেন ৩ গোল। যদিও তিনি কোরিয়া ম্যাচে খেলেননি চোটের কারণে। এঁদের দুরন্ত ফর্মের ওপরই কোরিয়া ম্যাচে ভারতীয় দলের জয় নির্ভর করছে।
অন্য সেমিফাইনালে জাপান মুখোমুখি হবে মালয়েশিয়ার। পঞ্চম ও ষষ্ঠ স্থানের লড়াইয়ে বাংলাদেশের বিরুদ্ধে লড়বে চীন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
