অলস্পোর্ট ডেস্ক: যতটা সহজে আইএফএ নির্বাচন সেরে ফেলা যাবে বলে মনে হয়েছিল, তা সম্ভব হচ্ছে না। স্পেশাল জেনারেল বডি মিটিং ডেকে জাতীয় ক্রীড়ানীতি মেনে সংবিধান সংশোধনের মাধ্যমে আইএফএর কার্যকরী কমিটি গঠনের জন্য আইএফএ নির্বাচনের দিন ধার্য করেছিল ১৪ নভেম্বর। কিন্তু সেই নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আইএফএর অনুমোদিত সংস্থা চাঁদনী স্পোর্টিং ক্লাব বেশ কিছু প্রশ্ন তোলায় আইএফএর নির্বাচন আপাতত স্থগিত হয়ে গেছে। নিয়মের বেড়াজালে আইএফএর নির্বাচন এখন আর কোনওমতেই ১৪ নভেম্বর হওয়া সম্ভব নয়।
এমনিতেই জাতীয় ক্রীড়ানীতি মেনে সমস্ত রাজ্য ক্রীড়াসংস্থার নির্বাচন সেরে ফেলার কথা ছিল ৪ নভেম্বর। কিন্তু আইএফএ আগেই ভারতীয় ফুটবল ফেডারেশনের কাছে জানিয়েছিল ৪ নভেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব নয়। তাদের যেন নির্বাচন করার অনুমতি দেওয়া হয় নতুন তারিখে, ১৪ নভেম্বরকে মাথায় রেখে। সেই অনুমতি এখনও আসেনি। এর ফলে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার অধিকার হারাবে আইএফএ। এটাই নির্বাচনী নিয়ম। এমনকি ফেডারেশনের কার্যকরী কমিটিতে আইএফএর কোনও প্রতিনিধি থাকবে না। সেই অধিকার পেতে হলে আইনি পরামর্শ নিতে হবে আইএফএকে। একইসঙ্গে রিটার্নিং অফিসারের সঙ্গে কথাও বলতে হবে, এই সমস্যার সমাধানে।
তার মাঝেই চাঁদনী স্পোর্টিং ক্লাব একটি চিঠি দিয়েছে আইএফএ সচিব অনির্বান দত্তকে। তাতেই আইএফএর নির্বাচন ঘিরে তৈরি হয়েছে নতুন জট। তারা লিখেছে, নির্বাচনী প্রক্রিয়া মেনে নির্বাচনের দিন ঘোষণা করার ৬০ দিন আগে নির্বাচনী আধিকারিকের নাম ঘোষণা করা উচিত ছিল। নির্বাচনী আধিকারিকের নিয়োগ জরুরি ছিল বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ার আগে। সেটা করা হয়নি। কারণ বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়ে গিয়েছিল ৪ মাস আগে। সেখানে নির্বাচনী আধিকারিকের নাম ঘোষণা করা হয়েছে মাত্র ২ দিন আগে। চাঁদনী এছাড়াও বলেছে, আইএফএ অনুমোদিত সংস্থা যাদের ভোটদানের অধিকার আছে, তাদের তালিকা আইএফএ ওয়েবসাইটে যেন তোলা হয়। পরে ঠিক হবে, সেই সংস্থা থেকে কোন প্রতিনিধি ভোট দেবেন নির্বাচনে।
আইএফএ সচিব অনির্বান দত্ত অবশ্য সংস্থার ওয়েবসাইটে ৩০৯ টি অনুমোদিত সংস্থার নাম তুলে দিয়েছেন আগেই। তবে এইমুহূর্তে নির্বাচনী প্রক্রিয়ার নিয়মের নির্ঘন্ট নিয়ে চাঁদনী স্পোর্টিংয়ের চিঠিতে আইএফএর নির্বাচন কোনওমতেই ১৪ নভেম্বর হচ্ছে না। আরও পেছাবে। নতুন দিন কবে হবে, তা ঠিক হবে আইএফএ নিযুক্ত নির্বাচনী আধিকারিক দেবাশিস সেনের পরামর্শে। তিনি আইএফএকে জানিয়েছেন, আইএফএর নির্বাচন পিছিয়ে যাওয়ায়, ফেডারেশন নির্বাচনে আইএফএর প্রতিনিধি ভোট দিতে পারবেন কিনা, তা নিয়ে আইনি পরামর্শ নিতে।
আইএফএর নয়া গঠনতন্ত্রে সচিবের আর কোনও ক্ষমতা থাকছে না। সচিব হবেন বেতনভুক কর্মচারী। সর্বোচ ক্ষমতার অধিকারী হবেন সভাপতি। নতুন সভাপতি হিসেবে অনির্বান দত্তর নির্বাচন নিশ্চিত ছিল বলেই মনে হয়েছিল। এখনও সেই পরিস্থিতির কোনও বদল ঘটেনি। অনির্বান দত্তর পছন্দের প্যানেল নির্বাচনে জয়ী হয়ে আইএফএ পরিচালনা করবেন এমনটাই বাজারের খবর। কিন্তু রাজ্যে রাজনৈতিক ক্ষমতা বদলের পর অনেক কিছুই ঘটছে। আইএফএতে তার কোনও প্রভাব হঠাৎ করে ফেললে অনেক অঙ্কই ওলট পালট হতে পারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
